
টিম রাজনীতি ডটকম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম শেষ হয়েছ।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা শুরু হয় অধিবেশন। বিকেল ৩টা ৩৯ মিনিটে ভাষণ দিতে শুরু করেন রাষ্ট্রপতি। বিকেল সাড়ে ৪টা নাগাদ তার ভাষণ শেষ হয়।
এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামী ১৫ মার্চ পর্যন্ত অধিবেশনের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ১৫ মার্চ সকাল ১১টায় ফের অধিবেশন শুরু হবে।

ত্রয়োদশ জাতীয় সংসর প্রথম অধিবেশনই সাক্ষী হলো বিরোধী দলের ওয়াকআউটের। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দিতে শুরু করার পরপরই সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।
বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাষ্ট্রপতি তার ভাষণ শুরু করেন। এর আগে তিনি সংসদ ভবন কক্ষে প্রবেশ করার সময় থেকেই বিরোধী দলের সংসদ সদস্যরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান, রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এ হট্টগোল চলতে থাকার সময়ই জাতীয় সংগীত পরিবেশিত হয়। রাষ্ট্রপতি, সংসদ নেতা, স্পিকারসহ সরকারি দলের সংসদ সদস্যরা এ সময় দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।
বিরোধী দলের হট্টগোলের মধ্যেই বিকেল ৩টা ৩৯ মিনিটে রাষ্ট্রপতি ভাষণ শুরু করেন। মিনিট তিনেক হট্টগোল করার পর বিকেল ৩টা ৪২ মিনিটের দিকে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

বিরোধী দলের সংসদ সদস্যদের বিক্ষোভের মুখেই সংসদ অধিবেশনে ভাষণ দিতে শুরু করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার বিকেল ৩টা ৩৯ মিনিটে ভাষণ দিতে শুরু করেন রাষ্ট্রপতি। এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা ‘স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান’সহ নানা স্লোগান দিচ্ছিলেন।
রাষ্ট্রপতি তার ভাষণের শুরুতেই বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে মহান সংসদের যাত্রা শুরু হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রতি ধন্যবাদ জানান তিনি।

স্পিকারের ঘোষণার পর বিকেল সাড়ে ৩টার কিছু পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেছেন। এ সময় জাতীয় সংগীত বাজানো হয়।
জাতীয় সংগীতের সময় সরকারি দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেও বিরোধী দলীয় সংসদ সদস্যরা প্রতিবাদ অব্যাহত রাখেন।

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দিতে অনুরোধ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন।
এ সময় বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা দাঁড়িয়ে এর প্রতিবাদ জানান। তাদের হাতে দেখা গেছে প্ল্যাকার্ড, যাতে লেখা ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’।
স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান বারবার। রাষ্ট্রপতি তারপর দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময়ও অধিবেশনে হট্টগোল চালাতে থাকেন জামায়াতের সাংসদরা।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটি গঠন করে দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পদাধিকারবলে এ কমিটির সভাপতি হিসেবে থাকছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম।
সংসদ কমিটির বাকি সদস্যরা হলেন— রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দীন আহমদ অপু, কায়সার আহমেদ, শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ অলিউল্লাহ, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাইফুল আলম, আবুল হাসনাত।
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটি গঠন করে দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পদাধিকারবলে তিনি নিজেই এ কমিটির সভাপতি হিসেবে থাকছেন। কমিটির সদস্য হিসেবে থাকছেন আরও ১৪ জন।
কার্য উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন— সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলের নেতা শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম ও নওশের জমির।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে স্পিকারের অনুমতি নিয়ে প্রতিমন্ত্রী এ প্রতিবেদন উপস্থাপন করেন।

সংসদ অধিবেশনের প্রথম কার্যদিবসেই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে রাষ্ট্রপতির জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
এসব অধ্যাদেশের মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ, উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ, স্থানীয় সরকার সিটি করপোরেশন সংশোধন অধ্যাদেশ, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সংশোধন অধ্যাদেশ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন অধ্যাদেশ, বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ সংশোধন অধ্যাদেশ, জাতির পিতার নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে সংসদ না থাকায় রাষ্ট্রপতি এসব অধ্যাদেশ জারি করেছিলেন। বিধান অনুযায়, রাষ্ট্রপতির জারি করা এসব অধ্যাদেশ পরবর্তী সংসদের প্রথম অধিবেশনেই উত্থাপন হতে হয় এবং উত্থাপনের পর ৩০ দিনের মধ্যে অনুমোদিত হতে হয়। তা না হলে অধ্যাদেশ কার্যকারিতা হারায়।

