মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে আরও ৩১২ এজেন্সি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০১: ২৯
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর জন্য আরও ৩১২টি রিক্রুটিং এজেন্সিকে ‘অ্যাসোসিয়েট রিক্রুটিং এজেন্সি’ হিসেবে তালিকাভুক্ত করেছে মালয়েশিয়া সরকার। ফলে দেশটিতে কর্মী পাঠানোর জন্য অনুমোদিত বাংলাদেশি এজেন্সির সংখ্যা আরও বাড়ল।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে জনশক্তি রপ্তানিকারক ২৫টি এজেন্সি এবং সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডকে (বোয়েসেল) কর্মী পাঠানোর জন্য তালিকাভুক্ত করেছিল মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস।

এরপর বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। ‘সিন্ডিকেট’ তৈরি হওয়ার আশঙ্কায় প্রতিবাদ জানিয়েছিলেন জনশক্তি রপ্তানিকারক এজেন্সিগুলোর সংগঠন বায়রার সাবেক নেতারা।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি বাছাইয়ের দায়িত্ব এককভাবে মালয়েশিয়া সরকারের ওপর ন্যস্ত করা হয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভাষ্য, ওই সমঝোতা স্মারক স্বাক্ষর ‘ফ্যাসিবাদী’ আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ। এর মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকায় মালয়েশিয়া সরকারের নির্ধারিত শর্ত বাংলাদেশের পক্ষে পরিবর্তন করা সহজ নয়।

তবে বর্তমান সরকার এ বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’

মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে বা ‘জিরো কস্টে’ নেওয়ার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে। বিমানভাড়াসহ সব ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই এসব কর্মী মালয়েশিয়ায় যাবেন।

এই কর্মীদের প্রথম বহর বোয়েসেলের মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে মালয়েশিয়ায় পাঠানোর মধ্য দিয়ে আবার শ্রমবাজারটি চালু হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মালয়েশিয়া সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী কর্মী সরবরাহকারী প্রধান পাঁচটি দেশের মধ্যে নেপাল ও বাংলাদেশের জন্য ২৫টি করে এবং ভারত, পাকিস্তান ও মিয়ানমারের জন্য ১০টি করে রিক্রুটিং এজেন্সি অনুমোদন দেওয়া হয়েছে। এটি মালয়েশিয়া সরকারের সার্বভৌম সিদ্ধান্ত।

বাংলাদেশের জন্য অনুমোদিত ২৫টি রিক্রুটিং এজেন্সি বিগত অন্তর্বর্তী সরকার প্রণীত ৪২৩টি এজেন্সির তালিকার অন্তর্ভুক্ত। বর্তমান সরকার ওই ৪২৩টির মধ্যে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্নভাবে সুবিধাভোগী ও সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বাদ দিয়ে অবশিষ্ট সব এজেন্সিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার অনুরোধ করেছে।

যাচাই করেছে মালয়েশিয়ার যৌথ কমিটি

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, এজেন্সিগুলো যাচাই-বাছাই করেছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের যৌথ কমিটি।

মন্ত্রণালয়ের দাবি, অতীতে এ ধরনের স্বচ্ছ ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই-বাছাইয়ের কোনো নজির ছিল না। বর্তমান বাছাই প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের ন্যূনতম কোনো সংশ্লিষ্টতাও নেই।

আগামী ৩১ ডিসেম্বর বর্তমান সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হলে নতুন সমঝোতা স্মারকের মাধ্যমে রিক্রুটিং এজেন্সি অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে বলে আশা করছে সরকার।

১৬ মেডিকেল সেন্টার দিয়ে শুরু

শ্রমবাজার দ্রুত চালুর স্বার্থে বাংলাদেশ সরকার বিদ্যমান মেডিকেল সেন্টারগুলো পরিবর্তনের অনুরোধ করেছিল। তবে মালয়েশিয়ার স্বাস্থ্য, মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রতিনিধি দল বাংলাদেশে এসে প্রতিটি মেডিকেল সেন্টার সরেজমিনে পরিদর্শনের পর চূড়ান্ত অনুমোদন দেবে। ফলে এ প্রক্রিয়ায় কিছুটা সময় প্রয়োজন হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এ কারণে মালয়েশিয়া সরকার অনুমোদিত বিদ্যমান তালিকা থেকে বাংলাদেশ সরকারের অনুরোধে ‘ফ্যাসিবাদের’ সঙ্গে সংশ্লিষ্ট সব বিতর্কিত মেডিকেল সেন্টার বাদ দিয়ে অবশিষ্ট ১৬টি সেন্টারের মাধ্যমে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে।

তবে শ্রমবাজার চালুর পাশাপাশি যত দ্রুত সম্ভব মালয়েশিয়ার তিন মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বাংলাদেশে এসে নতুন নীতিমালার আলোকে মেডিকেল সেন্টারগুলো যাচাই-বাছাই করবে। এরপর পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ শুরু হবে।

নিরাপত্তা নিশ্চিত ও হয়রানি বন্ধে গুরুত্ব

মালয়েশিয়াগামী কর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে অতীতের সব ধরনের হয়রানি বন্ধ, সরাসরি সংশ্লিষ্ট কোম্পানিতে কাজে যোগদান এবং মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী নিয়মিত বেতন-ভাতা, আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

এ ছাড়া অভিবাসনসংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক স্থাপন করা হবে।

মালয়েশিয়ায় যাওয়ার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে দালাল ও প্রতারক চক্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকারও অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, ঠিক কোন প্রক্রিয়ায় মালয়েশিয়ায় জনশক্তি পাঠানো শুরু হবে, তা নির্ধারণের কাজ চলছে। এ বিষয়ে যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

তাই মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি বা নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত কোনো ধরনের আর্থিক লেনদেন, মেডিকেল পরীক্ষা বা পাসপোর্ট জমা দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

৬৪ জেলার দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, কে কোন জেলায়?

সরকার বলছে, এসব দায়িত্ব দেওয়ার ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠান বা অন্য কোনো সাংবিধানিক কিংবা আইনি সংস্থার আইনি ক্ষমতা খর্ব হবে না।

১ দিন আগে

এটা প্রশ্ন নাকি পল্টনের বক্তৃতা— হাসনাতের সম্পূরক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্ন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। হাসনাত তার বক্তব্যে প্রশ্ন রেখেছেন, নাকি রাজনৈতিক বক্তৃতা দিয়েছেন— তা বুঝতে পারেননি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘এটা প্রশ্ন না পল্টনের বক্তৃতা; বুঝতে পারিন

১ দিন আগে

মক্কা চুক্তিতে যোগ দেওয়া বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির

সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।’

১ দিন আগে

মক্কা চুক্তিতে যোগ দেওয়ার প্রস্তাব এলে ‘ইতিবাচকভাবে’ বিবেচনা: পররাষ্ট্রমন্ত্রী

তিনি বলেছেন, বাংলাদেশ মক্কা চুক্তিতে (প্যাক্ট) যোগ দেবে কি না, তা নির্ভর করছে চুক্তিভুক্ত সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর। তারা বাংলাদেশকে এ চুক্তিতে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

১ দিন আগে