ইসলামী ব্যাংকে সংকট: সিদ্ধান্তে অটল বাংলাদেশ ব্যাংক, আন্দোলন চালিয়ে যাবে ‘গ্রাহক ফোরাম’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সচেতন গ্রাহক ফোরাম আন্দোলন চালিয়ে যাচ্ছে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে। প্রতীকী ছবি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম নিয়োগ বাতিলের দাবিতে ‘সচেতন গ্রাহক ফোরামে’র চলমান আন্দোলনের মুখে বাংলাদেশ ব্যাংক কোনো সিদ্ধান্ত পরিবর্তন করবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকটির মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘রাস্তার কোনো আন্দোলনের চাপে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত থেকে সরে আসবে না।’

এদিকে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মতিঝিলের দিলকুশায় অবস্থান কর্মসূচি চালিয়েছেন ব্যাংকটির ‘সচেতন গ্রাহক ফোরামে’র সদস্যরা। ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ সাত দফা দাবি তুলে ধরেছেন তারা। আরও জানিয়েছেন, দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

ঈদুল আজহার ছুটির আগে শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমানের পদত্যাগ ও খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান নিয়োগ ঘিরে ঈদের পরে রাজপথে নেমেছে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম। গতকাল সোমবার (১ জুন) ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সকাল ৯টাতেই ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন ফোরামের সদস্যরা। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ছোড়ার পাশাপাশি জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

জামায়াতপন্থি হিসেবে পরিচিত ইসলামী ব্যাংকের এই সচেতন গ্রাহক ফোরাম মঙ্গলবার (২ জুন) দ্বিতীয় দিনের মতো অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ দিন ফোরামের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলন করেও নিজেদের অবস্থান তুলে ধরা হয়, প্রতিবাদ জানানো হয় বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বক্তব্যের।

এর মধ্যে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের বিরুদ্ধে খেলাপি ঋণ থাকার অভিযোগ উঠেছে। ব্যাংকিং ক্যারিয়ারে অর্থ আত্মসাতের দায়ে শাস্তির মুখোমুখি হওয়ার ঘটনাও প্রকাশ্যে এসেছে। এমন অবস্থায় বাংলাদেশ ব্যাংক ও সচেতন গ্রাহত ফোরামের অনড় অবস্থানে ইসলামী ব্যাংক নিয়ে সৃষ্ট সংকট ঘনীভূত হয়েছে।

গ্রাহক ফোরামের ৭ দাবি

খুরশীদ আলমের পদত্যাগ ও ব্যাংক রেজল্যুশন অ্যাক্ট থেকে ১৮(ক) ধারা বাতিল করাসহ সাত দফা দাবিতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর মতিঝিলের দিলকুশায় অবস্থান কর্মসূচি পালন করেন ইসলামী ব্যাংকের ‘সচেতন গ্রাহক ফোরামে’র সদস্যরা। দুপুর ১২টায় অবস্থান কর্মসূচির মাঝে সংবাদ সম্মেলন করেন ফোরামের নেতাকর্মীরা। সেখান থেকে সাত দফা দাবি তুলে ধরেন ফোরামের আহ্বায়ক নুর-উন-নবী। দাবিগুলো হলো—

  • ইসলামী ব্যাংকে নিয়োগ করা চেয়ারম্যান খুরশীদ আলমকে পদত্যাগ করতে হবে;
  • ওমর ফারুক খানকে এমডি পদে পুনর্বহাল করতে হবে;
  • লুটপাটের সঙ্গে জড়িত কেউ ইসলামী ব্যাংকের বোর্ডে থাকতে পারবে না;
  • ব্যাংক রেজল্যুশন অ্যাক্ট থেকে ১৮(ক) ধারা বাতিল করতে হবে;
  • এস আলমের দখল করা মালিকানা এবং দেশে থাকা তার সম্পত্তি বিক্রি করে লুট করা অর্থের সমন্বয় করতে হবে;
  • শুধু ইসলামী ব্যাংক নয়, এস আলম যাতে কোনো ব্যাংকেই ফিরতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে; এবং
  • ইসলামী ব্যাংকসহ সব ব্যাংক লুটকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে ব্যাংক রেজল্যুশন অ্যাক্টের যে ১৮(ক) ধারা বাতিলের দাবি জানানো হয়েছে সেটি নিয়ে এর আগেও বিতর্ক হয়েছে। এই ধারা অনুযায়ী, একীভূত হওয়া বা রেজ্যুলেশন প্রক্রিয়ায় যাওয়া দুর্বল ব্যাংকের আগের মালিক ও শেয়ারহোল্ডারদের আবারও ব্যাংকের মালিকানায় ফিরে আসার সুযোগ রয়েছে।

