নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নয়, নিহত ১২— জানাল প্রশাসন

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা ১৪ বলে খবর প্রকাশিত হলেও লাশ শনাক্ত ও তথ্য যাচাই শেষে সংখ্যাটি ১২ হবে বলে নিশ্চিত করেছে প্রশাসন। এ দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস দুর্ঘটনায় হতাহতের হালনাগাদ তথ্য সাংবাদিকদের জানান। এ দিন ভোরে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, তাৎক্ষণিকভাবে বিভিন্ন সূত্রের তথ্যের ভিত্তিতে ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। পরে মরদেহ ও পরিচয় শনাক্তের সময় ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকের চালক দুজনও দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ও ভারপ্রাপ্ত ইনচার্জ আলমগীর হোসেন জানান, পাবনার দিকে যাচ্ছি বালুবোঝাই ট্রাক। এর সঙ্গে কুয়াকাটা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও তিনজনের। দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, জেলা প্রশাসক সুমনী আক্তার, পুলিশ সুপার শরিফুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।












-9f477b-256x144.webp)
