পিঠা উৎসবে কেউ আমন্ত্রিত ছিলেন না: হাবিবুল্লাহ বাহার কলেজ কর্তৃপক্ষ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘ডিম হামলা’র ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে হাবিবুল্লাহ বাহার কলেজ কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে উপস্থিত হয়ে ‘ডিম হামলা’র শিকার হয়েছেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানিয়েছিলেন, আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি ওই উৎসবে যোগ দিয়েছেন। তবে কলেজ কর্তৃপক্ষ জানাচ্ছে, এ উৎসব ছিল শিক্ষার্থীদের জন্য এবং সেখানে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনার প্রেক্ষাপটে এক সংবাদ সম্মেলনে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম বলেন, অনুষ্ঠানে কেউই আমন্ত্রিত ছিলেন না। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচনি প্রচারও চালাতে পারেন না।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই কলেজে পিঠা উৎসবে যোগ দিতে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি সেখানে সেখানে পৌঁছালে কিছু তরুণ তার উদ্দেশে স্লোগান দেয়। সেখানে ধাক্কাধাক্কিও হয়। একপর্যায়ে পাটওয়ারীর দিকে ডিম ছোড়া হয়, শারীরিক আক্রমণেরও অভিযোগ পাওয়া যায়।

অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম বলেন, অনুষ্ঠান ঠিকভাবেই চলছিল। কিন্তু হঠাৎ করেই এই নির্বাচনি এলাকার প্রার্থী দলবলসহ এখানে অনুপ্রবেশ করেন। তখন বিশৃঙ্খলা তৈরি হয়। এতে আমাদের মঞ্চের ক্ষতি হয়। সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।

তিনি আরও বলেন, যেকোনো প্রার্থী যদি পিঠা উৎসব চলাকালে আসতে চান, কুশল বিনিময় করতে চান, সেটি কলেজের প্রিন্সিপ্যালকে যদি অবহিত করতেন তাহলে বিশ্বাস করি যে উনি নিজেই ব্যবস্থা নিতেন।

এ সময় কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) ইমরুল কায়েস বলেন, আমরা স্টল পরিদর্শন করছিলাম। হঠাৎ দেখি গেটে প্রচণ্ড ভিড়। অনেকগুলো লোক ক্যামেরাম্যান নিয়ে একসঙ্গে ঢোকার চেষ্টা করছে। তখন দেখি ঢাকা-৮ আসনের প্রার্থী, যার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই বা উনি আসবেন বলেও আমাকে অবহিত করেননি, উনি এসেছেন। উনি আসবেন জানলে আমরা নিশ্চয়ই আগে থেকে ব্যবস্থা নিতাম।

এদিকে জুনাইদ আলম ও মুন্নী আক্তার জারাসহ হাবিবুল্লাহ বাহার কলেজের কয়েকজন শিক্ষার্থীও এ দিন সংবাদ সম্মেলন করেন। তারাও সংবাদ সম্মেলনে বলেন, পিঠা উৎসব ছিল একান্তই শিক্ষার্থীদের জন্য একটি আয়োজন। এ আয়োজনে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।

সংবাদ সম্মেলনে নিজেদের সাধারণ শিক্ষার্থী পরিচয় দিয়ে তারা ‘ডিম হামলা’র ঘটনায় এনসিপি ও জামায়াত-শিবিরকেই দায়ী করেছেন। তারা বলছেন, তারা পিঠা উৎসবে বাড়ি থেকে পিঠা বানিয়ে এনে কলেজে স্টলে রেখেছেন। তাদের কারও কাছে ডিম থাকার কোনো সুযোগ ছিল না। নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার অনুসারীরা নিজেরাই ডিম সঙ্গে এনে ‘ডিম হামলা’র ঘটনা ঘটিয়েছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘ডিম হামলা’র পরপরই এ ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেন। পরে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ঢাকা-৮ আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অনুসারীরাই তার ওপর হামলা করেছেন। এ ঘটনায় মির্জা আব্বাসের বহিষ্কারও দাবি করেছেন তিনি।

একই সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে এবং মির্জা আব্বাসের নির্দেশে ছাত্রদলের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফোনালাপে গ্যাস সংকটে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

আনোয়ার ইব্রাহিম তার ফেসবুক পোস্টে বলেন, ‘আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এ সময় পারস্পরিক স্বার্থে মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।’

৭ ঘণ্টা আগে

সংসদ ভবনে গণপূর্ত কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ভারপ্রাপ্ত স্পিকার আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

৮ ঘণ্টা আগে

বাংলাদেশের কাছে টনপ্রতি ১০ ডলার কমে ইউরিয়া সার বিক্রির আগ্রহ রাশিয়ার

বাংলাদেশের কাছে অন্যান্য দেশ থেকে আমদানি করা ইউরিয়া সারের তুলনায় প্রতি মেট্রিক টন ১০ ডলার কম দামে বিক্রির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। দেশটি সরকারি পর্যায়ে (জিটুজি) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাছে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহে আগ্রহের কথা জানিয়েছে।

৮ ঘণ্টা আগে

আম্মার ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষার্থী মারধরের অভিযোগ, তদন্তে রাবি প্রশাসন

সোমবার রাতেই প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকালে কমিটির সদস্যরা কেন্দ্রীয় লাইব্রেরি ও রাকসু ভবন পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।

১০ ঘণ্টা আগে