জুলাই অভ্যুত্থানের শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের জন্য দোয়া করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, আজকের দিন আমাদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক দিন। ৫ আগস্ট তথা ৩৬ জুলাই আমি ও আমার সহযোদ্ধারা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম। চব্বিশ মানে কেবল চব্বিশ নয়, এর পেছনে রয়েছে বিশাল ইতিহাস।
জুলাই আন্দোলনে শিশু-কিশোরদের আত্মত্যাগের কথা স্মরণ করে নাহিদ জুলাই আন্দোলনে শহিদ আনাসের তার মায়ের কাছে লেখা চিঠির একটি অংশ পাঠ করেন।
বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্বে থাকা নাহিদ এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পিলখানা হত্যাকাণ্ড, নিরাপদ সড়ক আন্দোলন, মোদিবিরোধী আন্দোলন, শরিফ ওসমান হাদি, আবরার ফাহাদ ও ফেলানী খাতুনের মৃত্যুর কথা স্মরণ করেন তিনি।

শোক প্রস্তাব উত্থাপনের পর নবনির্বাচিত সংসদ সদস্যরা অধিবেশনে বক্তব্য রাখতে শুরু করেছেন। এরই মধ্যে বক্তব্য রেখেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম, ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। যত আসনেই নির্বাচন করেছেন, সব আসনেই খালেদা জিয়া জিতেছেন। আজ সেই গণতন্ত্রের মা আমাদের মাঝে নেই। তবে তিনি মানুষের মাঝে আছেন। গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে তিনি জীবিত থাকবেন।
একাত্তর ও জুলাইয়ের শহিদদের প্রতিও শ্রদ্ধা জানান সালাহউদ্দিন আহমদসহ এমপি-মন্ত্রীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়েছে। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা অধিবেশন পরিচালনার দায়িত্ব পালন করবেন।
পাঁচ সভাপতিমণ্ডলীর তালিকায় রয়েছেন— ঢাকা-৮ আসনের এমপি মির্জা আব্বাস, ঢাকা-২ আসনের এমপি গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-১ আসনের এমপি আব্দুল মইন খান, কুমিল্লা-৬ আসনের এমপি মোহাম্মদ মনিরুল হক চৌধুরী ও রংপুর-২ আসনের এমপি এ টি এম আজহারুল ইসলাম। পাঁচজনের প্রথম চারজনই বিএনপির সংসদ সদস্য, শেষজন জামায়াতে ইসলামীর।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করে বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন।
নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে নিয়মিত অধিবেশন কার্যক্রমে প্রবেশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ। এ সময় স্পিকার জানিয়েছেন, তিনি ‘নিরপেক্ষতা’র জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় ত্রয়োদশ সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে। অধিবেশনের আগে স্পিকার পদে সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি কোনো নাম প্রকাশ করেনি। তবে মেজর (অব.) হাফিজ উদ্দিনের নাম ছিল আলোচনায়।
পরে সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাব অনুযায়ী সিনিয়র বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হয় অধিবেশন। তিনিই স্পিকার নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন। স্পিকার নির্বাচিত হওয়ার পর মেজর (অব.) হাফিজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের কার্যক্রম শুরুর পর রীতি অনুযায়ী শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসহ ৩১ জন সাবেক সংসদ সদস্যের নামে শোক প্রস্তাব আনা হয়েছে।
শোক প্রস্তাব উত্থাপনের পরপরই এ নিয়ে আপত্তি জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী। সংসদের বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, শোকপ্রস্তাবটি একপেশে। তিনি মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, শরিফ ওসমান হাদিসহ বিভিন্ন নেতার নামে শোকপ্রস্তাব আনার দাবি জানান।
পরে শরিফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ, ফেলানী খাতুনের নামও শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

