সুন্দরবনে জ্বলছে আগুন, কারণ খুঁজতে তদন্ত কমিটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সুন্দরবনের পূর্বাংশে লাগা আগুনে এরই মধ্যে পুড়ে গেছে কিছু এলাকা। গতকাল শনিবার আগুন লাগার বিষয়টি নজরে আসার পর দুপুর থেকেই বন বিভাগ, স্থানীয় স্বেচ্ছাসেবক ও বাসিন্দারা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

তবে দুর্গম এলাকা এবং পানির উৎস দূরে থাকায় গতকাল বিকেলে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছালেও আগুন নির্বাপণে আর কাজ শুরু করতে পারছিল না। আজ রোববার সকাল সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন জ্বলছিল।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের আমোরবুনিয়া টহল ফাঁড়ির লতিফের ছিলা এলাকায় লাগা আগুন এরই মধ্যে অন্তত ২ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে বলে দাবি স্থানীয় মানুষের। বনাঞ্চলের ঝুঁকি বিবেচনায় রাতে অগ্নিনির্বাপণের কাজ স্থগিত ছিল।

আজ সকাল থেকে আবারও কাজ শুরু করেছে বন বিভাগ, ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকেরা। তাদের সহযোগিতায় যোগ দিয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনীর দুটি পৃথক দল।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেবকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, আগুন নির্বাপণে সকাল থেকে সবাই সম্মিলিতভাবে আবারও কাজ শুরু করেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে এসিএফ চাঁদপাইকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। স্টেশন কর্মকর্তা ধানসাগর ও স্টেশন কর্মকর্তা জিউধারাকে নিয়ে গঠিত তিন সদস্যের ওই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আগুন নির্বাপণের কাজ শেষ হলে তদন্ত কমিটি কাজ শুরু করবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোরেলগঞ্জ স্টেশনের স্টেশন কর্মকর্তা আবুল ফারুখ বলেন, ‘আগুন নির্বাপণে আমাদের বিভিন্ন স্টেশনের ৫০ জন কর্মী এবং ২৫০ জন স্বেচ্ছাসেবক সকাল থেকে কাজ শুরু করেছে। পাম্প মেশিন, ফায়ার হোজ পাইপসহ সব মালামাল নিয়ে আসা হয়েছে। কাছের পানির উৎস ভোলা নদী থেকে আগুনের এলাকা প্রায় দুই কিলোমিটার ভেতরে। সবকিছু স্থাপন করে পানি ছিটানোর ব্যবস্থা করা হচ্ছে।’

গতকাল সন্ধ্যা পর্যন্ত আগুন যেখানে ছিল, তা আরও নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে বলে জানাচ্ছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, রাতে আরও নতুন এলাকা পুড়ছে। আগুন যে পর্যন্ত ছিল, আশপাশে তা আরও ছড়িয়েছে। বেশ কিছু গাছপালা, লতাগুল্ম পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগা বনাঞ্চলের ওই এলাকায় মূলত বলা, সুন্দরী, বাইন, গেওয়া, জিন, সিংড়াসহ বিভিন্ন ধরনের লতাগুল্ম–জাতীয় গাছ রয়েছে। আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে, এ জন্য স্থানীয় লোকজন নিয়ে বন বিভাগ কিছুটা পাতার স্তূপ সরালেও গভীর ফায়ার লাইন কাটতে পারেনি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বনের ওই এলাকায় বন্য প্রাণীর চাপ বেশি। বাঘ, হরিণ, বানরসহ অনেক প্রাণীর বাস এখানে। বন থেকে লোকালয় কাছে হওয়ায় এবং সহজে বনে প্রবেশের সুযোগ থাকায় এখানে চোরা শিকারিদের বনে প্রবেশ সহজ। বনের ওই এলাকায় বর্ষা মৌসুমে মাছ শিকারের জন্য এর আগে আগুন দেওয়ার অভিযোগও আছে।

সর্বশেষ ২০২১ সালের ৩ মে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় আগুন লেগেছিল। এ নিয়ে গত ২৩ বছরে সুন্দরবনের ভোলা ও মরা ভোলা নদীসংলগ্ন ওই এলাকায় অন্তত ২৫ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

৮ ঘণ্টা আগে

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১২ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে