আগের দুই সরকার হামের টিকা আমদানি করেনি, কিটের স্বল্পতাও আছে: প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১৭: ৪০
জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সালাহ উদ্দিনের সম্পূরক প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

আগের ‘স্বৈরাচারী সরকার’ এবং পরে অন্তর্বর্তী সরকারের সময় বিদেশ থেকে হামের টিকা আমদানি করা হয়নি বলে সংসদে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, হাম পরীক্ষার কিটের স্বল্পতাও আছে। তবে কিছু কিট ইতোমধ্যে এসেছে, আর কাস্টমসে থাকা কিট দ্রুত ছাড় করানোর ব্যবস্থা করা হচ্ছে।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সালাহ উদ্দিনের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সংসদে আজ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়েছে।

সম্পূরক প্রশ্নে সালাহ উদ্দিন বলেন, দেশের চিকিৎসা খাতে এটি এখন একটি ‘ক্রুশিয়াল কোশ্চেন’। চট্টগ্রামে দেশের একমাত্র সংক্রামক রোগের চিকিৎসাকেন্দ্র ও বিশেষায়িত ইনস্টিটিউটসহ অধিকাংশ প্রতিষ্ঠানে হাম শনাক্তকরণের ব্যবস্থা বন্ধ রয়েছে। তিনি বলেন, এ কারণে হাম শনাক্ত করতে বিভিন্ন ইনস্টিটিউট ও চিকিৎসাকেন্দ্র থেকে নমুনা ঢাকার পাবলিক হেলথ সেন্টারের ন্যাশনাল পোলিও অ্যান্ড রুবেলা ল্যাবরেটরিতে পাঠাতে হচ্ছে। এতে টিকা পাওয়ার পরও রোগ শনাক্তে রোগীদের অপেক্ষা করতে হচ্ছে।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, আসলে এটি একটি খুব দুঃখজনক ঘটনা। আগের দুই সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দুঃখজনক ব্যাপার হলো, সেই স্বৈরাচারের সময় এবং আরও দুঃখজনক ব্যাপার হলো, আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিলাম দেশে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করার জন্য, দুঃখজনকভাবে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা আমদানি করা হয়নি।’

সমস্যা দেখা দেওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ইউনিসেফ আমাদের, বাংলাদেশকে, অনেক হেল্প করেছে এই ব্যাপারে। হামের ভ্যাকসিন খুব দ্রুততার সঙ্গে তারা পাঠিয়েছে। যার ফলে আমরা ওষুধগুলো পেয়েছি এবং প্রায় ২ কোটি শিশুকে এই হামের ভ্যাকসিন আমরা দেব।’

হাম পরীক্ষার কিটের স্বল্পতার কথাও স্বীকার করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মাননীয় সংসদ সদস্য, আপনি যে প্রশ্নটি করেছেন, টেস্ট করার যে কিটটি, সেটির স্বল্পতা রয়েছে, সঠিক। এটির ব্যাপারেও সরকার কাজ করছে।’ একটি কিটে কতটি পরীক্ষা করা সম্ভব, সে বিষয়ে কিছুটা অনিশ্চয়তার কথাও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘এরই মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে। খুব সম্ভবত একটি কিট দিয়ে বোধহয় তিনটি শিশুকে টেস্ট করা সম্ভব। তিনটি টেস্ট করা যায়, একটি কিটে।’ কিছু কিট এখনো কাস্টমসে আটকে আছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘কিছু কিট এই মুহূর্তে খুব সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে। সেগুলো আমরা দ্রুত ছাড় করানোর ব্যবস্থা, ইনশাআল্লাহ, করছি।’

হামে শিশুমৃত্যুর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘দুঃখজনক। অনেকগুলো শিশুর প্রাণ ঝরে গিয়েছে, আমাদের মাঝ থেকে চলে গিয়েছে।’ তবে পরিস্থিতি সামাল দিতে সরকার ব্যবস্থা নিয়েছে বলেও তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘সামনে আমরা চেষ্টা করছি, যাতে আমরা এই পুরো সিচুয়েশনকে ম্যানেজ করতে পারি। সে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।’

এ ছাড়া ‘ফ্যাসিস্ট’ আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় চিফ হুইপ নুরুল ইসলামের এ সংক্রান্ত একটি দাবির পরিপ্রেক্ষিতে সংসদ নেতা এ প্রতিশ্রুতি দেন।

এর আগে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর শেষ হওয়ার পরপরই ফ্লোর নিয়ে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে সার সরবরাহের যে ডিলার নিয়োগ করা হয়েছে তারা এখনো বহাল তবিয়তে আছে। ওই ডিলাররা সার উত্তোলন করছেন না। তারা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছেন। সংসদের পক্ষ থেকে আমি সংসদ নেতা প্রধানমন্ত্রীকে অনুরোধ করব সেই ডিলার বাতিল করে নতুন করে ডিলার নিয়োগের। যাতে ফ্যাসিস্টরা বিতাড়িত হয়। কৃষকরা ন্যায্য মূল্যে সার পায়।’

চিফ হুইপের এই বক্তব্যের সময় সব সংসদ সদস্য টেবিলে চাপড়ে সমর্থন জানান। জবাবে প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান বলেন, ‘পুরো সংসদ বিষয়টিতে স্বাগত জানিয়েছে। পুরো সংসদের সম্মতি থাকলে সরকার শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

৬ ঘণ্টা আগে

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সেখান থেকে চীনে

বিএনপি সরকার গঠন করার চার মাস পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রোববার মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর। সেখান থেকে তিনি যাবেন চীনে। চীন সফর শেষে আগামী ২৬ জুন ঢাকায় ফিরবেন তিনি।

৭ ঘণ্টা আগে

পাঞ্জাব বিশ্ববিদ্যালয় সফরে বাংলাদেশের উপাচার্যদের প্রতিনিধিদল

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (পিইউ) সফর করেছে। গত মঙ্গলবার উপাচার্য কার্যালয়ের কমিটি রুমে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কম

৮ ঘণ্টা আগে

বেনজীরকে ফেরাতে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে আরব আমিরাতে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে আটকের পরই ১৪৪ পৃষ্ঠার মামলার নথি আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই বেনজীর আহমেদকে দেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

৮ ঘণ্টা আগে