নিজ সীমান্তে বিমান হামলা পাকিস্তানের, ২৩ বেসামরিক নাগরিক নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার তিরাহ উপত্যকা এলাকা। ছবি: সংগৃহীত

নিজ দেশের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী তিরাহ এলাকায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এ হামলায় অন্তত ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে তথ্য মিলেছে। এ ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত দাবি করেছে দেশটির মানবাধিকার কমিশন।

বার্তা সংস্থা এএফপি ও পাকিস্তানের গণমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ওই হামলা চালানো হয়।

ওই এলাকায় ইসলামি তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সংগঠনটির সক্রিয় কার্যক্রম রয়েছে। পাকিস্তানি আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, সংগঠনটির তৎপরতা বন্ধ করতেই হামলা চালানো হয়।

এ হামলার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ওই এলাকার সংসদ সদস্য ও ইমরানের খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফয়সাল আফ্রিদিও এ হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তান সরকারের।

তবে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর অভিযোগ করেছে, ফয়সাল আফ্রিদি ও টিটিপি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, যুদ্ধবিমান চারটি বাড়িতে হামলা চালায়, যেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে হামলাটি কারা চালিয়েছে, সে বিষয়ে কিছু বলেননি তিনি।

খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদের স্পিকার বাবর সোয়াতি এক্সে দেওয়া বিবৃতিতে বলেন, তিনি বিমান হামলায় নিরীহ বেসামরিক নাগরিকদের শাহাদাত ও ঘরবাড়ি ধ্বংসের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ঘটনার স্বচ্ছ ও দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎক্ষণিক সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা এবং পুনর্বাসনের জন্য সার্বিক পদক্ষেপ নিতে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

প্রাদেশিক পরিষদের অধিবেশনে মুখ্যমন্ত্রীর যোগাযোগ ও গণপূর্তবিষয়ক বিশেষ সহকারী সুহেল আফ্রিদিও ঘটনাটি নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ভয়াবহ এ হামলা চালানো হয়েছে মধ্যরাতে। মর্টার ও বোমা বর্ষণ করা হলে নারী ও শিশুসহ ২৫ জন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীই এ হামলার জন্য দায়ী।

সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল খান আফ্রিদি এক ভিডিও বার্তায় বলেন, তিরাহতে যুদ্ধবিমানের গোলাবর্ষণে প্রবীণ নারী ও শিশুরা নিহত হয়েছেন। বেসামরিক নাগরিকদের হত্যা করা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। স্থানীয়দের ঘটনাস্থলে গিয়ে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি।

তিরাহ উপত্যকা এলাকাটি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অবস্থিত। পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এলাকাটিতে টিটিপি, পাকিস্তান তালেবানসহ বিভিন্ন সশস্ত্র সংগঠন সক্রিয়। আফগানিস্তানের সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গেও তাদের সম্পর্ক রয়েছে।

এদিকে সোমবার পাকিস্তানের মানবাধিকার কমিশন এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে লিখেছে, খাইবার পাখতুনখোয়ার তিরাহ এলাকায় নারী-শিশুসহ বেসামরিক নাগরিকদের নিহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। ঘটনাটির তাৎক্ষণিক ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার জন্য আমরা কর্তৃপক্ষকে আহ্বান জানাই।

মানবাধিকার কমিশন আরও বলেছে, রাষ্ট্র সংবিধান অনুযায়ী সব বেসামরিক নাগরিকের জীবন রক্ষায় দায়িত্বপ্রাপ্ত। অথচ এই মৌলিক অধিকার নিশ্চিত করতে বারবার ব্যর্থ হয়েছে।

এর আগে গত মে মাসে একই ধরনের আরেক ঘটনায় দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা তেহসিলে একটি কথিত কোয়াডকপ্টার হামলায় সাত শিশুসহ ২২ জন আহত হন।

এক সপ্তাহ আগে উত্তর ওয়াজিরিস্তানের মির আলি তেহসিলে আরেক সন্দেহভাজন কোয়াডকপ্টার হামলায় চার শিশু নিহত ও পাঁচজন আহত হয়েছিল। পরে সেনাবাহিনী জানায়, নিরাপত্তা বাহিনীকে এ ঘটনায় মিথ্যা অভিযুক্ত করা হয়েছিল এবং প্রকৃতপক্ষে হামলাটি নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) চালায়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

১১ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

১৩ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

১৪ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১৭ ঘণ্টা আগে