আইনি ইতিহাসে নতুন অধ্যায়, মামলা জিতল এআই ল’ ফার্ম

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) একটি আইন প্রতিষ্ঠান প্রথমবারের মতো যুক্তরাজ্যের আদালতে মামলা জিতে নতুন নজির গড়েছে। আইন খাতে এআই প্রযুক্তির সম্ভাব্য প্রভাব ও বিচারপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, ‘গারফিল্ড এআই’ নামের প্রতিষ্ঠানটি গত মাসে ইংল্যান্ডের ওয়ান্ডসওয়ার্থ কাউন্টি কোর্টে একজন ফ্রিল্যান্স কর্মীর বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত মামলায় জয়লাভ করে। গত বছর যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানটি দেশটির প্রথম এআইভিত্তিক ল’ ফার্ম।

মামলাটির বাদী ছিলেন মানবসম্পদ (এইচআর)-সংক্রান্ত ফ্রিল্যান্স সেবাদাতা তামিরেস কামাল তাকিদির। তিনি একটি আতিথেয়তা খাতের প্রতিষ্ঠানের কাছে প্রায় ৭ হাজার পাউন্ড পাওনা দাবি আদায়ের জন্য গারফিল্ড এআইয়ের সহায়তা নেন। বিরোধ নিষ্পত্তির চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি আদালতের দ্বারস্থ হন।

গারফিল্ড এআই মামলার প্রায় সব প্রাথমিক আইনি কাজ সম্পন্ন করে। এর মধ্যে ছিল আইনি নোটিশ প্রস্তুত, মামলা দায়ের, সাক্ষীদের বিবৃতির খসড়া তৈরি, আদালতের জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত এবং বিবাদীপক্ষের পাল্টা দাবির জবাব তৈরি। তবে আদালতে শুনানির সময় বাদীপক্ষের হয়ে যুক্তি উপস্থাপনের জন্য একজন মানব ব্যারিস্টার নিয়োগ করা হয়।

প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক লিটিগেশন আইনজীবী ফিলিপ ইয়ংয়ের দাবি, শুধু যুক্তরাজ্য নয়, সম্ভবত বিশ্বেই এটিই প্রথম ঘটনা, যেখানে এআইয়ের সহায়তায় পরিচালিত আইনি প্রস্তুতির মাধ্যমে আদালতে জয় এসেছে।

১৪ মে অনুষ্ঠিত প্রায় তিন ঘণ্টার শুনানির জন্য গারফিল্ড এআই চারজন সাক্ষীর জবানবন্দি এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করেছিল। শুনানি শেষে আদালত তাকিদিরের পক্ষে রায় দিয়ে তার পাওনা অর্থ পরিশোধের নির্দেশ দেন।

তাকিদির বলেন, “আমি যে কাজ করেছি তার জন্য আমার পাওনা ছিল। কিন্তু সেই অর্থ আদায়ের প্রক্রিয়াটি অত্যন্ত চাপের, ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ মনে হচ্ছিল। গারফিল্ডের কারণে আমি দাবিটি অনুসরণ করার এবং শেষ পর্যন্ত এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি।”

তিনি আরও বলেন, “বিবাদীপক্ষ যখন পাল্টা দাবি তোলে, তখন সেটি আমাকে ভয় দেখানোর চেষ্টা বলেই মনে হয়েছিল। তবে আমি জানতাম, আমার পাশে এমন একটি আইনি সহায়তা রয়েছে, যা সহজলভ্য, সাশ্রয়ী এবং কার্যকর।”

আদালতে বাদীপক্ষের হয়ে লড়া ব্যারিস্টার ডমিনিক লি বলেন, গারফিল্ড মামলাটি স্পষ্ট ও সুচারুভাবে উপস্থাপন করেছে। তবে আদালতের শুনানিতে সওয়াল-জবাব ও যুক্তি উপস্থাপনের কাজ এখনও মানুষেরই করতে হয়।

ফিলিপ ইয়ং বলেন, “এটি শুধু গারফিল্ড এআইয়ের জন্য নয়, বিচারপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রেও একটি মাইলফলক। দীর্ঘদিন ধরে অনেক ছোট ব্যবসা প্রতিষ্ঠান মামলা পরিচালনার খরচ, সময় ও মানসিক চাপের কারণে তাদের পাওনা অর্থ আদায়ের চেষ্টা থেকে সরে এসেছে।”

