প্রশাসনে এখনো ফ্যাসিস্টদের দোসররা বসে আছে : সাকি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘প্রশাসনে এখনো ফ্যাসিস্টদের দোসররা বসে আছে। বিভিন্ন কাঠামোতে তারা বসে আছে। তারা খুনিদের আড়াল করার চেষ্টা করছে। তারা যেন খুনিদের আড়াল করতে না পারে। আপনারা যদি এদের বিচার করতে না পারেন তাহলে কেনো দায়িত্ব নিয়েছেন? বিচার আপনাদের করতেই হবে।’

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় হোসিয়ারি সমিতি মিলনায়তনে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় সুযোগের সমতা, মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ৭২ সাল থেকে আমরা দেখলাম ওই মুক্তিযুদ্ধের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার বিপরীতে বাংলাদেশকে চালানো হয়েছিল।

সাংবিধানিক ক্ষমতার কাঠামো দেখেন, সব ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত ছিল। এক হাতে মানুষের অধিকারের কথা বলেছে, আরেক হাতে সেটা কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এভাবে যারা ক্ষমতায় গিয়েছে তারা পুরো জমিদারির মতো দেশ চালানোর ক্ষমতা দেওয়া হয়েছে। যে কারণে ৫৩ বছরে আমরা সুযোগের সমতা পাইনি।

আমরা মানবিক মর্যাদা পাইনি। আমরা সামাজিক ন্যায় বিচার পাইনি। বরং আমাদের ভোটের অধিকারটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। আমাদের টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে। আমি শুনেছিলাম ১১ লাখ কোটি টাকা, এখন শুনছি ১৮ লাখ কোটি টাকা পাচার করেছে তারা।

এইভাবে তারা নিজেদের গদি টিকিয়ে রাখার জন্য জুলাই-আগস্টে নির্বিচারে আমাদের সন্তানদের হত্যা করেছে। ছাত্র-জনতা গণ-অভ্যুত্থানের মাধ্যমে জানিয়ে দিয়েছে, বাংলাদেশ চলবে মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি অনুযায়ী। বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। ফ্যাসিস্টরা যে রাজনৈতিক বন্দোবস্ত করেছিল সেটাতে হবে না। আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে গণতান্ত্রিক সংবিধান। এক ব্যক্তির হাতে ক্ষমতার সংবিধান না। এ জন্য রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সংস্কার লাগবে। আইনের সংস্কার লাগবে। যে আইন আমার গলাটিপে ধরে, আমার কণ্ঠরোধ করে, এই সব কিছুর সংস্কার লাগবে। যে আইন সাংবাদিকদের নির্যাতন করতে না পারে। রাষ্ট্রের যেকোনো নাগরিক যাতে মাথা উঁচু করতে পারে। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর লাগবে। আশা করছি, অন্তর্বর্তী সরকার যথাযথভাবে এসব সংস্কার করবে।’

জোনায়েদ সাকি বলেন, ‘উন্নয়ন মানে বড় বড় স্থাপনা না। উন্নয়ন বলতে বোঝায় একজন মানুষ সর্বনিম্ন কত আয় করে। সেটা নিয়ে তিনি যদি সম্মান নিয়ে বাচতে পারে, তার সন্তানদের লেখাপড়া করাতে পারে, তার পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে, পরিবারের ভবিষ্যৎ করতে পারে তাহলে বুঝব বাংলাদেশ উন্নতি করছে। আমাদের কয়েকটি বিল্ডিং কয়েকটি মেট্রো রেল আর কয়েকটি স্থাপনা দেখিয়ে বলবেন না, দেশ উন্নতি হচ্ছে। বাংলাদেশের উন্নতি বলতে বুঝি, বাংলাদেশের প্রতিটি মানুষের উন্নতি যে উন্নতিতে প্রতিটি মানুষ মাথা উচু করে বাঁচতে পারে। জনগণ হতে হবে ক্ষমতার কেন্দ্রবিন্দু। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহি করবে এ ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি। চব্বিশের জুলাইয়ে এই রাষ্ট্রের প্রত্যাশায় শহীদরা রক্ত দিয়েছেন। তাদের রক্তের ঋণের সঙ্গে আমরা যাতে বেঈমানি না করি সবাই সেই অঙ্গীকার করি।’

গণসংহতি নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক অঞ্জন দাসের সভাপতিত্বে এদিন আরো বক্তব্য দেন সমন্বয়ক তরিকুল সুজন, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনাসহ শহীদ পরিবারের সদস্যরা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

১১ ঘণ্টা আগে

নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামীর মিছিল

বিক্ষোভ মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

১১ ঘণ্টা আগে

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপির এমপি রফিকুল

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।

১ দিন আগে

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১০

"সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়। সেখানে আগে থেকেই পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলের চেষ্টা করা হলে সেখান থেকে ১০ জনকে আটক করা হয়।"

২ দিন আগে