ময়মনসিংহ-৮ ও ৯: প্রথমবার ভোট করেই বাজিমাত ২ বিএনপি নেতার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩: ২১
লুৎফুল্লাহেল মাজেদ বাবু (বাঁয়ে) ও ইয়াসের খান চৌধুরী (ডানে)। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের দুটি আসন— ৮ (ঈশ্বরগঞ্জ) ও ৯ (নান্দাইল)— এবার ছিল ব্যতিক্রমী ও ঘটনাবহুল। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বিজয়ী হয়েছেন বিএনপির দুই প্রার্থী। একই সঙ্গে দীর্ঘ ৪৩ বছরের রাজনৈতিক জীবনের পর দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে দল পরিবর্তন করেও জয় পাননি এক সাবেক সংসদ সদস্য। নান্দাইল আসনে চাচি-ভাতিজার লড়াইও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ঈশ্বরগঞ্জে নতুন মুখ

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। প্রথমবারের মতো এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি বিপুল ভোটে জয় পেয়েছেন।

স্থানীয়দের কাছে মানবিক ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত লুৎফুল্লাহেল মাজেদ বাবু দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছেন। মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, অসহায় ও ক্যান্সার আক্রান্ত রোগীদের দেশ-বিদেশে চিকিৎসা ব্যয়ের সহযোগিতা— এসব কর্মকাণ্ডের জন্য তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

২০২৪ সালের ৩০ জুলাই রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে তুলে নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরিবারের সদস্যরা তখন উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটান। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন তিনি মুক্তি পান। অভিযোগ রয়েছে, ছয় দিন তাকে ‘আয়নাঘর’-এ আটকে রেখে নির্যাতন করা হয়। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি এলাকায় ফিরে বন্দিদশার অভিজ্ঞতা বর্ণনা করেন।

এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবীর শাহীন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয় পেয়েছিলেন। এবার বিএনপিত মনোনয়ন না পেয়ে তিনি দল থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়ে ওই দলের প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তবে তিনি বিপুল ব্যবধানে পরাজিত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, লুৎফুল্লাহেল মাজেদ বাবু পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও এলডিপি নেতা অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল পেয়েছেন ৪৫ হাজার ৭৯১ ভোট। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শাহ নুরুল কবীর শাহীন পেয়েছেন ৩২ হাজার ৭৩৪ ভোট।

নান্দাইলে চাচি-ভাতিজার লড়াই

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে চাচি-ভাতিজার প্রতিদ্বন্দ্বিতা ছিল ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দু। এখানে বিজয়ী হয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও পেশায় তথ্যপ্রযুক্তিবিদ ইয়াসের খান চৌধুরী। তিনিও প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে জয় পেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুর হাউজের চৌধুরী পরিবার দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পরিবারের বড় ভাই প্রয়াত আনোয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তার ছেলে ইয়াসের খান চৌধুরী এবার সেই আসনেই জয় পেলেন।

অন্যদিকে প্রয়াত আনোয়ারুল হোসেন খানের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা প্রয়াত খুররম খান চৌধুরী নান্দাইল আসনে তিনবার এবং পাশ্ববর্তী ঈশ্বরগঞ্জ আসনে একবার সংসদ সদস্য ছিলেন। তার স্ত্রী হাসিনা খান চৌধুরী এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন তার ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী নাসের খান চৌধুরী। তবে মনোনয়ন না পেয়ে যুক্তরাষ্ট্র থেকেই মায়ের পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নেন তিনি। এ ঘটনায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে গত ৬ ফেব্রুয়ারি নাসের খান চৌধুরীকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

নান্দাইল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও ফাতেমা জান্নাত বৃহস্পতিবার গভীর রাতে এ আসনের ফলাফল ঘোষণা করেন। বিএনপি প্রার্থী ইয়াসের খান চৌধুরী ৮৫ হাজার ৪৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী পেয়েছেন ৩০ হাজার ২০৮ ভোট।

ময়মনসিংহের এ দুটি আসনেই প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের জয় এবং পারিবারিক ও দলীয় সমীকরণের নাটকীয়তা এবারের নির্বাচনকে করেছে ব্যতিক্রমী ও আলোচিত।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে