শিরীন শারমিন চৌধুরী: গুঞ্জন, আড়াল এবং শেষ পর্যন্ত গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১২: ৪৫
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত

স্পিকার শিরীন শারমিন চৌধুরী দেশে আছেন, নাকি পালিয়ে গেছেন— এমন প্রশ্ন দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছিল। আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতা কারাগারে, অথচ তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছিল না— এই প্রশ্নও ছিল আলোচনায়। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার তাকে ছাড় দিলেও বিএনপি কী একই অবস্থান নেবে— এ নিয়েও ছিল জল্পনা। অবশেষে সেই সব প্রশ্নের অবসান ঘটিয়ে গ্রেপ্তার হলেন শিরীন শারমিন চৌধুরী।

তাকে ঘিরে আরও কিছু প্রশ্ন সামনে এসেছে— আওয়ামী লীগ সরকারের পতনে ভূমিকা রাখা অনেকেই কেন তার প্রতি সহানুভূতিশীল ছিলেন? ৫ আগস্ট বিক্ষুব্ধ জনতার চোখ এড়িয়ে তাকে জাতীয় সংসদ ভবন থেকে কোথায় সরিয়ে নেওয়া হয়েছিল?

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শিরীন শারমিন জনসমক্ষে আসেননি। তিনি সরকারের কড়া নজরদারিতে ছিলেন এবং অনেকটা নজরবন্দি অবস্থায় স্বামী-সন্তানসহ সময় কাটাচ্ছিলেন। ওই দিন ছাত্র-জনতা সংসদ ভবনে প্রবেশের সময় তিনি ভবনের একটি গোপন কক্ষে অবস্থান নিয়েছিলেন— এমন গুঞ্জন রয়েছে। পরে রাত আড়াইটার দিকে সেনাবাহিনী তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় বলে জানা যায়। এরপর তিনি কোথায় ছিলেন— দেশে না বিদেশে— তা নিয়ে নানা আলোচনা চলছিল।

এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির সময় জুনাইদ আহমেদ পলক জানান, ৫ আগস্ট সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ ১২ জন সংসদ ভবনের একটি কক্ষে অবস্থান করছিলেন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে।

২০২৪ সালের ১০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেন শিরীন শারমিন চৌধুরী। সরকার পতনের ২৭ দিনের মাথায়, ২ সেপ্টেম্বর তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন। অজ্ঞাত স্থান থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠানো হয়।

এদিকে তার আর্থিক বিষয়েও নজরদারি শুরু হয়। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার ও পরিবারের চার সদস্যের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠায়। এতে তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন, ছেলে সৈয়দ ইবতেশাম রফিক এবং মেয়ে লামিসা শিরীন হোসাইনের তথ্যও চাওয়া হয়। তবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তার ব্যক্তিগত বা আর্থিক অনিয়ম নিয়ে বড় ধরনের অভিযোগ শোনা যায়নি।

আত্মগোপনে থাকা অবস্থায় তিনি নতুন সাধারণ ই-পাসপোর্টের জন্য আবেদন করেন বলেও খবর প্রকাশিত হয়। আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যান দেওয়ার তথ্য সামনে এলেও, তিনি পাসপোর্ট পেয়েছেন কি না— তা নিশ্চিত হওয়া যায়নি।

রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন শিরীন শারমিন চৌধুরী। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি প্রথম স্পিকার নির্বাচিত হন এবং টানা এক দশকের বেশি সময় এই দায়িত্ব পালন করেন।

শিরীন শারমিন ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জাতীয় সংসদে আসেন। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে ২০১৩ সালে ৩০ এপ্রিল বাংলাদেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন তিনি। এরপর ২০১৪ সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেড়ে দেওয়া রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদে আসেন। একদিকে তিনি আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন ছিলেন, আরেকদিকে তাকে ঘিরে দলটির অন্য নেতাদের তুলনায় সমালোচনা ছিল কম।

গ্রেপ্তার ও মামলার বিবরণ

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’

তবে ঠিক কোন মামলায় শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে, তা শুরুতে জানানো হয়নি। এ দিন বেলা ১২টার দিকে ডিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, রাজধানীর লালবাগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলার বাদী মো. আশরাফুল। মামলার অন্য আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও রয়েছেন। শিরীন শারমিন চৌধুরী এই মামলার ৩ নম্বর আসামি।

রংপুরেও শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে এ হত্যা মামলা করা হয়। মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন রংপুর শহরের পূর্ব গনেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)।

এ ছাড়া রাজধানীর উত্তরা ও বনানী থানায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে পৃথক আরও কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে। ডিবিপ্রধান আজ সাংবাদিকদের জানিয়েছেন, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলাগুলোর তদন্ত চলছে, তাকে বর্তমানে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ দুপুরের দিকে ঢাকার আদালতে তোলা হবে। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মেয়েদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহাল করা হলে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি ও এর প্রত্যাশিত সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

১৪ ঘণ্টা আগে

২০২৭ সালের এসএসসির রুটিন প্রকাশ, দেখে নিন কোন পরীক্ষা কবে

রুটিন বলছে, ১৪ মার্চ প্রথম দিনে নেওয়া হবে বাংলা প্রথমপত্র পরীক্ষা, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা নেওয়া হবে ১৬ মার্চ। এরপর ১৮ মার্চ ইংরেজি প্রথমপত্র, ২১ মার্চ ইংরেজি দ্বিতীয়পত্র ও ২৫ মার্চ নেওয়া হবে গণিত পরীক্ষা। এ পাঁচটি পরীক্ষাই আবশ্যিক।

১৪ ঘণ্টা আগে

মিরাজের নিখোঁজকে জুলাই অভ্যুত্থানের পর প্রথম ‘গুম’ দাবি, কোস্টগার্ডের অস্বীকার

সোমবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে মিরাজের পরিবার, এইচআরএসএস ও ব্লাস্টের যৌথ এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। তবে যে বাহিনীর বিরুদ্ধে মিরাজকে ‘গুম’ করার অভিযোগ উঠেছে, সেই কোস্টগার্ড এক বিবৃতিতে দিয়ে তাকে আটক, হেফাজতে নেওয়া বা গুম করার অভিযোগ অস্বীকার করেছে।

১৫ ঘণ্টা আগে

সালমান শাহ হত্যা: অভিনেতা ডনকে ৭ দিনের রিমান্ডে চেয়েছে সিআইডি

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম জানান, ঢাকা মহানগর হাকিম জুয়েল রানা আসামির উপস্থিতিতে আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) ওই আবেদনের শুনানির দিন নির্ধারণ করেছেন।

১৬ ঘণ্টা আগে