দেশের পোশাক শিল্পে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের আগে ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও সিইও তাদাশি ইয়ানাইয়ের উষ্ণ করমর্দন। ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের আগে ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও সিইও তাদাশি ইয়ানাইয়ের উষ্ণ করমর্দন। ছবি: পিএমও

বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিনিয়োগ বাড়াতে জাপানের পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে কৃত্রিম তন্তু, কারিগরি বস্ত্র ও পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে বিনিয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) টোকিওর ইম্পেরিয়াল হোটেলে ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

তিনি বলেন, “বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে আরও বিনিয়োগের জন্য ইউনিক্লোকে আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ম্যান-মেইড ফাইবার (কৃত্রিম তন্তু), টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদন খাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও সিইও তাদাশি ইয়ানাইয়ের  নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠক। ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও সিইও তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠক। ছবি: পিএমও

শাহাদাৎ স্বাধীন জানান, বাংলাদেশের প্রতি ইউনিক্লোর আস্থা এবং ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যে নতুনত্ব আনা, উন্নত উৎপাদনব্যবস্থা এবং পরিবেশবান্ধব উৎপাদনপ্রক্রিয়ায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে ইউনিক্লোকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে জমির ব্যবস্থা, বিনিয়োগের অনুমোদন এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে সরকার সহায়তা করবে বলে জানান তিনি।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ফাস্ট রিটেইলিংয়ের পক্ষে বৈঠকে আরও ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা ইয়োশিহিরো কুনিই। বাসস।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad