সিদ্ধান্ত বদলে পোল্যান্ডে আরও ৫ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক, রাজনীতি ডটকম
পোল্যান্ডের বেমোও পিস্কিতে গত ১১ মে ন্যাটোর ‘সোর্ড ২৬’ সামরিক মহড়া চলাকালীন যুদ্ধক্ষেত্রে কৃত্রিমভাবে আহত এক সেনাসদস্যকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাচ্ছেন মার্কিন সেনারা। ফাইল ছবি: রয়টার্স

পোল্যান্ডে সেনা না পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে এসে দেশটিতে আরও ৫ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এর মাত্র এক সপ্তাহ আগেই পেন্টাগন পোল্যান্ডে ৪ হাজার সেনা মোতায়েনের একটি পূর্বপরিকল্পনা বাতিল করেছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প জানান, পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নাভরোৎস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্কের ওপর ভিত্তি করেই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছরের পোলিশ প্রেসিডেন্ট নির্বাচনে নাভরোৎস্কিকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

তবে এই অতিরিক্ত ৫ হাজার সেনা আগের স্থগিত হওয়া পরিকল্পনার অংশ, নাকি এটি সম্পূর্ণ নতুন কোনো সামরিক অভিযান— সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হোয়াইট হাউজের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, তাদের ‘আমেরিকা ফার্স্ট’ (সবার আগে আমেরিকা) নীতির অংশ হিসেবে ইউরোপে যুক্তরাষ্ট্রের সামগ্রিক সেনা উপস্থিতি কমানো হবে।

চলতি মাসের শুরুর দিকে জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণাও দেয় ওয়াশিংটন। ইরান যুদ্ধ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প ও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ ম্যার্ৎজের মধ্যে তৈরি হওয়া বিরোধের জেরে এই পদক্ষেপ নেওয়া হয়। সম্প্রতি ইরানের আলোচকদের কাছে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হয়েছে বলে মন্তব্য করেছিলেন ম্যার্ৎজ, যার তীব্র সমালোচনা করেন ট্রাম্প।

এখন পোল্যান্ডে পাঠানো এই অতিরিক্ত সেনারা জার্মানি থেকে প্রত্যাহার করা সেনাদেরই অংশ কি না, তা এখনো স্পষ্ট নয়। এদিকে হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াতে অনীহা দেখানোয় ন্যাটো মিত্রদেরও সমালোচনা করেছেন ট্রাম্প।

গতকাল বৃহস্পতিবার ট্রাম্পের এই আকস্মিক ঘোষণার ঠিক এক সপ্তাহ আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) পোল্যান্ডে ৪ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা বাতিলের কথা জানিয়েছিল। তবে পরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিষয়টিকে একটি ‘সাময়িক বিলম্ব’ হিসেবে উল্লেখ করে বলেন, পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী সামরিক উপস্থিতি’ বজায় থাকবে।

পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নাভরোৎস্কি দীর্ঘদিন ধরেই ট্রাম্পের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। গত জানুয়ারিতে বিবিসির ‘রেডিও–৪ টুডে’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে নাভরোৎস্কি দাবি করেছিলেন, ডোনাল্ড ট্রাম্পই একমাত্র বিশ্বনেতা যিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামাতে এবং ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সক্ষম।

এর আগে ট্রাম্পের জার্মানি থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন খোদ রিপাবলিকান পার্টির কয়েকজন আইনপ্রণেতাও। তাদের মতে, এই সেনা প্রত্যাহারের ফলে রাশিয়ার কাছে ভুল বার্তা যেতে পারে। বর্তমানে ইউরোপের মধ্যে জার্মানিতেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি রয়েছে, যেখানে ৩৬ হাজারের বেশি সক্রিয় মার্কিন সেনা মোতায়েন আছে। আর ইতালিতে প্রায় ১২ হাজার এবং যুক্তরাজ্যে ১০ হাজার মার্কিন সেনা রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

১৫ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

১৭ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

১৭ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

২০ ঘণ্টা আগে