মায়ের মরদেহে পচন: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পুরো বাসাটি ছিল নোংরা ও অগোছালো। সেখানে নুরজাহান বেগম একাই থাকতেন। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ফ্ল্যাট থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের পচা-গলা মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে যুগ্ম সচিব পদমর্যাদায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য এ কে এম আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে আজই তাকে কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে জনপ্রশাসনে সংযুক্ত হতে বলা হয়েছে। তা না করলে তিনি আজ থেকেই তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

গত রোববার (৩১ মে) রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগমের পচা-গলা ও পোকা ধরা মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ প্রতিবেশীদের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

তদন্তে জানা যায়, মায়ের সঙ্গে একই বাসায় পাশাপাশি রুমে বসবাস করলেও তার মৃত্যুর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাননি তার স্কুলশিক্ষিকা মেয়ে। প্রতিবেশীদের অভিযোগ, নুরজাহান বেগম দীর্ঘদিন ধরে কার্যত একা ও অবহেলার মধ্যে বসবাস করছিলেন।

জানা যায়, নুরজাহান বেগমের দুই ছেলে আলাদা থাকতেন এবং মায়ের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না। আনিসুর রহমান ছাড়াও তার আরেক ছেলে এ কে এম আশিকুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক।

মায়ের পচা-গলা মরদেহ উদ্ধার এবং উচ্চশিক্ষিত ও পদস্থ সন্তানদের অবহেলার ঘটনা অনলাইন-অফলাইনে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে। এর মধ্যেই তার সরকারি কর্মকর্তা ছেলের বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয় আইনি ব্যবস্থা নিলো।

এ বিষয়ে এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী গণমাধ্যমকে বলেছিলেন, মা-বাবার ভরণ-পোষণ আইন ও সরকারি কর্মকর্তার নৈতিক দায়বদ্ধতার বিষয়টি খতিয়ে দেখে আনিসুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুরো বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, একটা আইন আছে, যেখানে বাবা-মায়ের ভরণ-পোষণ সংক্রান্ত বিধান রয়েছে। সেটি কার্যকর থাকলে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এ ছাড়া একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার নৈতিক দায়বদ্ধতার বিষয়টিও খতিয়ে দেখে তা অ্যাড্রেস করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের এরই মধ্যে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী যে আইনের কথা উল্লেখ করেন সেটি মূলত ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ সংক্রান্ত আইন। এ আইনের আলোকে ২০২৩ সালে বিধিমালাও প্রণয়ন করা হয়েছে।

আইনে বলা হয়েছে, প্রতিটি সন্তানকে মা-বাবার ভরণপোষণ নিশ্চিত করতে হবে। কোনো মা-বাবার একাধিক সন্তান থাকলে তারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে ভরণপোষণ নিশ্চিত করবেন। তারা মা-বাবার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর রাখবেন, প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরিচর্যা করবেন। আইন না মানলে অনূর্ধ্ব এক লাখ টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে এই আইনে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বন্দরে সতর্কসংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

১১ ঘণ্টা আগে

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।

১২ ঘণ্টা আগে

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

১২ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

১৫ ঘণ্টা আগে
Advertisement