৬ সিটিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদ জামায়াতের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জামায়াতে ইসলামী বাংলাদেশ

ঢাকার দুটিসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিএনপি সরকারের এ সিদ্ধান্তকে ‘জনআকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক’ বলে উল্লেখ করেছেন। তিনি অবিলম্বে এসব সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের দাবি জানান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ছয় সিটিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানিয়ে এ বিবৃতিতে গণমাধ্যমে পাঠিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।

এর আগে রোববার রাতে ঢাকা উত্তর ও দক্ষিণসহ খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনে ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। সোমবার প্রজ্ঞাপনের বিষয়টি জানাজানি হয়।

মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেন, ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার প্রজ্ঞাপনে ছয়টি সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সদ্য গঠিত বিএনপি সরকার এ সিদ্ধান্তের মাধ্যমে শুরুতেই জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার প্রথম ধাপ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। স্বাভাবিকভাবেই পরবর্তী পদক্ষেপ হিসেবে জনগণের প্রত্যাশা ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধি নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।

‘এমন পরিস্থিতিতে ছয় সিটি করপোরেশনে সরকারদলীয় পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সরকার জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। এটি নৈতিকভাবে অত্যন্ত গর্হিত ও জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণার শামিল। এতে জনমনে গভীর সন্দেহের উদ্রেক হয়েছে যে সরকারের এ পদক্ষেপ স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রের অংশ এবং একই সঙ্গে আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ,’— বিবৃতিতে বলেন গোলাম পরওয়ার।

‘গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক’ এ পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল দলীয় ব্যক্তিদের নিয়োগ বাতিল করে অবিলম্বে সিটি করপোরেশনসহ সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার জোর দাবি জানান।

এদিকে সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন দলটির মহাসচিব ও সরকারের স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছয় সিটিতে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জানাজানি হওয়ায় সেখানে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন রাখেন তার কাছে।

জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে কতগুলো নিয়ম-কানুন আছে। সিটি করপোরেশন যেগুলো, তার মধ্যে কতগুলোর মেয়াদ আছে, কতগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে নির্বাচনগুলোর ব্যবস্থা করব। নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বাংলাসহ সবার মাতৃভাষাকে শ্রদ্ধা-সংরক্ষণ আমাদের অন্যতম দায়িত্ব: নাহিদ

নাহিদ ইসলাম বলেন, ‘যে সকল শহীদেরা ভাষার জন্য জীবন দিয়েছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, আমরা তাঁদেরই উত্তরসূরী। চব্বিশের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের সংগ্রাম, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৪৭ সালের আজাদীর লড়াই-আমরা সবকিছুকেই একই সুতায় গাঁথা মনে করি।’

৩ দিন আগে

চাঁদাবাজি নিয়ে সড়কমন্ত্রীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ‘সমঝোতার’ নামে চাঁদাবাজিকে কার্যত বৈধতা দিয়েছেন। তার এই অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও অনৈতিক বক্তব্যের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি।”

৩ দিন আগে

ভাষা শহিদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

৩ দিন আগে

প্রথমবার কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জামায়াতের

স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামী শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও এই প্রথম শহিদ মিনারে গিয়ে শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন।

৩ দিন আগে