নিউ গিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার

রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলার মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ডিবি গুলশান বিভাগের একটি দল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে।
নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় তাকে চার নম্বর আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় এর আগে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ ও ডিবি আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে একদল লোক ইসিবি চত্বরের কাছে দক্ষিণ মানিকদীর নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে ঢুকে হামলা চালায়। হামলাকারীরা ‘ব্রাউনফিশ’ নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালায়।
নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন। এজাহারে গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।


















