মার্কিন লক্ষ্যবস্তু শনাক্তে ইরানকে রাশিয়ার গোপন তথ্য সহায়তা

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন সামরিক বাহিনীর ওপর নিখুঁত হামলা চালাতে ইরানকে গোপনে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ ও ‘দ্য ক্যাস্পিয়ান পোস্ট’-এর এক প্রতিবেদনে এই বিস্ফোরক তথ্য উঠে এসেছে। এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধের পর এবার মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রেও ওয়াশিংটনের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী রাশিয়া সরাসরি জড়িয়ে পড়ল বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার থেকে শুরু হওয়া এই যুদ্ধে মার্কিন যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের অবস্থান শনাক্ত করতে ইরানকে অত্যাধুনিক গোয়েন্দা প্রযুক্তি দিয়ে সহায়তা করছে মস্কো।

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলাসহ সাম্প্রতিক বিভিন্ন অভিযানে এই রুশ গোয়েন্দা তথ্যের বড় ভূমিকা রয়েছে বলে দাবি করছেন পদস্থ কর্মকর্তারা।

ইরানের নিজস্ব নজরদারি ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় পুতিন প্রশাসন এই ঘাটতি পূরণে এগিয়ে এসেছে।

নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত শনিবার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়া মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিক সম্পদের অবস্থান ইরানকে জানিয়ে দিচ্ছে। রাশিয়ার এই অত্যাধুনিক গোয়েন্দা সক্ষমতা ব্যবহারের ফলে ইরানি বাহিনীর পক্ষে মার্কিন লক্ষ্যবস্তুগুলো শনাক্ত করা সহজ হচ্ছে। যদিও ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

চলমান এই যুদ্ধে ইতোমধ্যেই প্রাণহানির ঘটনা ঘটেছে। গত রবিবার কুয়েতে ইরানের ড্রোন হামলায় ৬ মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইরান এ পর্যন্ত হাজার হাজার ‘ওয়ান-ওয়ে অ্যাটাক’ ড্রোন এবং শত শত ক্ষেপণাস্ত্র ছুড়েছে মার্কিন সামরিক ঘাঁটি, দূতাবাস এবং বেসামরিক এলাকা লক্ষ্য করে। বিশ্লেষকদের মতে, কুয়েতে মার্কিন কমান্ড সেন্টার ও রাডার সিস্টেমে ইরানের নিখুঁত হামলার নেপথ্যে রাশিয়ার দেওয়া গোয়েন্দা তথ্য বড় ভূমিকা রেখেছে। এমনকি সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের সিআইএ স্টেশনও হামলার শিকার হয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধের এক সপ্তাহ পার হওয়ার আগেই ইরানের নিজস্ব গোয়েন্দা নজরদারি ব্যবস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এই ঘাটতি পূরণে রাশিয়া এগিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে এখন পর্যন্ত ইরানের ২ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্র, নৌ-সম্পদ এবং দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।

রাশিয়ার সহায়তার বিষয়টি সরাসরি উল্লেখ না করলেও হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, ইরানি শাসকগোষ্ঠী বর্তমানে চরম বিপর্যয়ের মুখে রয়েছে। তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ক্ষমতা প্রতিদিন কমছে, নৌবাহিনী ধ্বংস হয়ে যাচ্ছে এবং উৎপাদন ক্ষমতা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও দাবি করেন, ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোও এখন আর শক্ত প্রতিরোধ গড়তে পারছে না।

গোয়েন্দা পর্যালোচনায় যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার সত্ত্বেও চীন এখন পর্যন্ত ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে বলে প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে, সিআইএ এবং পেন্টাগন রাশিয়ার গোয়েন্দা সহযোগিতার প্রতিবেদনের ওপর কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

মস্কো এর আগে এই যুদ্ধকে ‘বিনা উস্কানিতে সশস্ত্র আগ্রাসন’ হিসেবে অভিহিত করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিল। তবে মাঠপর্যায়ে তাদের এই গোয়েন্দা সহায়তার খবর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কিছু দেশ মধ্যস্থতার উদ্যোগ শুরু করেছে: ইরানের প্রেসিডেন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে তিনি লিখেছেন, ‘কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে। পরিষ্কার বলি, আমরা অঞ্চলে স্থায়ী শান্তির প্রতি অঙ্গীকারবদ্ধ, তবে আমাদের জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো দ্বিধা নেই’।

১৬ ঘণ্টা আগে

৭ম দিনে ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইউরোপ— কোথায় কী ঘটছে

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) জানিয়েছে, অভিযানের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলার, যার মধ্যে ৩৫০ কোটি ডলারই আগে বাজেটে ধরা ছিল না। এ হিসাব বলছে, এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন খরচ হচ্ছে প্রায় ৯০ কোটি ডলার।

১৬ ঘণ্টা আগে

ইরানি আরেকটি জাহাজ থেকে ২০৮ জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কা

সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে জানান, আইআরআইএস বুশেহর নামের একটি ইরানি জাহাজ কলম্বো বন্দরের কাছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন এলাকায় নোঙর করা রয়েছে।

১৮ ঘণ্টা আগে

‘কম’ ভোট পড়েছে নেপালে, এগিয়ে ‘ভারতবিরোধী’ বালেন্দ্রর আরএসপি

দুর্নীতিবিরোধী জেন-জি বিক্ষোভের সাড়ে ছয় মাস পর নেপালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তবে ভোট গণনার প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি), যার নেতৃত্বে রয়েছেন জনপ্রিয় তরুণ নেতা বালেন্দ্র শাহ।

২০ ঘণ্টা আগে