যাত্রা শুরু করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন। রীতি অনুযায়ী প্রথম দিনেই সংসদে আনা হয়েছে শোক প্রস্তাব।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া, ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের প্রতি এ শোক প্রস্তাব আনা হয়েছে।
এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীসহ গত সংসদ অধিবেশনের পর প্রয়াত ৩১ জন সাবেক সংসদ সদস্যের প্রতি শোকপ্রস্তাব আনা হয়।

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলের নেতা জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি স্পিকারের কাছে ইনসাফ প্রত্যাশা করেন বলে জানান।
শফিকুর রহমান বলেন, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন। আপনার কাছে আমরা কেবল ইনসাফ আশা করি। উই ওয়ান্ট জাস্টিস।
জামায়াত আমির আরও বলেন, আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ। আমরা আশা করি, স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নবনির্বাচিত স্পিকারের স্বাগত বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি এই সংসদকে কার্যকর করতে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন, অন্যদের সহযোগিতাও কামনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। দেশের মানুষ এই সংসদের দিকে অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। আমাদের দায়িত্ব তাদের সেই প্রত্যাশা পূরণ করা।
বক্তব্যে নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে অভিনন্দন জানান সংসদ নেতা তারেক রহমান।
স্পিকারের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার এই সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করে তুলতে চায়। এ ক্ষেত্রে স্পিকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি সংসদ চলাকালে স্পিকার ও ডেপুটি স্পিকারকে সহযোগিতা করার প্রত্যয় জানান।

জোহরের নামাজের বিরতির পর বৃহস্পতিবার দুপুর দেড়টার কিছু পরে ফের শুরু হয়েছে সংসদ অধিবেশনের কার্যক্রম। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করছেন।
শুরুতেই স্পিকার বলেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। আর গণতন্ত্রের প্রতীক হলো সংসদ। ত্রয়োদশ সংসদও জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে জানান তিনি।
স্পিকার হাফিজ উদ্দিন বলেন, জনগণ সংসদের কার্যক্রম দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। সরকার ও বিরোধী দল উভয়পক্ষ জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করবে বলে আমি আশা করছি।
উদ্বোধনী ভাষণে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন। দেশের ইতিহাসে বিভিন্ন সময়ে স্বৈরশাসকদের বিরুদ্ধে জনগণের লড়াইয়ের কথা তুলে ধরেন তিনি। এসব লড়াইয়ের শহিদদের স্মরণ করেন তিনি। ফ্যাসিস্ট শক্তিতে বিদায় দেওয়া জুলাই অভ্যুত্থানের শহিদদের প্রতিও তিনি শ্রদ্ধা জানান।
স্পিকার বলেন, স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর নিরপেক্ষতার জন্য তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। সবার আগে বাংলাদেশ মূলমন্ত্রে সবাই এগিয়ে যাবেন বলে প্রত্যাশা করেন তিনি।
দীর্ঘ এক বছর ১০ মাস পর বসেছে সংসদ অধিবেশন। স্বাভাবিকভাবে এ অধিবেশন শুরু হলেও কিছু সময় পরেই সংসদের সাউন্ড সিস্টেমে দেখা দিয়েছে যান্ত্রিক ত্রুটি। এ কারণে অধিবেশনের কার্যক্রম কিছু সময় ব্যাহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম। এ সময় সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবে সিনিয়র বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম পরিচালিত হয়।
অধিবেশনের কার্যক্রমের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথের জন্য কিছু সময় অধিবেশনে বিরতি দেওয়া হয়।
বিরতির পর দুপুর ১টার দিকে নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে শুরু হয় অধিবেশনের কার্যক্রম। তবে এ সময় কারিগরি ত্রুটির কারণে সংসদের মাইক কাজ করছিল না।
পরে স্পিকার বলেন, তিনি হ্যান্ডমাইক ব্যবহার করে কথা বলছেন। কারিগরি ত্রুটি সারিয়ে সাউন্ড সিস্টেম ঠিক করতে কিছু সময় লাগবে। এ সময় জোহরের আজান হয়ে যাওয়ায় তিনি ২০ মিনিটের জন্য নামাজের বিরতি ঘোষণা করেন।

