স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১১: ৩৫
মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে 'নিষ্ক্রিয়তা'-এর অভিযোগ এনে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের কাছে তিনি এই দাবি জানান।

ফাহিম ফারুকী অভিযোগ করেন, ওসমান হাদির ওপর আক্রমণটি নির্বাচনকে বানচাল করার সুপরিকল্পিত ষড়যন্ত্র। তার মতে, এই হামলার মাধ্যমে আওয়ামী লীগ বার্তা দিয়েছে যে, নির্বাচন হলে তাদের অস্তিত্ব বিলীন হবে, তাই তারা নির্বাচন বন্ধের লক্ষ্যে কাজ করছে।

ফাহিম আরও বলেন, আমাদের পুলিশ প্রশাসন অকার্যকর। স্বরাষ্ট্র উপদেষ্টার যে নিষ্ক্রিয়তা, এর জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি এবং দ্রুততম সময়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আগামী ৬ ঘণ্টার মধ্যে যদি হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করবো। উপদেষ্টাকে পদ থেকে নামিয়ে আমরা ঘরে ফিরবো।

গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগরে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সন্ধ্যার পর নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে এনসিপির বিক্ষোভ

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার রাতে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে থেকে এই মিছিল শুরু হয়। শাহবাগে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়।

বিক্ষোভ মিছিল থেকে দলটির নেতা-কর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। এনসিপির যুব শাখা জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম বলেন, ‘আমরা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। তার মুখে মিষ্টি মিষ্টি কথা আমরা শুনতে চাই না। তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।’

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, দেশের প্রশাসনে, মিডিয়ায়, ব্যবসা-বাণিজ্যে, বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের দোসর এবং সহযোগীরা রয়েছে। তারা এদের (হাদির মতো নেতাদের) হত্যার মত উৎপাদন করছে। আর যদি কোনো এ রকম হত্যার চেষ্টা করা হয়, তাহলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্পত্তি জাতীয়ভাবে বাজেয়াপ্ত করতে হবে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেল বলেন, হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে দেয়, বাংলাদেশে এখনো জুলাইয়ের শত্রুরা, সংস্কারের শত্রুরা, ন্যায়বিচারের শত্রুরা সজাগ আছে। দেশে আবারও ওয়ান-ইলেভেন তৈরির পাঁয়তারা চলছে। আধিপত্যবাদবিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, জাতীয় যুবশক্তির সদস্যসচিব ডা. জাহিদুল ইসলাম, জাতীয় শ্রমিকশক্তির সদস্যসচিব ঋআজ মোর্শেদ প্রমুখ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০

বিপিসি আশ্বস্ত করেছে যে, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত আমদানি কার্যক্রম সচল রয়েছে এবং খুব দ্রুতই পর্যাপ্ত বাফার স্টক গড়ে তোলা হবে। একইসঙ্গে সংকটের অজুহাতে অতিরিক্ত মূল্য আদায়কারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি।

১৩ ঘণ্টা আগে

উবারের ফাঁদে কুবি শিক্ষককে অপহরণ করে লাখ টাকা লুট

কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে অপহরণের শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল। দুর্বৃত্তরা তাকে জোর করে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে নগদ টাকা, ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ থেকে প্রায় এক লাখ টাকা লুট করে পরে ছেড়ে দেয়।

১৩ ঘণ্টা আগে

আন্তর্জাতিক নারী দিবস পালনে সব ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

দিবসটি উপলক্ষে সরকারের নির্ধারিত প্রতিপাদ্য—‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—ব্যাংকিং খাতের প্রতিটি কর্মসূচিতে তুলে ধরতে বলা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন আরও ১৬৫ বাংলাদেশি

বিমানবন্দরে তাদের প্রাথমিক চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি, পাচারের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে তাদের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা সবার সঙ্গে বিনিময় করার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

১৪ ঘণ্টা আগে