২০২৭ সাল থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ মে ২০২৬, ১৪: ৪২
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক । ছবি: সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘শিক্ষাক্ষেত্রে আমরা অনেক কিছু বাধ্যতামূলক করছি। খেলাধুলাকেও বাধ্যতামূলক করতে যাচ্ছি। ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই এটি কার্যকর করব।’

প্রতিমন্ত্রী বলেন, দেশের যুবসমাজকে দক্ষ, কর্মক্ষম ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি বলেন, যুবসমাজ ও খেলাধুলার মধ্যে একটি গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। এটি সঠিকভাবে কাজে লাগানো গেলে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্য সামনে রেখে সরকার যুব উন্নয়ন ও ক্রীড়া খাতে সমন্বিতভাবে কাজ করছে।

তিনি জানান, যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য বাড়াতে ফ্রিল্যান্সিং, কেয়ারগিভিং, মোবাইল সার্ভিসিংসহ বিভিন্ন প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি চালু করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে তরুণদের দক্ষতা বাড়িয়ে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের সুযোগ তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন অঞ্চলে এসব প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। পর্যায়ক্রমে এগুলোর পরিধি আরও বাড়ানো হবে।

প্রতিমন্ত্রী বলেন, এসব কর্মসূচির সফল বাস্তবায়নে মাঠপর্যায়ে প্রশাসনের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তৃণমূল পর্যায়ে যুবকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে হবে। এতে প্রত্যন্ত অঞ্চলের তরুণরাও এসব সুযোগ-সুবিধার আওতায় আসতে পারবে।

তিনি আশা প্রকাশ করেন, এ সমন্বয় জোরদার হলে কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হবে।

ক্রীড়া খাতের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬৪টি জেলা স্টেডিয়ামে নতুন করে ক্রীড়া কার্যক্রম শুরু করা হয়েছে। সেখানে আটটি ভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা চলছে।

তিনি বলেন, বিশেষ করে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ উদ্যোগকে সফলতার দিকে এগিয়ে নিচ্ছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে আগামী কয়েক বছরে দেশজুড়ে খেলোয়াড়দের শক্তভিত্তি গড়ে তোলা সম্ভব হবে।

স্টেডিয়াম ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, অতীতে অনেক ক্ষেত্রে স্টেডিয়ামগুলো মেলার জন্য ব্যবহার হওয়ায় খেলাধুলার পরিবেশ ব্যাহত হয়েছে।

তিনি জানান, ভবিষ্যতে স্টেডিয়াম মেলার জন্য ব্যবহার করতে না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি দীর্ঘদিনের অব্যবস্থাপনায় অকার্যকর হয়ে পড়া স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স সংস্কারের জন্য সমন্বিত প্রকল্প নেওয়া হয়েছে। এর আওতায় সুইমিং কমপ্লেক্সসহ বিভিন্ন ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন করা হবে।

তিনি আরও বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীন বিভিন্ন খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারা ইতোমধ্যে যৌথভাবে পরিদর্শন করেছেন। যেসব মাঠ খেলার উপযোগী, সেগুলো অন্য কোনো কাজে ব্যবহার না করার বিষয়ে আলোচনা চলছে।

রাজনীতি/এসআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এবার পশুর হাটে থাকবে জাল নোট শনাক্তের মেশিন: ডিএমপি কমিশনার

ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। জাল নোট কারবারিরা যেন সক্রিয় না হতে পারে সেজন্য গোয়েন্দা নজরদারিও চলছে বলে জানান তিনি।

২ ঘণ্টা আগে

১০ হাজার অস্ত্র উদ্ধার ও বাজেয়াপ্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জমা দেওয়ার নির্দেশ থাকা সত্ত্বেও প্রায় ১০ হাজার অস্ত্র এখনো জমা পড়েনি। এসব অস্ত্র উদ্ধার ও বাজেয়াপ্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২ ঘণ্টা আগে

শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান জলিল মণ্ডল

মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের সময় জলিল মন্ডল ডিএমপির অতিরিক্ত কমিশনার ছিলেন। গত ৩০ মার্চ রাতে রাজধানীর সবুজবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ৩১ মার্চ শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

৩ ঘণ্টা আগে

বিইআরসিতে প্রস্তাব, বাড়ছে বিদ্যুতের দাম

ক্ষমতায় আসার পর দুই বছর পর্যন্ত বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছিল সরকার। এর বদলে সিস্টেম লস বা চুরি কমিয়ে বিদ্যুতের লোকসান কমানোর কথা বলেছিলেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে সে সিদ্ধান্ত থেকে সরে আসতে হচ্ছে সরকারকে।

৩ ঘণ্টা আগে