যাত্রা শুরু করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এ অধিবেশনের কার্যক্রম দেখতে অধিবেশন কক্ষের গ্যালারিতে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবার।
ভিভিআিইপি লাউঞ্জের স্পিকারের ডান পাশের গ্যালারিতেই বসেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, তার মা সৈয়দা ইকবাল মান্দবানু ও মেয়ে জাইমা রহমান। রয়েছেন তারেক রহমানের প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিনী শামিলা রহমান সিঁথি।
এ ছাড়া প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা, জোবাইদা রহমানের বড় বোন শাহিনা খান বিন্দুও রয়েছেন সংসদ গ্যালারিতে। তারা বসেছেন দ্বিতীয় সারিতে।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ টি এম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনও আছেন সংসদ গ্যালারির এই অংশে।
বাম পাশের গ্যালারিতে রয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ বিভিন্ন দেশের দূতরা।
চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহিদ গোলাম নাফিজকে গুলিবিদ্ধ অবস্থায় রিকশা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া রিকশাচালক নুর মুহাম্মদকেও অন্যদের সঙ্গে দেখা গেছে দর্শক গ্যালারিতে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন দেখতে হাজির হয়েছেন আমন্ত্রিত অতিথিরা। তাদের উপস্থিতিতে স্পিকারের দুই পাশের ভিভিআইপি লাউঞ্জসহ চারপাশের দর্শক গ্যালারি প্রায় পরিপূর্ণ।
প্রথম অধিবেশন সংসদের ভিভিআইপি গ্যালিরিতে রয়েছেন সদ্যসাবেক অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনও রয়েছেন সেখানে। আছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।
ত্রয়োদশ সংসদের প্রথম এই অধিবেশনে বিশিষ্ট নাগরিক, কূনীতিক, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের জন্য চারপাশের গ্যালারিতে আসন দেওয়া হয়েছে।
ত্রয়োদশ সংসদের অধিবেশন কক্ষে প্রথম সারিতে প্রথম আসনটিতে বসেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পাশের আসনেই বসেছেন স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্বে থাকা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর পরের আসনে বসেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এরপর পর্যায়ক্রমে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, হাফিজ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও আবু জাফর মো. জাহিদ হোসেন।
এর মধ্যে মেজর হাফিজ এরই মধ্যে স্পিকার নির্বাচিত হয়েছেন।

নতুন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি সভাপতি হিসেবে অধিবেশনের কার্যক্রম শুরু করেন। এর পরপরই অবশ্য জোহর নামাজের জন্য ২০ মিনিটের বিরতি ঘোষণা করেন তিনি।
এর আগে সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবনায় দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন যাত্রা শুরু করে। পরে তিনি স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কার্যক্রম পরিচালনা করেন।
দুপুর ১২টার কিছু পরে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সংসদ অধিবেশন শুরুর দিন নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান যুক্ত হলেন।
বৃহস্পতিবার (১২মার্চ) সংসদ ভবনে নিজ কার্যালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে মন্ত্রী পদের শপথ পড়ান। তবে এখনো তাকে কোনো দপ্তরের দায়িত্ব দেওয়া হয়নি।
এর আগে সংসদ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন যথাক্রমে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম ও ব্যারিস্টার কায়সার কামাল।
তাদের মধ্যে মেজর হাফিজ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও কায়সার কামাল ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তারা স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে এরই মধ্যে শপথও নিয়েছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার দুজন সদস্য সংসদের দায়িত্বে চলে যাওয়ায় মন্ত্রণালয়ের দপ্তর পুনর্বণ্টন হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। প্রথম অধিবেশনের কার্যক্রমে তাকে ডেপুটি স্পিকার নির্বাচিত করার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান।
বৃহস্পতিবার দুপুর ১২টার কিছু পরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। প্রথম অধিবেশনের কার্যক্রমে তাকে স্পিকার নির্বাচিত করার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান।
বৃহস্পতিবার দুপুর ১২টার কিছু পরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান হয়।

স্পিকারের মতো ডেপুটি স্পিকার পদেও একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের নাম ডেপুটি স্পিকার হিসেবে এছে। তিনি এ দায়িত্ব পালনে সম্মত বলে জানিয়েছেন।
সভাপতির অনুমতি নিয়ে সরকারি দলের সংসদ সদস্য ও হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ডেপুটি স্পিকার পদে কায়সার কামালের নাম প্রস্তাব করেন। প্রস্তাব উত্থাপনের পর তার এ প্রস্তাবকে সমর্থন করেন আরেক হুইপ আশরাফ উদ্দীন নিজান।
এরপর সভাপতি খন্দকার মোশাররফ হোসেন প্রস্তাবটি সংসদে পেশ করেন। কণ্ঠভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান।
তিনি বলেন, ভোলা-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের নাম এসেছে স্পিকার পদের জন্য। তিনি এ দায়িত্বপালনে সম্মত আছেন বলে জানিয়েছেন।
সভাপতির অনুমতি নিয়ে সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম স্পিকার হিসেবে মেজর হাফিজের নাম প্রস্তাব করেন। তার এ প্রস্তাবকে সমর্থন করেন হুইপ রকিবুল ইসলাম।
এরপর সভাপতি খন্দকার মোশাররফ স্পিকার হিসেবে মেজর হাফিজের নাম সংসদে উত্থাপন করেন। কণ্ঠভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে মেজর হাফিজকে স্পিকার হিসেবে ঘোষণা করেন অধিবেশন সভাপতি।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর অনুপস্থিতিতে স্পিকারের আসন ফাঁকা রেখেই শুরু হয়েছে ত্রয়োদশ সংসদের কার্যক্রম। স্পিকার বা ডেপুটি স্পিকারের অবর্তমানে খন্দকার মোশাররফ হোসেন অধিবেশনের সভাপতি হিসেবে সংসদ পরিচালনার দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার সংসদ অধিবেশনের কার্যক্রম শুরুর পর সংসদ নেতা তারেক রহমান দাঁড়িয়ে অধিবেশন শুরুর জন্য একজন সদস্যকে নির্বাচনের কথা বলেন। তিনি প্রবীণ সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি হিসেবে নাম প্রস্তাব করেন।
সরকারি দলের পক্ষ থেকে এ প্রস্তাবে সমর্থন জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ নেতার প্রস্তাবে পূর্ণ সমর্থন জানান বিরোধী দলের উপনেতা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সংসদ নেতার প্রস্তাবে সায় দিলে সরকারির দলের প্রথম সারি থেকে খন্দকার মোশাররফ হোসেন উঠে যান। এরপর সংসদ ভবনের অভ্যন্তরীণ শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রোটোকল বজায় রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট অব আর্মস স্যালুট দিয়ে তাকে স্পিকারের আসনে নিয়ে যান।
দিনের কর্মসূচিতে প্রথমে স্পিকার ও পরে ডেপুটি স্পিকার নির্বাচনের পর্ব রয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা ৫৫ মিনিটে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময়ে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানান। এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েন তারেক রহমান।
অধিবেশনের কার্যক্রম শুরু করেন সংসদ সচিবালায়ের সচিব কানিজ মাওলা। সকাল ১১টা ৫ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এ সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম।
এক বছর ১০ মাস পর ফের সজীব হয়ে উঠেছে জাতীয় সংসদ ভবন, প্রথম অধিবেশনের মাধ্যমে যাত্রা শুরু করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ।
জুলাই অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দীর্ঘ ১৭ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের পতন ঘটে। এর দেড় বছরের মাথায় গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১২ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করে বিএনপির নেতৃত্বাধীন জোট। ৭৭ আসন নিয়ে বিরোধী দল হয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট।
গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন নবনির্বাচিতরা। এরপর সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদ সদস্যরা সংসদীয় কমিটির সভায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করেন। ১৭ ফেব্রুয়ারি বিকেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে এবং তার নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।
সংবিধান অনুযায়ী নির্বাচনের ফল প্রকাশের পর এক মাসের মধ্যে সংসদ অধিবেশন বসতে হয়। ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বান করেন। সে অনুযায়ী আজ ১২ মার্চ বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।