তার ভাষায়, “এআই বিচারক, ব্যারিস্টার বা আইনব্যবস্থার জায়গা নেয়নি। বরং এটি পুরো প্রক্রিয়াটিকে আরও সহজলভ্য, দক্ষ ও সাশ্রয়ী করেছে।”

গারফিল্ড এআই মূলত ঋণ বা বকেয়া অর্থ আদায়ের দাবি নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটি মাত্র ২ পাউন্ডের বিনিময়ে পাওনা আদায়ের অনুস্মারক চিঠি তৈরি করে দেয় এবং ৫০ পাউন্ড থেকে শুরু করে আদালতে দাবি দাখিলের প্রয়োজনীয় ফরম পূরণে সহায়তা করে। তাদের দাবি, এখন পর্যন্ত ৬০০টির বেশি দাবি প্রক্রিয়াজাত করে গ্রাহকদের জন্য প্রায় ৫ লাখ পাউন্ড আদায় করেছে। অধিকাংশ মামলাই আদালতের চূড়ান্ত রায়ের আগেই সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।

তথ্য অনুযায়ী, গারফিল্ড পরিচালিত মামলাগুলোর আর্থিক মূল্য সাধারণত ৩০ পাউন্ড থেকে ১০ হাজার পাউন্ডের মধ্যে। তাকিদিরের ৭ হাজার পাউন্ডের দাবির মামলাটিতে তিনি প্রতিষ্ঠানটিকে প্রায় ৪০০ পাউন্ড ফি দিয়েছিলেন। বিপরীতে বিবাদীপক্ষ একজন সলিসিটর ও একজন ব্যারিস্টার নিয়োগ করেছিল।

তবে আইন খাতে এআইয়ের অগ্রযাত্রার পাশাপাশি উদ্বেগও রয়েছে। গোপনীয়তা, নির্ভুলতা এবং বিভিন্ন দেশের আইনগত কাঠামোর পার্থক্যের কারণে এ খাতে এআইয়ের ব্যবহার তুলনামূলক ধীরগতিতে এগোচ্ছে।

ইতোমধ্যে এআই ব্যবহারে কয়েকটি আলোচিত ভুলও সামনে এসেছে। গত মে মাসে যুক্তরাজ্যের আইন প্রতিষ্ঠান পিনসেন্ট ম্যাসনসকে আদালতে এআইয়ের তৈরি ভুল তথ্যের ওপর ভিত্তি করে বক্তব্য উপস্থাপনের কারণে তিরস্কার করা হয়। একইভাবে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় আইন প্রতিষ্ঠান সুলিভান অ্যান্ড ক্রমওয়েল এপ্রিলে একটি ফেডারেল দেউলিয়াত্ব আদালতকে জানায়, তাদের প্রস্তুত করা এক নথিতে এআইয়ের একাধিক ‘হ্যালুসিনেশন’ বা মনগড়া তথ্য ছিল।

তবু আইন খাতের বড় প্রতিষ্ঠানগুলো এআই প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ আইন প্রতিষ্ঠান কার্কল্যান্ড অ্যান্ড এলিস সম্প্রতি জানিয়েছে, তারা নিজস্ব এআই প্ল্যাটফর্ম তৈরিতে ৫০ কোটি ডলার বিনিয়োগ করছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সকালে গ্রেপ্তার, দুপুরে জামিন পেলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান

শ্রম আইনের মামলায় আজ বুধবার সকালে গ্রেপ্তার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম এ দিন দুপুরে তাদের জামিন মঞ্জুর করেন।

৩ ঘণ্টা আগে

২০২৮ সাল থেকে পরিবর্তন হচ্ছে শিক্ষা কারিকুলাম: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, ‘নকল এখন না থাকলেও নকলের ধরন পরিবর্তন হয়েছে। কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে যদি প্রশ্নপত্র ফাঁস হয়, তাহলে কোনভাবেই এর সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না।’

৩ ঘণ্টা আগে

ফের কমলো সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

৪ ঘণ্টা আগে

দালিয়ানে অর্থনৈতিক সম্মেলন শেষে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের স্থানীয় সময় আজ বুধবার (২৪ জুন) বেলা ১টা ৩০ মিনিটে বেইজিংয়ের পথে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর সাথে এই সফরে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।

৪ ঘণ্টা আগে