বুয়েটসহ ১১ বিশ্ববিদ্যালয় পেল নতুন উপাচার্য

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ মে ২০২৬, ২১: ৩২
শিক্ষা মন্ত্রণালয়।

‎‎বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (ডুয়েট) দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ও, যেখানে কদিন ধরেই উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা।

বৃহস্পতিবার (১৪ মে) এসব উপাচার্য নিয়োগের পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

প্রজ্ঞাপন অনুযাী, বুয়েটের ১৬তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. একরামুল হক। তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন। ড. একরামুল বর্তমানে শিক্ষকতার পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে ‎ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) কেন্দ্রীয় এই সহসভাপতি ইবি সাদা দলেরও আহ্বায়ক।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপাচার্য হিসেবে সরকার নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. এম এম শরীফুল করিমকে। তিনিও ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।

‎বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। তিনি এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার। এ বিশ্ববিদ্যালয়ে সদ্যসাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরে শিক্ষকদের আন্দোলন ও এর জের ধরে অচলাবস্থা চলছিল। নতুন উপাচার্য নিয়োগের পর আন্দোলন স্থগিত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে। তিনি সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। তিনি এর আগে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের দায়িত্ব পালন করেছেন।

‎‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক ড. গোলাম রব্বানীকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের (আইএসডব্লিউআর) অধ্যাপক হিসেবে নিযুক্ত আছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য হিসেবে নিয়োজিত রয়েছেন।

‎‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে সরকার নিয়োগ দিয়েছে অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীমকে। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের (এসএআরডি) অধ্যাপক ও ট্রেজারার হিসেবে কর্মরত।

এ ছাড়া জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও (জাবিপ্রবি) পেয়েছেন নতুন উপাচার্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার। আর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়োগের সে প্রজ্ঞাপন জারির পরপরই তা বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

‎‎উপাচার্যদের নিয়োগের প্রজ্ঞাপনগুলোতে নিয়োগের শর্তে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত যেটি আগে ঘটবে, নবনিযুক্ত ব্যক্তিরা সে পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্তে আরও বলা হয়েছে, দায়িত্ব পালনের সময় নবনিযুক্ত উপাচার্যরা তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিকভাবে অবস্থান করতে হবে।

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিতরা পদতাগ করেন। পরে অন্তর্বর্তী সরকার ৫৬টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয়।

পরে বিএনপি সরকার ক্ষমতায় এসে মার্চেই ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য নিয়োগ দেয়। পরে আরও কিছু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছিল। এবার নিয়োগ দেওয়া হলো একবারে ১০ জনকে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

সকাল থেকেই ছিল বরেণ্য এই অধ্যাপককে শেষ শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা। প্রথমে বাংলা একাডেমি প্রাঙ্গণে সহকর্মী, শিক্ষার্থী, লেখক, সাহিত্যিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানেই অনুষ্ঠিত হয় প্রথম জানাজা।

১৭ ঘণ্টা আগে

টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং

জেলা প্রশাসন জানিয়েছে, আকবরশাহ, বিজয়নগর, শান্তিনগর, বেলতলীঘোনা, টাংকির পাহাড়, পাহাড়িকা, মিয়ার পাহাড়, মতিঝর্ণা, লালখান বাজারের পোড়া কলোনি, আমবাগান, উত্তর হালিশহরসহ একাধিক ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হচ্ছে।

১৮ ঘণ্টা আগে

স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যা: ৪ ফাঁসির আসামির সাজা কমে যাবজ্জীবন-খালাস

শরীয়তপুরের জাজিরায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

১৮ ঘণ্টা আগে

মিটারের ত্রুটিতে নয়, নতুন ট্যারিফের কারণে জুনে বিল বেড়েছে: বিদ্যুৎ বিভাগ

জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ ও ক্ষোভের মধ্যে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিল বেড়ে যাওয়ার পেছনে মিটারের কোনো ত্রুটি নয়; বরং নতুন ট্যারিফ কার্যকর হওয়া, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং উচ্চ স্ল্যাবে বিল গণনাই মূল কারণ।

১৯ ঘণ্টা আগে