ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেপ্তার, শ্লীলতাহানিতে অভিযুক্ত ২ পুলিশও

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের খাবারের বগিতে এক নারী যাত্রীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওই নারীর। এ ঘটনায় আজ মঙ্গলবার সান্তাহার জিআরপি থানায় মামলা করেছেন তিনি।
মামলায় ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিকের (২২) বিরুদ্ধে ধর্ষণ এবং ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা অজ্ঞাতপরিচয় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে। আবু বক্করকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ। তিনি নাটোরের আবদুলপুর এলাকার বাসিন্দা।
মামলার এজাহার ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর এলাকার ওই নারী গত রোববার রাতে রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে কুড়িগ্রাম এক্সপ্রেসে ওঠেন। ট্রেনটির সিরাজগঞ্জ স্টেশনে যাত্রাবিরতি নেই। তাই আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য তিনি দিনাজপুরের পার্বতীপুর স্টেশনে নামার সিদ্ধান্ত নেন।
এজাহারে ওই নারী অভিযোগ করেন, ট্রেনটি সিরাজগঞ্জ স্টেশন পার হওয়ার পর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য তাকে দেহ তল্লাশির কথা বলে খাবারের বগিতে নিয়ে যান। সেখানে ওই দুই পুলিশ সদস্য তার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করেন তিনি। পরে খাবারের বগির ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিক তাকে ধর্ষণ করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে ওই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে অভিযোগ করেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশের সান্তাহার থানার একটি দল চলন্ত ট্রেন থেকে আবু বক্করকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন।
ওসি দুলাল উদ্দিন বলেন, মামলায় নিরাপত্তার দায়িত্বে থাকা অজ্ঞাতপরিচয় দুই পুলিশ সদস্যকেও আসামি করা হয়েছে। ওই দুই পুলিশ সদস্য এ ঘটনায় জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।



















