আ.লীগের করা আইনেই দলটি নিষিদ্ধ হতে পারে: প্রধান কৌঁসুলি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

এক সময় আওয়ামী লীগ সরকার যে আইন প্রণয়ন করেছিলো, সে আইনেই দলটির নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম। তার ভাষ্য, মানবতাবিরোধী অপরাধ ও সন্ত্রাসের অভিযোগে চলমান তদন্তে আওয়ামী লীগ দোষী প্রমাণিত হলে বিদ্যমান আইনের আওতায় দলটি নিষিদ্ধ এবং সম্পদ বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে।

রোববার (৫ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আমিনুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাসবিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে সংগঠন হিসেবে দলটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংগঠন দোষী সাব্যস্ত হলে সরকার গেজেট প্রকাশের মাধ্যমে সেই সংগঠনকে নিষিদ্ধ করতে পারে। একই সঙ্গে আইনে সংগঠনের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও বিধান রয়েছে।

প্রধান কৌঁসুলি বলেন, ১৯৭৩ সালে আওয়ামী লীগ সরকারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন প্রণয়ন করেছিল। পরে ২০১৩ সালে ওই আইনের ২ নম্বর ধারায় সংশোধন এনে 'সংগঠন' শব্দটি যুক্ত করা হয়। একইভাবে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদেও আওয়ামী লীগ সরকার সংশোধনী আনে।

তার ভাষ্য, ২০২৪ সালে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে আওয়ামী লীগ সরকার সন্ত্রাসবিরোধী আইনের ১৮ ধারা ব্যবহার করেছিল। সেই একই আইনের বিধান প্রয়োজনে আওয়ামী লীগের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।

আইনটি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, আইন নিজে কখনও খারাপ নয়। তবে কোনো আইন অপব্যবহার বা লঙ্ঘন করা হলে সেটিই অপরাধ।

আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বাধীনতার পর বাকশাল প্রতিষ্ঠা, রাজনৈতিক দল ও সংবাদপত্রের ওপর নিষেধাজ্ঞা, রক্ষীবাহিনী গঠন এবং দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল করার মতো অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে। এছাড়া জুলাই আন্দোলনে ছাত্রলীগ ও যুবলীগের ভূমিকা, অর্থপাচার এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুণ্নের অভিযোগও তদন্তে বিবেচনায় রয়েছে।

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে প্রধান কৌঁসুলি বলেন, গুম, অপহরণ, ক্রসফায়ার, শাপলা চত্বর এবং জুলাই আন্দোলনসহ বিভিন্ন ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর ঊর্ধ্বতন নেতৃত্বের দায় (সুপিরিয়র রেসপনসিবিলিটি) রয়েছে বলে প্রসিকিউশনের দাবি। তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানান।

তদন্ত কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, বর্তমানে অভিযোগের কেন্দ্রবিন্দু আওয়ামী লীগ হলেও তদন্তে অন্য কোনো দল বা ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেটিও তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত হবে। তদন্ত সংস্থা স্বাধীনভাবে কাজ করছে এবং এ প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ নেই বলেও দাবি করেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে