আইসিটি প্রসিকিউশন টিমে ফের বিতর্ক, তুরিনের পর কল রেকর্ডে ধরা সাইমুম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৭: ৫৪
ড. তুরিন আফরোজ (বাঁয়ের ইনসেটে) ও মো. সাইমুম রেজা তালুকদার (ডানে)। কোলাজ: রাজনীতি ডটকম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউশন টিমকে ঘিরে একের পর এক বিতর্ক সামনে আসছে। আওয়ামী লীগ সরকারের সময়ে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে প্রসিকিউটর ড. তুরিন আফরোজ অপসারিত ও পরে এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়ার ঘটনার পর এবার ঘুস দাবির অভিযোগে ফেঁসে গেলেন আরেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার।

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলার আসামি এক সাবেক সংসদ সদস্যকে খালাস পাইয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা ঘুস দাবির অভিযোগ ওঠার পর সোমবার (৯ মার্চ) প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেন সাইমুম রেজা তালুকদার। একই দিনে আইন মন্ত্রণালয় তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে অব্যাহতি দেয়। এর কিছু সময় পর তার ঘুস দাবির দুটি অডিও রেকর্ড গণমাধ্যমে প্রচারিত হয়।

ফাঁস হওয়া অডিওতে সাইমুম রেজাকে চট্টগ্রাম-৬ আসনের সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের এক আইনজীবীর সঙ্গে ঘুস নিয়ে দর কষাকষি করতে শোনা যায়। সেখানে সাবেক ওই এমপিকে মামলা থেকে খালাস পাইয়ে দিতে ‘এক কোটি টাকা’ দাবির বিষয়টি উঠে আসে। এ ছাড়া ওই অডিওতে ঘুসের টাকা কয়েক ধাপে পরিশোধের কথাও বলতে শোনা যায়।

এ ঘটনা সামনে আসার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে উদ্বেগ তৈরি হয়েছে। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউশন টিম মঙ্গলবার (১০ মার্চ) সকালে এ বিষয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছে। বৈঠক শেষে বিষয়টি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে।

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা ঘুস দাবির অভিযোগ অস্বীকার করেছেন সাইমুম রেজা তালুকদার। সোমবার রাত ৯টা ৫ মিনিটে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এটি একটি মহলের অপপ্রচার এবং ফাঁস হওয়া অডিওগুলো মিথ্যা।

এর আগে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ৯ জন নিহত ও ৪৫৯ জন আহত হওয়ার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি ওই হত্যা মামলায় কারাগারে আছেন।

সাইমুম রেজা তালুকদারের মতো ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর ড. তুরিন আফরোজও এর আগে ২০১৮ সালে একই ধরনের বিতর্কে জড়িয়েছিলেন। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ওয়াহিদুল হকের সঙ্গে গোপনে বৈঠক এবং তদন্ত সংস্থার গোপন তথ্য ফাঁসের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

আইসিটির তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক খান তখন জানিয়েছিলেন, ২০১৭ সালের ১৮ নভেম্বর তুরিন আফরোজ নিজেই আসামি ওয়াহিদুল হককে মোবাইলে ফোন করে দেখা করার প্রস্তাব দেন। পরে গুলশানের একটি হোটেলে তাদের মধ্যে প্রায় দুই ঘণ্টা ৪৫ মিনিট বৈঠক হয়। ওই বৈঠকের পুরো কথোপকথন আসামি ওয়াহিদুল হক নিজের মোবাইলে রেকর্ড করেছিলেন বলে তদন্তে জানা যায়।

পরে ওয়াহিদুল হক গ্রেপ্তার হওয়ার পর তার মোবাইল ফোন থেকে দুটি অডিও রেকর্ড পাওয়া যায়, যেখানে তুরিন আফরোজের সঙ্গে তার যোগাযোগের তথ্য উঠে আসে। সানাউল হক খান জানান, ওই কথোপকথন থেকে আরও জানা যায় যে তুরিন আফরোজ তদন্তের গোপন প্রতিবেদনের ফটোকপিও আসামিকে দিয়েছেন।

এসব অভিযোগের ভিত্তিতে শৃঙ্খলা ও পেশাগত আচরণ ভঙ্গ এবং গুরুতর অসদাচরণের দায়ে ২০১৯ সালের ১১ নভেম্বর আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তুরিন আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে অপসারণের তথ্য জানায়। ওই বছরের মে মাস থেকে তিনি প্রসিকিউশনের কাজ থেকে বিরত ছিলেন।

মানবতাবিরোধী অপরাধের মামলার আসামির সঙ্গে কথোপকথনের অডিওসহ বিভিন্ন সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তুরিন আফরোজকে প্রসিকিউটর পদ থেকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছিলেন তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হকও।

এরপর গত বছরের ৭ এপ্রিল রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসা থেকে তুরিন আফরোজকে একটি মামলায় গ্রেপ্তার করা হয় তুরিন আফরোজকে। উত্তরায় আব্দুল জব্বার (২১) নামের একজন ছাত্রকে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করার ঘটনায় মামলা হয় তার বিরুদ্ধে। পরে ওই বছর ডিসেম্বরে মারধর, অপহরণচেষ্টা ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা আরও একটি মামলায় তুরিনকে গ্রেপ্তার দেখানো হয়।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালে ২০১৩ থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ। তাকে এ পদ থেকে অপসারণের পর একাধিক মামলায় বর্তমানে তিনি কারাগারে আছেন।

২০১৯ সালে তুরিন আফরোজ ও ২০২৫ সালে সাইমুম রেজা— দুই প্রসিকিউটরের বিরুদ্ধে যথাক্রমে পেশাগত আচরণ ভঙ্গ ও গুরুতর অসদাচরণের প্রমাণ এবং ঘুস দাবির অভিযোগ সামনে আসায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে উদ্বেগ বাড়ছে, নতুন করে প্রশ্ন উঠেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাহসিকতা ও জনহিতকর কাজের স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য

জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ; আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেপ্তার; আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

৬ ঘণ্টা আগে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা আছে। পরের বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে।’

৬ ঘণ্টা আগে

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত বেড়ে ৬৭৭

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। এর মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

১০ ঘণ্টা আগে

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

১০ ঘণ্টা আগে