শেয়ারবাজার কেলেঙ্কারি: ২ বছরে ১২ তদন্ত, ১ হাজার ৪৯৬ কোটি টাকা জরিমানা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির অভিযোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১ হাজার ৪৯৬ কোটি ৬৪ লাখ টাকা জরিমানা করেছে পুনর্গঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই ইস্যুতে ২০২৬ সালের ১৩ মে পর্যন্ত ১১৪টি অনুসন্ধান ও ১২টি তদন্ত সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুনর্গঠিত কমিশন ১২টি আলোচিত বিষয়ে অনুসন্ধান ও তদন্ত চালিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

অর্থমন্ত্রী জানান, বেক্সিমকো গ্রিন সুকুক আল ইস্তিসনা বন্ড সংক্রান্ত কেলেঙ্কারির ঘটনায় তদন্তের ভিত্তিতে সাবেক বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবনের জন্য পুঁজিবাজার-সংশ্লিষ্ট সব কার্যক্রমে অংশগ্রহণে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সাবেক কমিশনার শামসুদ্দিন আহমেদের ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সংশ্লিষ্ট ঘটনায় দুর্নীতি ও সম্ভাব্য অর্থপাচারের অভিযোগ দুদকে পাঠানো হয়েছে।

এ ছাড়া, আইএফআইসি গ্যারান্টিড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড–সংক্রান্ত তদন্তে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আজীবন নিষিদ্ধ করার পাশাপাশি ১০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনায় তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানকে ৫০ কোটি টাকা জরিমানা ও আজীবন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

এ ছাড়া আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরওয়ারকে পাঁচ কোটি টাকা জরিমানা এবং আইএফআইসি ইনভেস্টমেন্টের সাবেক প্রধান নির্বাহী ইমরান আহমেদের বিরুদ্ধে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী জানান, ২০২৬ সালের ১৩ মে পর্যন্ত শেয়ারবাজার-সংক্রান্ত ১১৪টি অনুসন্ধান, ১২টি তদন্ত ও ৬৪টি পরিদর্শন সম্পন্ন হয়েছে। একই সময়ে ৬৭৫টি এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং ১৬টি বিষয় তদন্তের জন্য দুদকসহ বিভিন্ন সংস্থায় পাঠানো হয়েছে।

বাজার কারসাজির অভিযোগে বেক্সিমকো লিমিটেড, আবুল খায়ের হিরু ও সংশ্লিষ্টদের ৭০০ কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মিথ্যা তথ্য প্রদান ও জালিয়াতির অভিযোগে সালমান এফ রহমান ও আহমেদ শায়ান ফজলুর রহমানকে মোট ১৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

তবে জরিমানার কত টাকা আদায় হয়েছে, কতগুলো সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে কিংবা দুদকে পাঠানো অভিযোগের ভিত্তিতে কতগুলো মামলা হয়েছে, সে বিষয়ে সংসদে কোনো তথ্য উপস্থাপন করা হয়নি। ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীরা কোনো প্রতিকার পেয়েছেন কি না, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

অর্থমন্ত্রী বলেন, সরকার দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎস হিসেবে পুঁজিবাজারকে শক্তিশালী করতে বন্ডবাজার সম্প্রসারণ, সুকুক ও এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড চালু, রাষ্ট্রায়ত্ত কোম্পানিকে তালিকাভুক্তকরণ এবং মৌলভিত্তি শক্তিশালী কোম্পানিকে বাজারে আনার উদ্যোগ নিয়েছে।

রাজনীতি/আরআইআর

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদের বাজেট অধিবেশন শুরু আজ

২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিল অন্তর্বর্তী সরকার, যা পরে সংশোধিত হয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকায় নেমে আসে। সে সময় উন্নয়ন ব্যয় কমিয়ে ভর্তুকি ও অনুন্নয়ন ব্যয় বাড়ানো হয়েছিল। সেই হিসাবে আগামী বাজেট চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বড়

২ দিন আগে

সিলেটে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. এ এফ এম মতিউর রহমান গুণগত ঋণ বিতরণ এবং টেকসই উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। তিনি সমন্বিত উদ্যোগ, দায়িত্বশীলতা ও আন্তরিকতার মাধ্যমে সিলেট বিভাগের আওতাধীন শাখাগুলোর ব্যবসায়িক সূচকের উন্নয়ন এবং সামগ্রিক কার্যক্রমের গতি বৃদ্ধির আহ্বান জানান।

৩ দিন আগে

দেশের বাজারে সোনার দামে বড় দরপতন, কমলো রুপার দামও

বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

৩ দিন আগে

কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতিকে আইনি সুরক্ষা দেওয়ার শামিল: টিআইবি

টিআইবি বলছে, আবাসন খাত ব্যবসায় স্থবিরতা দূর, শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার অজুহাতে এ জাতীয় দুর্নীতিসহায়ক সুযোগ প্রদান সরকারের জন্য আত্মঘাতীমূলক। এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি ও অনিয়মকে স্বাভাবিকতায় পরিণত করার নামান্তর। এ সুযোগ চিরতরে বন্ধ করতে হবে।

৫ দিন আগে