আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী মা-ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক নারী ও তার কিশোর ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নারীর স্বামী। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন— অসীমা চৌধুরী (৪৮) ও তার একমাত্র ছেলে অরিত্র বিশ্বাস (১৫)। আহত সৌরভ বিশ্বাস নিহতদের স্বামী ও বাবা। তাদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল গ্রামে।
সোমবার (১২ অক্টোবর) রাতে আবুধাবির উপকণ্ঠে আল ওয়াথবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পারিবারিক বন্ধু ও আবুধাবির প্রবাসী সংগঠক সজল চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সজল চৌধুরী বলেন, ওই রাতে সৌরভ বিশ্বাস তার টয়োটা ইয়ারিস গাড়ি চালিয়ে পরিবারসহ আল ওয়াথবায় একটি পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে আবু ধাবি-আল আইন রোডের আল ওয়াথবা এক্সিট-৪৭ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি নিশান সাফারি ফোর-হুইল গাড়ি তাদের গাড়িটিকে আঘাত করে।
এতে সৌরভের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই অসীমা ও অরিত্রের মৃত্যু হয়। খবর পেয়ে আবুধাবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় মাফরাক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
আহত সৌরভকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে ওই গাড়ির চালককেও।
আবুধাবির প্রবাসী সাংবাদিক সনজিত শীল জানান, পেশায় প্রকৌশলী সৌরভ বিশ্বাস প্রায় ২৫ বছর ধরে পরিবার নিয়ে আবুধাবিতে বসবাস করছেন। সেখানে তার নির্মাণ ব্যবসা রয়েছে।
অসীমা চৌধুরী আবুধাবির একটি ভ্রমণ সংস্থায় কাজ করতেন। প্রবাসে তিনি পরিচিত সংগীতশিল্পী ও সামাজিক সংগঠক ছিলেন। এই দম্পতির এক মেয়েও রয়েছে। তিনি দুবাই নলেজ ভিলেজের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
বর্তমানে অসীমা ও অরিত্রের মরদেহ আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষ হলে মরদেহ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।

















