হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল, সিক্রেট এজেন্টের গায়ে গুলি: ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
ওয়াশিংটন হিলটন হোটেলে নৈশভোজে হামলার পর হোয়াইট হাউজে ব্রিফ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ওয়াশিংটন হিলটন হোটেলে নৈশভোজে হামলার পর হোয়াইট হাউজে ব্রিফ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

হিলটন হোটেলে সাংবাদিকদের জন্য আয়োজিত প্রেসিডেন্টের নৈশভোজে সন্দেহভাজন হামলাকারীর হামলায় সিক্রেট সার্ভিসের এক এজেন্টের গায়ে গুলি লেগেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বুলেটপ্রুফ জ্যাকেটের কারণে তিনি শরীরে গুলিবিদ্ধ হননি বলে জানান তিনি। ওই হামলাকারীর সঙ্গে একাধিক অস্ত্র ছিল বলেও তিনি জানিয়েছেন।

হামলার কিছুক্ষণ পর হোয়াইট হাউজের ব্রিফিং রুমে সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে ওই নৈশভোজ আয়োজন করা হয়েছিল। নৈশভোজ চলাকালেই গুলির বিকট শব্দে কেঁপে ওঠে অনুষ্ঠানস্থল।

প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ওই নৈশভোজে অংশ নেন। গুলির শব্দের পরপরই জরুরিভিত্তিতে তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

পরে ট্রাম্প হোয়াইট হাউজে আয়োজিত ব্রিফিংয়ে বলেন, সন্দেহভাজন অস্ত্রধারীর গুলিতে আমাদের একজন সিক্রেট সার্ভিস এজেন্ট খুব কাছ থেকে গুলিবিদ্ধ হয়েছেন। তবে বুলেটপ্রুফ জ্যাকেট থাকায় সে গুলি তার গায়ে লাগেনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি সেই এজেন্টের সঙ্গে কথা বলেছি। তিনি সুস্থ আছেন। হামলার ধাক্কা সামলে নিয়ে তিনি চমৎকার আছেন। আমরা বলেছি, আমরা তাকে ভালোবাসি ও সম্মান জানাই। তিনি মানসিকভাবে চাঙ্গা রয়েছেন এবং নিজেকে নিয়ে গর্বিত।

ওই হামলাকারীর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল। সিক্রেট সার্ভিসের কিছু অত্যন্ত সাহসী সদস্য এই সন্দেহভাজন হামলাকারীকে ধরাশায়ী করেন।

হোয়াইট হাউজ সংবাদদাতাদের নিয়ে হিলটন হোটেলে ওই নৈশভোজ আয়োজন করা হয়। ট্রাম্প বলেন, এটি ছিল বাকস্বাধীনতার প্রতি উৎসর্গ করা একটি আয়োজন, যার উদ্দেশ্য ছিল ঐক্য গড়ে তোলা। পরবর্তী সময়ে খুব দ্রুতই এটি আবার আয়োজন করা হবে বলে জানান তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement