ফেরি থেকে ৫ যানবাহন ধলেশ্বরীতে, ৩ জনের মরদেহ উদ্ধার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে একটি ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলি নরসিংপুর এলাকা থেকে ফেরিটি মাঝনদীতে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিন জন হলেন- মোটরসাইকেল আরোহী রফিক, রিকশাভ্যান চালক স্বাধীন ও প্রবাসী মাসুদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ চালু হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে এগোতে থাকে। এসময় ট্রাকের ধাক্কায় ফেরির নিরাপত্তা রেলিং ভেঙে একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়িসহ ট্রাকটি নদীতে তলিয়ে যায়।

দুর্ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে দিবাগত রাতে নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

বক্তাবলি নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, ফেরিটি মাঝনদীতে থাকাকালীন কোনো এক অজ্ঞাত কারণে ট্রাকটি হঠাৎ চালু হয়ে যায়। চালক স্টিয়ারিংয়ে থাকলেও সেটি নিয়ন্ত্রণ করতে পারেননি। ফলে ট্রাকটি সামনে থাকা অন্য চারটি যানবাহনকে ধাক্কা দিয়ে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অন্যরা নিখোঁজ ছিলেন, যাদের উদ্ধারে তাৎক্ষণিক অভিযান শুরু করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, রোববার সকাল থেকে পুনরায় তল্লাশি অভিযান শুরু হবে। দুর্ঘটনায় আর কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি নদী থেকে ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধারের কাজও শুরু করা হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement