স্পিকার হাফিজ উদ্দিনকে গালিবাফ— মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান প্রয়োজন

ডেস্ক, রাজনীতি ডটকম
শনিবার তেহরানে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন ইরান পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। ছবি: ইরনা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনে যোগ দিতে ইরান সফররত স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল রাজনৈতিক ও সামরিকভাবে পরাজিত হয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাপটের অবসান ঘটেছে। পাশাপাশি তিনি মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর সম্মিলিত অবস্থান প্রয়োজন বলেও উল্লেখ করেন।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনার খবরে বলা হয়, শনিবার (৪ জুলাই) তেহরানে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন গালিবাফ। বাংলাদেশি স্পিকার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে তেহরানে অবস্থান করছেন।

গালিবাফ বলেন, সাম্প্রতিক যুদ্ধে ইরানের প্রতিরোধ ও দৃঢ় অবস্থান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ‘রাজনৈতিক ও সামরিক পরাজয়’ বয়ে এনেছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, ইরান কখনো যুদ্ধ চায় না, তবে দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাবে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।

বৈঠকে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু শুধু ইরানের নয়, সমগ্র মুসলিম বিশ্বের জন্যই একটি বড় ক্ষতি।

ইরানের কূটনৈতিক অবস্থানের প্রশংসা করে হাফিজ উদ্দিন বলেন, আলোচনা চলাকালে তেহরান শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছে। তিনি আশা প্রকাশ করেন, মধ্যপ্রাচ্যে টেকসই ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।

এ সময় বাঘের গালিবাফ বলেন, ইরান কখনো কোনো যুদ্ধ শুরু করেনি। বরং সাম্প্রতিক সংঘাতের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চলছিল। কিন্তু সেই আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। আমরা তখনো আলোচনায় ছিলাম। কিন্তু যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসন ইরানের ওপর হামলা চালিয়ে কার্যত আলোচনার টেবিলেই বোমা ফেলেছে।

ইরান পার্লামেন্টের এই স্পিকার আরও বলেন, ইরানি সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে কৌশলগত ব্যবস্থাপনা ও অসম যুদ্ধকৌশল প্রয়োগের মাধ্যমে আগ্রাসীদের এমন শিক্ষা দিয়েছে, যা তারা কখনো ভুলতে পারবে না। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অজেয় থাকার ধারণাও ভেঙে গেছে বলে দাবি করেন তিনি।

গালিবাফ আরও বলেন, ইরান সংঘাত চায় না। তবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো হুমকির মোকাবিলায় সর্বশক্তি নিয়ে দাঁড়াবে। পাশাপাশি মুসলিম দেশগুলোরও যুক্তরাষ্ট্রের একতরফা নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে অবস্থান নেওয়া প্রয়োজন।

বাংলাদেশ ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সাক্ষাতে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ইরান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে দুই দেশের মধ্যে সংসদীয়, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ রয়েছে বাংলাদেশের।

বৈঠকে ‍দুই দেশের স্পিকারই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আ. লীগের বিচার শিগগিরই, দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭ ঘণ্টা আগে

বিশ্ববিদ্যালয়ে জলবায়ু রিপোর্টিং কোর্স চালুর উদ্যোগ

এজাইল (AGILE) প্রকল্পের আওতায় ৩ ও ৪ জুলাই ঢাকার পূর্বাচলের সিসিইউএলবি রিসোর্টে অনুষ্ঠিত কো-ডিজাইন কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা অংশ নেন।

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ- সবই বাংলাদেশে আসছে। বাজেট প্রথমত বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে, সেটিকে মাথায় রেখে বাজেট করা হয়েছে এবং সেই সম্ভাবনাগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেটিকে গুরুত্ব দেওয়া হ

১৯ ঘণ্টা আগে

জুলাইয়ের আত্মত্যাগের মর্যাদা রক্ষা ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

তারেক রহমান বলেন, “যে কারণে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। আইন অনুযায়ী, অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে। বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে”

২০ ঘণ্টা আগে