একটি রাজনৈতিক দল সরকারের অযৌক্তিক সমালোচনায় ব্যস্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১৭: ৪৭
সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢেউটিন ও অর্থসহায়তা বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢেউটিন ও অর্থসহায়তা বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। ছবি: সংগৃহীত

দেশের একটি রাজনৈতিক দল সরকার ও অন্যদের অযৌক্তিক সমালোচনায় ব্যস্ত থাকে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিভক্তি ও অপপ্রচার ছড়ানোর রাজনীতিকে সামাজিকভাবে বর্জন এবং ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মধ্যে ঢেউটিন ও অর্থসহায়তা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তার দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বক্তব্যে মাদক কারবারিদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও পুলিশকে শূন্য সহনশীলতার নীতি অনুসরণের নির্দেশ দেন এম এ মুহিত। তিনি বলেন, ইতিমধ্যে অনেক অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো রাখতে অভিযান অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, “আগের দিনের সেই হট্টগোল আর নেতাদের পেছনে ঘুরে নেতা হওয়ার রাজনীতির কবর রচনা করা হয়েছে। রাজনীতি করতে হলে সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের মন জয় করতে হবে।”

শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, দেশের শিক্ষা ও স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান বাড়ানোর কাজ চলছে।

অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad