শোকজের জবাবে পাটওয়ারী বললেন— ইতিহাস সাগরপারেও জন্ম নেয়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ২০: ১৮
নাসিরুদ্দীন পাটোয়ারী- ফাইল ছবি

কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতার আলোচিত সফর প্রসঙ্গে দলের কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। সেখানে তিনি লিখেছেন, গভীরভাবে ভাবতেই দলের বাকিদের সঙ্গে তিনি কক্সবাজার গিয়েছিলেন।

‘ঘুরতে যাওয়া অপরাধ নয়’ উল্লেখ করে নাসির লিখেছেন, কেবল দলীয় বৈঠকে নয়, নির্জন ঘর বা সাগরপারেও ইতিহাস জন্ম নিতে পারে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে কারণ দর্শানোর নোটিশের এই জবাব পোস্ট করেছেন নাসির। এর আগে বুধবার (৬ আগস্ট) দল থেকে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানে বিজয়ের বর্ষপূর্তির দিনে কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তার সঙ্গে আরও ছিলেন এনসিপির দুই মুখ্য সংগঠন সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে এ খবর প্রকাশিত হলে তা ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে যেখানে ঢাকায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলছে দিনভর আয়োজন, বিকেলে বহুল আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ হবে, সেখানে আন্দোলনের সামনের সারিতে থাকা পাঁচ নেতার কক্সবাজার সফরকে অনেকেই অস্বাভাবিক বলে মন্তব্য করেন। পরদিন এ বিষয়ে তাদের কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি।

এর আগে একাধিক গণমাধ্যম খবর প্রকাশ করে, কক্সবাজারের রয়েল টিউলিপ হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ওই পাঁচ নেতা বৈঠক করেছেন। পরে অবশ্য জানা যায়, পিটার হাস বাংলাদেশেই অবস্থান করছেন না।

এনসিপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের মাধ্যমে আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো নোটিশের জবাবে নাসিরুদ্দীন লিখেছেন, ‘৫ আগস্ট আমার কোনো পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না। দল থেকেও আমাকে এ সংক্রান্ত কোনো দায়িত্ব বা কর্মপরিকল্পনা জানানো হয়নি।’

এ পরিস্থিতিতে দলের আরেক নেতা হাসনাত আব্দুল্লাহর প্রস্তাবে কক্সবাজার যাওয়ার সিদ্ধান্ত নেন জানিয়ে নাসীরুদ্দীন লিখেছেন, ‘৪ আগস্ট রাতে দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার কোচিং অফিসের সহকর্মীর ফোন ব্যবহার করে আমাকে জানায়, স্কুল বন্ধুদের সঙ্গে দুই দিনের জন্য ঘুরতে যাবে। আমি তাকে আহ্বায়ক মহোদয়কে অবহিত করতে বলি এবং সে জানায় যে বিষয়টি জানাবে, এবং আমাকেও জানাতে বলে যেহেতু তার নিজস্ব ফোন পদযাত্রায় চুরি হয়ে গিয়েছিল।’

তিনি লিখেছেন, ‘৪ আগস্ট রাতে পার্টি অফিসে আমি আহ্বায়ক মহোদয়ের সঙ্গে দেখা করে বিষয়টি জানাই। একই রাতে আমি সদস্য সচিব মহোদয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করি এবং জানতে পারি যে রাষ্ট্রীয় প্রোগ্রামে দল থেকে তিনজন প্রতিনিধি যাচ্ছেন এবং সেখানে আমার কোনো কাজ নাই। আমি কোনো দায়িত্বে না থাকায়, এবং ব্যক্তিগত প্রয়োজন ও মানসিক প্রস্তুতির অংশ হিসেবে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। সফরসঙ্গী হিসেবে সস্ত্রীক সারজিস আলম ও তাসনিম জারা-খালেদ সাইফুল্লাহ দম্পতি যুক্ত হন।’

