সাভারে ছাঁটাইয়ের প্রতিবাদে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বকেয়া পরিশোধ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে আল মুসলিম গ্রুপের ছাঁটাই করা শ্রমিকরা বকেয়া পাওনা পরিশোধ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছেন। একপর্যায়ে তারা ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী সার্ভিস লেন প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন।

শনিবার (৬ জুন) সকাল ৮টা থেকে সাভারের উলাইল এলাকায় অবস্থিত একেএম নিটওয়্যার লিমিটেড কারখানার সামনে কয়েকশ শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করলে শিল্প পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

শিল্প পুলিশের পরিদর্শক রেফায়েত উল্লাহ চৌধুরী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারখানার মূল ফটকের সামনে শিল্প পুলিশের সাঁজোয়া যান ও জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে আল মুসলিম গ্রুপের কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায়, প্রতিষ্ঠানটির তিনটি কারখানা থেকে মোট ১ হাজার ৮৬৮ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে উলাইলের একেএম নিটওয়্যার লিমিটেড থেকে ১ হাজার ২৮৬ জন, রেডিও কলোনি এলাকার প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার কারখানা থেকে ৫২৯ জন এবং আশুলিয়ার আল মুসলিম অ্যাপারেলস থেকে ৫৩ জন শ্রমিক রয়েছেন।

কর্তৃপক্ষের দাবি, ক্রয়াদেশ কমে যাওয়ায় শ্রম আইন অনুসরণ করে ছাঁটাই করা হয়েছে এবং শ্রমিকদের সব পাওনা পরিশোধ করা হয়েছে। তবে বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি অনেকেই অভিযোগ করেন, আইন অনুযায়ী প্রাপ্য ক্ষতিপূরণও তারা পাননি।

একাধিক শ্রমিক জানান, দীর্ঘদিন ধরে কারখানায় কাজ করার পর হঠাৎ মোবাইল বার্তার মাধ্যমে ছাঁটাইয়ের খবর পান। কেউ কেউ আবার কর্মস্থলে এসে জানতে পারেন যে তাদের চাকরি নেই। শ্রমিকদের দাবি, আইন অনুযায়ী ক্ষতিপূরণ ও অন্যান্য পাওনা পরিশোধ না করে তাদের অন্যায়ভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিক্ষোভকারীরা বলেন, বর্তমান উচ্চ দ্রব্যমূল্যের সময়ে হঠাৎ চাকরি হারিয়ে তারা পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাই তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে অথবা আইন অনুযায়ী সব বকেয়া ও ক্ষতিপূরণ এককালীন পরিশোধ করতে হবে।

এ বিষয়ে আল মুসলিম গ্রুপের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু রায়হান বলেন, ব্যবসায়িক মন্দা ও ক্রয়াদেশ কমে যাওয়ার কারণে শ্রম আইনের ২০ ধারা অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ করেই ছাঁটাই করা হয়েছে। শ্রমিকদের অভিযোগ সঠিক নয় বলে দাবি করে তিনি বলেন, কোনো শ্রমিকের পাওনা বাকি থাকলে যাচাই করে তা পরিশোধ করা হবে।

রাজনীতি/আরআইআর

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি, দুর্ভোগে হাজারো যাত্রী

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের চাপ বাড়ার মধ্যেই গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে প্রায় ২০ থেকে ২৫টি যানবাহন বিকল হয়ে পড়ে। বিকল যান সরাতে উদ্ধারকারী যান ব্যবহার করতে হওয়ায় বারবার যান চলাচল ব্যাহত হয় এবং ধীরে ধীরে দীর্ঘ যানজট তৈরি হয়।

৫ ঘণ্টা আগে

বরগুনায় বাসচাপায় শ্যালক-দুলাভাই নিহত, আহত ১

শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

৫ ঘণ্টা আগে

নওগাঁ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ফিরে গেলেন ১৭ জন

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ফের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

৬ ঘণ্টা আগে

কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে ড. খলিলুর রহমান বলেন, দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রতিফলন ঘটিয়ে বন্ধুভাবাপন্ন, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

৭ ঘণ্টা আগে