‘জননিরাপত্তা রক্ষা’য় আতাউর রহমান বিক্রমপুরীকে ৯০ দিনের ডিটেনশন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আতাউর রহমান বিক্রমপুরী। ছবি: ফেসবুক থেকে

নরসিংদী থেকে গ্রেপ্তারের পর গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো আতাউর রহমান বিক্রমপুরীকে ৯০ দিনের ‘ডিটেনশন’ তথা আটক রাখার আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জননিরাপত্তা রক্ষার স্বার্থে তার বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়েছে।

গত ১৮ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে ডিটেনশনের আদেশ জারি করা হয়। উপসচিব আবেদা আফসারীর সই করা আদেশে বলা হয়েছে, আটকাদেশ জারির তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বার্তায় বলা হয়, গাজীপুর মহানগর পুলিশের অনুরোধের ভিত্তিতে আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। এ দিন সকালে তাকে টঙ্গী পূর্ব থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লা আল মামুন জানান, বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটকাদেশে বলা হয়েছে, গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয় থেকে পাওয়া প্রতিবেদন ও সংযুক্ত কাগজপত্র পর্যালোচনা করে সন্তুষ্ট হওয়া গেছে, আতাউর রহমান বিক্রমপুরীকে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২(চ) ধারার জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিপন্থি ক্ষতিকর কাজ থেকে নিবৃত্ত করার জন্য অন্তরীণ রাখা প্রয়োজন।

আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আবশ্যক বিবেচিত হওয়ায়, ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে আতাউর রহমান বিক্রমপুরীকে কর্তৃপক্ষের অনুমোদনে আটকাদেশ জারির তারিখ থেকে ৯০ দিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক রাখার আদেশ দেওয়া হলো।

ডিটেনশন কী

ডিটেনশন শব্দের অর্থ আটকাদেশ। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশনের কথা বলা হয়েছে। কোনো অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করার পর মুক্তি না দিয়ে এই আইনের ৩(২) ধারা অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট অভিযুক্ত আসামিকে একটি নিদির্ষ্ট সময়ের জন্য বিনা বিচারে আটকাদেশের নির্দেশ দিতে পারেন।

যেসব ‘ক্ষতিকর কাজে’র জন্য ডিটেনশন প্রযোজ্য

বিশেষ ক্ষমতা আইনের ২ (চ) ধারায় আট ধরনের কাজকে ‘ক্ষতিকর কাজ’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এগুলো হলো—

  • বাংলাদেশের সার্বভৌমত্ব বা প্রতিরক্ষার ক্ষতি করা;
  • দেশের সঙ্গে বিদেশি রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সংরক্ষণের ক্ষতি করা;
  • দেশের নিরাপত্তা বা জননিরাপত্তা বা জনশৃঙ্খলার ক্ষতি করা;
  • বিভিন্ন সম্প্রদায়, শ্রেণি বা গোষ্ঠীর মধ্যে শত্রুতা, ঘৃণাবোধ বা উত্তেজনা তৈরি করা;
  • আইনের শাসন বা আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে হস্তক্ষেপ করা বা উৎসাহ প্রদান বা উত্তেজিত করা;
  • জনসাধারণের জন্য অত্যাবশ্যক সেবা বা অত্যাবশ্যক দ্রব্য সরবরাহে বাধা দেওয়া;
  • জনসাধারণ বা কোনো সম্প্রদায়ের মধ্যে ভীতি বা আতঙ্ক তৈরি করা; এবং
  • রাষ্ট্রের অর্থনৈতিক বা আর্থিক ক্ষতি করা।

ডিটেনশন প্রযোজ্য হবে কখন

১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩ (১) ধারায় বলা হয়েছে, সরকার যদি সন্তুষ্ট হয় যে কোনো ব্যক্তিকে ‘ক্ষতিকর কাজ’ থেকে নিবৃত্ত করার জন্য আদেশ দেওয়া আবশ্যক, তাহলে ওই ব্যক্তিকে আটক রাখার আদেশ দিতে পারবে। এ ছাড়া ওই ব্যক্তিকে আদেশে উল্লেখ করা পদ্ধিতিতে এবং সময়ের আগে ও পরে বাংলাদেশ ত্যাগ করার আদেশ দিতে পারবে। তবে বাংলাদেশের কোনো নাগরিকের ক্ষেত্রে বহিষ্কারাদেশ দেওয়া যাবে না।

একই আইনের ৩(২) ধারায় বলা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হন যে কোনো ব্যক্তিকে এই আইনের ২(চ) ধারা অনুযায়ী শেষ ছয়টি ‘ক্ষতিকর কাজ’ থেকে নিবৃত্ত রাখার জন্য আটক রাখা প্রয়োজন, তাহলে তিনি তাকে আটক রাখার আদেশ দিতে পারবেন।

ডিটেনশন কত দিনের জন্য দেওয়া যায়

১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশন বা আটকাদেশের জন্য সুনির্দিষ্ট কোনো মেয়াদ উল্লেখ করা হয়নি। তবে আইনজীবীরা বলেন, প্রচলিত চর্চা অনুযায়ী সাধারণত কাউকে সর্বোচ্চ ৯০ দিনের জন্য আটকাদেশ দেওয়া হতে পারে। পরে উপযুক্ত কর্তৃপক্ষ মনে করলে এ আদেশ আরও ৩০ দিনের জন্য বাড়াতে পারে। সব মিলিয়ে ১২০ দিন পর্যন্ত কাউকে ডিটেনশনে রাখা যেতে পারে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাংবাদিক পরিচয় নির্ধারণে ‘যথাযথ কর্তৃপক্ষ’ চান তথ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির প্রতিটি সিদ্ধান্তে সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধানের প্রতিফলন থাকতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি অনুসরণের আহ্বান জানান তিনি।

২ ঘণ্টা আগে

২৭ জুলাই থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

মন্ত্রী জানান, পরীক্ষার্থীরা এখন থেকে পূর্বঘোষিত নিয়মিত রুটিন অনুযায়ী বাকি পরীক্ষাগুলোতে অংশ নেবেন। তবে যেসব পরীক্ষা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছিল, সেগুলো পরে নতুন সময়সূচি প্রকাশ করে আবার নেওয়া হবে।

২ ঘণ্টা আগে

ধর্ষণ মামলায় চট্টগ্রাম মহানগর এনসিপির নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার আফতাব মজুমদার জয় চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি খুলশী থানার ওয়ারল্যাস মুরগী ফার্ম এলাকার বাসিন্দা।

৩ ঘণ্টা আগে

মোজাফফরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ ট্রাইব্যুনালের

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

৩ ঘণ্টা আগে