বান্দরবানেও বেনজীরের সাম্রাজ্য

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২৪, ০৯: ১৬
ছবি: রাজনীতিডটকম

পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ ও তার স্ত্রী-মেয়ের নামে এবার বান্দরবানেও সম্পদের খোঁজ পাওয়া গেছে। পার্বত্য আইন অমান্য করে বান্দরবানে সাবেক এই আইজিপি কিনেছেন শত একরের বেশি জমি। গড়ে তুলেছেন খামার বাড়িসহ বাগান।

সরেজমিন পরিদর্শনকালে স্থানীয়রা জানান, সরকারের দেয়া লিজের জমি বেচা-কেনা নিষিদ্ধ থাকলেও বান্দরবান পৌরসভার মধ্যমপাড়ার এলাকার আবুল কাশেমের ছেলে শাহ জাহানের থেকে সদর উপজেলার ৩১৪নং সুয়ালক মৌজায় ৬১৪ নং দাগের ৩নং সিটে ২৫ একর লিজের জমি কেনা হয় বেনজীর আহমেদ, স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজীর এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে। সেখানে তারা গড়ে তুলেছেন গবাদিপশুর খামার, মৎস্য খামার, ফলজ, সেগুন বাগান ও বিলাসবহুল খামার বাড়ি। খামারটিতে কাজ করছিলেন শ্রমিকেরা।

তারা আরো জানান, এই খামার বাড়িতে রয়েছে ৩৭টি বিদেশি গবাদিপশু, যার মূল্য অর্ধকোটি টাকার বেশি। এ ছাড়া লামা উপজেলার সরই ডলুছড়ি মৌজার টংগ ঝিরিতে রয়েছে আরো অর্ধশত একর জায়গা। জেলা সদরের সুয়ালক ১নং ওয়ার্ডের হরিন ঝিড়ি এলাকায় ৪০ একর জায়গাও কিনেছেন তিনি।

অভিযোগ রয়েছে- ক্ষমতার অপব্যবহার করে এসব জায়গা দখলে নিতে সহায়তা করেছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াইচিং মারমা ও বান্দরবান সদর থানার ডিবির সাবেক ওসি মোস্তফিজুর রহমান। তারাই এসব সম্পদ দেখাভাল করেন।

সরেজমিনে দেখা যায়, জেলা সদরের সুয়ালকের মাঝের পাড়ার চা অফিস থেকে পৌনে এক কিলোমিটার দূরে ২৫ একর জমিজুড়ে রয়েছে বিদেশি গরু ও মৎস্য খামার। সেখানে রয়েছে সেগুন গাছসহ বিভিন্ন ফল ও ফুলের বাগান, শীতাতপ নিয়ন্ত্রিত দোতলা পাকা ঘর।

সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী, চাকরিকালে কোনো সরকারি কর্মচারী বা তার পরিবারের সদস্যরা সরকারের পূর্বানুমোদন ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবেন না।

এমনকি আড়াই লাখ টাকার ওপরের স্থাবর বা অস্থাবর সম্পত্তি কেনা-বেচার ক্ষেত্রেও অনুমোদন নিতে হবে। কিন্তু চাকরির বিধিমালা অমান্য করে দেশের বিভিন্ন জায়গায় তিনি কিনেছেন হাজার হাজার একর জমি।

সুয়ালকের খামার বাড়ির কেয়ারটেকার লেদু মিয়া জানান, তিনি বেনজীর আহমেদের এই খামারে গত এক মাস ধরে গরুগুলো দেখাশুনা করছেন। বেনজীরের পক্ষে তাকে বেতন দিতেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়াইচিং মারমা।

অন্যদিকে জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছরি টংগো ঝিরি বাগানের তত্ত্বাবধায়ক মো. ইব্রাহিম জানান, বেনজীর আহমেদের ৫৫ একর জমি দেখাশোনা করছেন তিনি। তাকে আগে মং ওয়াইচিং মাসিক বেতন পরিশোধ করলেও গত পাঁচ মাস ধরে কোনো বেতন দিচ্ছেন না।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত পার্বত্য শান্তি চুক্তি অনুসারে পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা না হলে পার্বত্য জেলার বাইরের কোনো নাগরিক পার্বত্য জেলায় ভূমি ক্রয় করতে পারেন না। কিন্তু বেনজীর আহমেদ জন্মসূত্রে গোপালগঞ্জের স্থায়ী বাসিন্দা হলেও পার্বত্য আইন অমান্য করে জালিয়াতি করে বান্দরবানের স্থায়ী বাসিন্দা সেজে এসব ভূমি ক্রয় করেন।

এ বিষয়ে বান্দরবান বোমাং রাজার সহকারী অংঝাই খ্যায়াং বলেন, জমি ক্রয় করতে বোমাং রাজার স্থায়ী বাসিন্দার সনদ, এনআইডি, পৌরসভার নাগরিক সনদ লাগে। এছাড়া বাবা-মায়ের নামে মৌজার জমি থাকলে তারা জমি ক্রয় করতে পারবে। সাবেক আইজিপি কীভাবে জমি ক্রয় করেছে তা তার জানা নেই।

বান্দরবানের বেনজীরের সম্পত্তির দায়িত্বে থাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াই চিং জানান, সুয়ালকের মাঝের পাড়ায় নিজের জায়গার পাশে বেনজীর আহমেদের ২৫ একর জায়গা রয়েছে। এ কারণে সেগুলো তাকে দেখাশোনার দায়িত্ব দেন বেনজীর।

তিনি আরো জানান, লামার জায়গা-জমি সংক্রান্ত কোনো বিষয়ে তার জানা নেই।

সুয়ালক ইউপি চেয়ারম্যান উ ক্য নু মারমা জানান, বেনজীর আহমেদের সুয়ালক মৌজার মাঝের পাড়ায় জমি আছে, তা আমি জানি। মাঝে মাঝে একজন এসপি ও জেলার সাবেক ওসি এখানে আসেন, সম্প্রতি বাগানটির গাছ বিক্রির জন্য জোত পারমিট করা হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, বান্দরবানে বেনজীর আহমেদের জায়গা-জমির তথ্য বা জবর দখল সংক্রান্ত কোনো বিষয় তার জানা নেই। এসব বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে বেনজীর আহমেদ, তার স্ত্রী ও তিন মেয়ের নামে এখন পর্যন্ত ৬২১ বিঘা জমির খোঁজ পাওয়া গেছে, যার ৫৯৮ বিঘা গোপালগঞ্জ সদর উপজেলায় ও মাদারীপুরের রাজৈর উপজেলায়।

প্রভাবশালী পুলিশ কর্মকর্তা বেনজীর আহমেদ এখন কোথায়-সে বিষয়ে কেউই সুস্পষ্ট তথ্য দিতে পারছেন না। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পুলিশ ও গোয়েন্দা সূত্রের ধারণা তিনি দেশের বাইরে চলে গেছেন।

তবে তারা বলছেন, বিদেশে যাওয়ার তথ্য ঠিক কিনা-তা নিশ্চিত হওয়ার জন্য ৬ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ সেদিনই বেনজীর আহমেদের দুর্নীতি দমন কমিশনে (দুদকে) হাজির হওয়ার তারিখ রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চূড়ান্ত অনুমোদন পেল ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬'

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১২তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

৬ ঘণ্টা আগে

একযোগে ১৭৯ উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি

প্রশাসনে বড় পদোন্নতি দিয়েছে সরকার। উপসচিব পদের ১৭৯ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭২ জন প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মরত, বাকি সাতজন দেশের বাইরে বিভিন্ন দূতাবাসে কর্মরত।

১৯ ঘণ্টা আগে

ছুটি নিয়ে ফেরেননি, ‘পলাতক’ বিবেচনায় বরখাস্ত ৪ পুলিশ কর্মকর্তা

ছুটি শেষে দীর্ঘদিন পরও কর্মস্থলে না ফেরায় ‘পলাতক বিবেচনায়’ পুলিশের চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন— অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস ও জুয়েল চাকমা, সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান ও আফজালুন নেছা।

২০ ঘণ্টা আগে

মানুষ জিপার রেখেই প্যান্ট পরে— ছাপাখানার মালিকদের সতর্ক করে শিক্ষামন্ত্রী

বিনামূল্যের পাঠ্যবই ছাপাকে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, সময়মতো মানসম্মত পাঠ্যবই সরবরাহই সরকারের প্রধান লক্ষ্য। কেউ কাজে বাধা সৃষ্টি করলে এবার হয়ত পার পেয়ে যেতে পারেন, কিন্তু ভবিষ্যতে আর পারবেন না।

২০ ঘণ্টা আগে