আওয়ামী লীগ আমলে ২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছিলেন এস আলম। তিনি নিজে কখনো পদে না বসলেও ছেলে আহসানুল আলমকে এই ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছিলেন। জুলাই অভ্যুত্থানের পর তিনি দেশ ছাড়েন। তার বিরুদ্ধে সোয়া দুই লাখ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ওঠে।

বিরোধী দলগুলোর অভিযোগ, সাইফুল আলম তথা এস আলমসহ আর্থিক দুর্নীতিতে যুক্তদের ব্যাংকের মালিকানায় ফিরিয়ে আনতেই বিএনপি ব্যাংক আইনের এই ধারাটি যুক্ত করেছে। অবশ্য আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় এসে নিয়ন্ত্রণে নেওয়ার আগ পর্যন্ত ইসলামী ব্যাংক জামায়াতপন্থি লোকজনের মাধ্যমে পরিচালিত হতো।

নবনিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

ঈদুল আজহার ছুটির আগে শেষ কার্যদিবস গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন এম জুবায়দুর রহমান। ২০২৫ সালের জুলাইয়ে তাকে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তখন গভর্নর ছিলেন আহসান এইচ মনসুর।

তার পদত্যাগের পর ওই দিনই মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়। তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মকর্তাদের চাপের মুখে তাকে সে পদ ছাড়তে হয়েছিল।

অভিযোগ রয়েছে, ইসলামী ব্যাংকে নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলম ঋণখেলাপি। তার বিরুদ্ধে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করার অভিযোগ রয়েছে।

খুরশীদ আলমকে নিয়ে আরেকটি পুরনো অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে। তিনি বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনের সময় ৫৪ লাখ টাকা আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ ওঠে। তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকটির মানবসম্পদ বিভাগ অফিস আদেশ জারি করেছিল। এর জের ধরে তার দুটি বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) বন্ধ করা হয়।

যা বলছে বাংলাদেশ ব্যাংক

কোনো আন্দোলনের মুখে সিদ্ধান্ত পরিবর্তন করবে না বলে বাংলাদেশ ব্যাংকের স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক মনে করে তাদের সিদ্ধান্ত সঠিক। কোনো ধরনের আন্দোলন বা চাপের মুখে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত পরিবর্তন করবে না। আজ যদি কোনো পক্ষের আন্দোলনের কারণে একটি সিদ্ধান্ত পরিবর্তন করা হয়, তাহলে ভবিষ্যতে আরেকটি পক্ষ আরও বড় আন্দোলন করে অন্য সিদ্ধান্ত পরিবর্তনের দাবি তুলবে। এভাবে কোনো প্রতিষ্ঠান পরিচালিত হতে পারে না।’

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদকে অনলাইন সভার অনুমতি দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র বলেন, ‘বিশেষ পরিস্থিতির কারণে ব্যাংকটির পক্ষ থেকে ভার্চুয়াল সভা আয়োজনের অনুমতি চাওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংক সেই অনুমতি দিয়েছে। বিশেষ পরিস্থিতিতে অনলাইনে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হতে পারে এবং এতে কোনো বিধিনিষেধ নেই।’

আরিফ হোসেন আরও বলেন, ‘ব্যাংকে কর্মপরিবেশ ফিরে এসেছে। তার কোনো ব্যত্যয় হলে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নেবে। ইসলামী ব্যাংকের পাশে কেন্দ্রীয় ব্যাংক থাকবে। তাদের অবস্থান আরও মজবুত হবে।’