ঘুরতে গেলেও রাজনীতি নিয়ে চিন্তা-ভাবনাই প্রধান লক্ষ্য ছিল বলে নোটিশের জবাবে উল্লেখ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘আমি ঘুরতে গিয়েছিলাম, তবে এই ঘোরার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে একান্তে চিন্তা-ভাবনা করা। সাগরের পারে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণঅভ্যুত্থান, নাগরিক কমিটি, নাগরিক পার্টির কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। আমি এটিকে কোনো অপরাধ মনে করি না, বরং একজন রাজনৈতিক কর্মীর জন্য এটি একটি দায়িত্বশীল মানসিক চর্চা।’

তাদের কক্সবাজার সফরে পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন নিয়েও লিখেছেন নাসীর। তিনি বলেন, ‘কক্সবাজার পৌঁছানোর পর হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে যে আমরা নাকি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে এসেছি। আমি তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে জানাই যে এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করে জানায়, সেখানে পিটার হাস নামে কেউ নেই। পরে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, তিনি তখন ওয়াশিংটনে অবস্থান করছিলেন।’

‘এই গুজব একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং আমাদের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা। অতীতেও আমি এই হোটেলে থেকেছি এবং কখনো কোনো বিতর্ক সৃষ্টি হয়নি। অতীতেও আমি বেশ কয়েকবার ঘুরতে গিয়েছি, কিন্তু ঘুরতে আসলে দলের বিধিমালা লঙ্ঘন হয়— এমন কোনো বার্তা আমাকে কখনো দল থেকে দেওয়া হয়নি,’— লিখেছেন নাগরিক পার্টির এই নেতা।

নোটিশের সমালোচনা করে তিনি আরও লিখেছেন, ‘পরিস্থিতির আলোকে আমি মনে করি, শোকজ নোটিশটি বাস্তবভিত্তিক নয়। আমার সফর ছিল স্বচ্ছ, সাংগঠনিক নীতিমালাবিরোধী নয় এবং একান্ত ব্যক্তিগত চিন্তা-ভাবনার সুযোগ মাত্র। তবু দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে এবং রাজনৈতিক শালীনতা বজায় রেখে আমি এই লিখিত জবাব প্রদান করছি। অসভ্য জগতে সভ্যতার এক নিদর্শন হিসেবে।’

নাসীরুদ্দীন তার জবাবে আরও লিখেছেন, ‘আমার বক্তব্য স্পষ্ট— ঘুরতে যাওয়া অপরাধ নয়। কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয়, অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পারেও জন্ম নেয়।’

নাসিরুদ্দীনের পাশাপাশি হাসনাত আব্দুল্লাহও কারণ দর্শানোর নোটিশের জবাবের একটি কপি তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন। তিনি তার জবাবে জুলাই ঘোষণাপত্রের সমালোচনা করেন। জানান, এই ঘোষণাপত্রের নীরব প্রতিবাদ জানাতেই কক্সবাজার গিয়েছিলেন।

নাসীরুদ্দীনের মতো হাসনাতও কারণ দর্শানোর নোটিশের সমালোচনা করেছেন জবাবে। বলেছেন, পার্টির উচিত ছিল মিডিয়া অপপ্রচার ও গোয়েন্দা হয়রানির বিরুদ্ধে অবস্থান নেওয়া। কিন্তু পার্টির শোকজে এমন ভাষা ব্যবহার করা হয়েছে, যা এই ষড়যন্ত্রকেই যুক্তি ও গ্রহণযোগ্যতা দিয়েছে।

হাসনাত দাবি করেন, ‘এটি (শোকজ) বিধিবহির্ভূত। কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানে শোকজ করতে হলে গঠনতন্ত্র বা বাই-লজের নির্দিষ্ট কোনো ধারা লঙ্ঘনের প্রমাণ থাকতে হয়। আমাকে দেওয়া শোকজে এমন কিছু উল্লেখ নেই, কারণ আমি কোনো আইন ভাঙিনি।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে