কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিক নিয়াজ ও তানভীর লাপাত্তা, ম্যানেজার গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটক মারা গেছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন ছয়জন। ভয়াবহ এ আগুনের পর রিসোর্টির মালিক নিয়াজ মোর্শেদ ও অংশীদার তানভীরের খোঁজ পাওয়া যাচ্ছে না।
তবে রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, সন্ধ্যা ৬টার দিকে সুমনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
জানা গেছে, চট্টগ্রামের বাসিন্দা নিয়াজ মোর্শেদ রিসোর্টটির মালিক। তানভীরও এর অন্যতম অংশীদার। তবে অগ্নিকাণ্ডের পর তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। এতে ১০ জনের মৃত্যু হয়েছে। কক্সবাজার শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে পাটুয়ারটেক সৈকত এলাকায় অবস্থিত দুই তলাবিশিষ্ট রিসোর্টটির এক পাশে ইটের পাকা দেয়াল থাকলেও বাকি অংশ কাঠ, বাঁশ ও টিন দিয়ে তৈরি। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন শনিবার বেলা সোয়া দুইটার দিকে ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।
নিহত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত নয়জনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন— ঢাকার বনশ্রীর বাসিন্দা ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিজ তাহেমী (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ।
পরিচয় শনাক্ত হওয়া অন্য তিনজন হলেন— ঢাকার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক নাসরিন আক্তার মুক্তা (২৯), জিহাদ হাওলাদার ও আকিবুল ইসলাম। জিহাদ ও আকিবুলের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
অগ্নিকাণ্ডে লায়লা জাহান নাবিলার তিন বোন নিহত হয়েছেন। তারা হলেন— ফারিয়া কবির (৩৩), ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩)। এ ছাড়া নিহত ফাইজান নূর (৫) নাবিলার বড় বোন ফারিয়ার ছেলে এবং নাসির উদ্দিন (২৫) নাবিলার ভাই। তারা সবাই ঢাকা থেকে কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন।
অগ্নিকাণ্ডে দগ্ধ ছয়জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন— মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।
স্থানীয় লোকজন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশ নেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

