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান (বাঁয়ে) এবং মঙ্গলবার ইসলামী ব্যাংকের সামনে ‘সচেতন গ্রাহক ফোরামে’র সদস্যদের অবস্থান কর্মসূচি (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান (বাঁয়ে) এবং মঙ্গলবার ইসলামী ব্যাংকের সামনে ‘সচেতন গ্রাহক ফোরামে’র সদস্যদের অবস্থান কর্মসূচি (ডানে)। ছবি: সংগৃহীত

নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে খেলাপি ঋণ থাকার অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে তিন কোটি টাকা ঋণ নেওয়া একটি প্রতিষ্ঠানের যৌথ মালিক খুরশীদ আলমের স্ত্রী। ওই ঋণ পরে খেলাপি হয়েছে। ফলে স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণখেলাপি হলেও খুরশীদ আলম ব্যক্তিগতভাবে ঋণখেলাপি নন।

রংপুরে দায়িত্ব পালনের সময় খুরশীদ আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ার পরও কেবল ইনক্রিমেন্ট বন্ধের মতো শাস্তি দেওয়ায় সে সময় বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে অসন্তোষ ও সমালোচনা দেখা দিয়েছিল। এ ঘটনা নিয়েও সাংবাদিকরা জানতে চান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের কাছে।

জবাবে আরিফ হোসেন বলেন, সে সময় খুরশীদ আলমের বিরুদ্ধে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছিল। ফলে তাকে যে শাস্তি দেওয়া হয়েছিল, তা যথাযথ ছিল না। এ কারণেই পরে তিনি নির্বাহী পরিচালক এবং ডেপুটি গভর্নর হিসেবে পদোন্নতি পান।

আন্দোলনকারীদের পরিচয় নিয়ে ‘সন্দেহ’ ও প্রতিবাদ

এদিকে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম নামে যারা আন্দোলনে নেমেছেন, তাদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আন্দোলনকারীরা প্রকৃত আমানতকারী কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তারা বিভিন্ন নামে-বেনামে ব্যানার নিয়ে রাস্তায় নেমেছেন।’

এর আগে গতকাল সোমবারও আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেছিলেন, ‘একটি রাজনৈতিক দলের সদস্যরা ইসলামী ব্যাংক নিয়ে অস্থিরতা ছড়াচ্ছেন। সড়কে আন্দোলন করে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত পরিবর্তন আসবে না।’

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মূলত একটি রাজনৈতিক দল বলতে ইসলামী ব্যাংকের যাত্রার শুরু থেকেই এতে প্রভাব রেখে আসা জামায়াতে ইসলামীর দিকেই ইঙ্গিত করেছিলেন। তবে তার এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সচেতন গ্রাহক ফোরামের নেতারা।

মঙ্গলবার মানববন্ধন ও অবস্থান কর্মসূচির মাঝে সংবাদ সম্মেলনে তারা এ প্রসঙ্গে কথা বলেন। আন্দোলনকারীরা বলেন, ‘নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বশীল পদে থেকে রাজনৈতিক বক্তব্য অত্যন্ত দুঃখজনক। আমরা গ্রাহক। গ্রাহক পরিচয়েই এখানে দাবি নিয়ে এসেছি।’

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে এখনো চূড়ান্ত সমঝোতা না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে তেলের বাজারে।

৭ দিন আগে

মিরপুরে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার পাশে বসুন্ধরা শুভসংঘ

ঈদকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার হাতে তুলে দেওয়া হয়েছে ঈদের বাজার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করে বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবীরা।

৮ দিন আগে

বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন জুনে

গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সম্মেলনের প্রস্তুতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

৮ দিন আগে

ফের বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৩৮ হাজার টাকা

বাজুসের বিজ্ঞপ্তির তথ্য বলছে, নতুন দর অনুযায়ী ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনার নতুন দাম পড়বে দুই লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে এক লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

৮ দিন আগে