জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৪০
জুলাই সনদ

জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। এতে জুলাই জাতীয় সনদ সংবিধান ও আরপিও’র সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে তা বাতিল চাওয়া হয়েছে।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন। আগামী সপ্তাহে হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হবে বলে জানিয়েছেন তিনি।

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে প্রথমে ছয়টি ও পরে পাঁচটি খাতের জন্য সংস্কার কমিশন গঠন করে। পরে এসব সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আনতে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এর চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ। এ কমিশন ৩০টিরও বেশি রাজনৈতিক দলকে নিয়ে প্রায় আট মাস বৈঠক করে রাষ্ট্র সংস্কারের ৮৪ দফা সম্বলিত জুলাই সনদ প্রণয়ন করে।

জুলাই সনদের বিভিন্ন সুপারিশে বিভিন্ন দলের আপত্তিগুলো 'নোট অব ডিসেন্ট' আকারে উল্লেখ রয়েছে। বলা হয়েছে, কোনো দল নির্বাচনে জিতলে এসব সুপারিশ তাদের নির্বাচনি ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন করতে পারবে। তবে জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এতে সই করেনি। নির্বাচনের পর শপথের আগের দিন দলটি এই সনদে সই করে।

পরে জুলাই সনদ বাস্তবায়নে জুলাই আদেশ জারি করেন রাষ্ট্রপতি। তাতে বলা হয়, জুলাই সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত বিধানগুলো সংশোধনের জন্য গণভোট, আয়োজন করা হবে। গণভোটে 'হ্যাঁ', তথা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় এলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করা হবে। তারা ১৮০ দিনের মধ্যে জুলাই সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত সুপারিশগুলো বাস্তবায়ন করবে।

এদিকে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা থাকলে এ ধরনের আদেশ জারির ক্ষমতা সংবিধানে নেই বলে ওই আদেশ নিয়ে আপত্তি জানিয়েছিল বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল। আদেশে জুলাই সনদের ‘নোট অব ডিসেন্ট’ রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহার অনুযায়ী বাস্তবায়নের বিষয়েও উল্লেখ করা হয়নি।

এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়নের গণভোটে ‘হ্যাঁ’ জয় পেয়েছে। তবে জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। দলটি বলছে, এ ধরনের কোনো পরিষদের বিধান সংবিধানে নেই। এ পরিষদের সদস্যরা কার কাছে শপথ নেবেন, সেটিও স্পষ্ট নয়। ফলে সংসদ বসলে এই পরিষদ সংবিধানে যুক্ত করে তারপর তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন।

বিএনপির এমন অবস্থানের কারণে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নবনির্বাচিতরা সংসদ সদস্য হিসেবেই শপথ নিতে বেঁকে বসেন। পরে অবশ্য তারা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

আইন ও সংবিধান বিশেষজ্ঞদের অনেকেও সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে বিএনপির অবস্থানের সঙ্গে একমত। তারা বলছেন, যেহেতু এখন নতুন সংসদ যাত্রা শুরু করবে, ফলে এই সংসদ সংবিধান সংশোধন করে সংবিধান সংস্কার পরিষদের বিধান যুক্ত করলে তারপর এই পরিষদের কার্যক্রম আইনানুগ হবে।

তবে বিরোধী দলসহ জুলাই অভ্যুত্থানের নেতাসহ সমর্থকরা বিএনপির কঠোর সমালোচনা করেছেন। তারা বলছেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই অভ্যুত্থান ও সংস্কারের আকাঙ্ক্ষার সঙ্গে ‘গাদ্দারি’ করেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জীববৈচিত্র্য রক্ষায় সুন্দরবনে প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা

বন কর্মকর্তারা জানান, পর্যটক ও বনজীবীদের নৌযান চলাচলের কারণে বন্য প্রাণীর স্বাভাবিক বিচরণ ও প্রজনন ব্যাহত হয়। তিন মাস বনকে নিরবচ্ছিন্ন পরিবেশ দেয়া গেলে মাছ, গাছপালা ও বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি পাবে এবং সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য আরও সমৃদ্ধ হবে।

১৭ ঘণ্টা আগে

ডেঙ্গু মোকাবিলায় সরকার সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনও প্রতিদিন দু-একজন করে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। যেহেতু এই সময়ে ডেঙ্গু দেখা দেয়, এজন্য কালক্ষেপণ না করে তা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি আমরা।

১৭ ঘণ্টা আগে

তোফায়েল আহমেদ আর নেই

তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন। ৬৯-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে দেশজুড়ে পরিচিতি পান তিনি।

১৮ ঘণ্টা আগে

জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ সরকারের একমাত্র কাজ নয়, লক্ষ্য সুশাসন: তথ্যমন্ত্রী

স্বস্তির ঈদ শেষে জ্বালানি তেলের দাম বৃদ্ধি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে কি না, জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘জ্বালানি সংকট যেদিন থেকে শুরু হয়েছিল সেদিন থেকেই যারা আমদানিনির্ভর দেশ তারা কিন্তু আন্তর্জাতিক সংকটের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে দাম বাড়িয়ে বাড়িয়ে চলছে। নিশ্চয়ই এ তথ্য আপনাদের জানা আছ

২০ ঘণ্টা আগে