‘কম’ ভোট পড়েছে নেপালে, এগিয়ে ‘ভারতবিরোধী’ বালেন্দ্রর আরএসপি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১৬: ৪৭
বৃহস্পতিবার নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পর পুলিশ কর্মকর্তারা ব্যালট বাক্স বন্ধ করছেন (বাঁয়ে) ও সোমবার নির্বাচনি প্রচারের শেষ দিনে এক সমাবেশে বক্তব্য দিচ্ছেন আরএসপি নেতা বালেন্দ্র শাহ (ডানে)। ছবি: সংগৃহীত

দুর্নীতিবিরোধী জেন-জি বিক্ষোভের সাড়ে ছয় মাস পর নেপালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তবে ভোট গণনার প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি), যার নেতৃত্বে রয়েছেন জনপ্রিয় তরুণ নেতা বালেন্দ্র শাহ।

র‌্যাপার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বালেন্দ্র শাহ ২০২২ সালের স্থানীয় নির্বাচনে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন। ‘অখণ্ড নেপালে’র সমর্থক এই রাজনীতিবিদ তার ‘কট্টর ভারতবিরোধী’ দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। নেপালের সাধারণ নির্বাচনে অংশ নিতে তিনি গত জানুয়ারিতে কাঠমান্ডুর মেয়র পদ ছেড়ে দেন।

আজ শুক্রবার (৬ মার্চ) নির্বাচন কমিশনের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে দেশটির মোট ভোটারের মাত্র ৫৮ দশমিক ০৭ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন। অথচ ২০০৮ সালের সাংবিধানিক পরিষদ নির্বাচন থেকে ২০২২ সালের সাধারণ নির্বাচন পর্যন্ত নেপালে ভোটদানের গড় হার ছিল প্রায় ৬৯ দশমিক ৪ শতাংশ।

ভোট গ্রহণ শেষে প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ৬০টি আসনে আরএসপি প্রার্থীরা এগিয়ে আছেন। অন্যদিকে নেপালের কংগ্রেস ৮টি, কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল) ৫টি এবং নেপালি কমিউনিস্ট পার্টি ও অন্যরা ৪টি আসনে এগিয়ে আছেন।

এরই মধ্যে একটি করে আসনে চূড়ান্ত জয় পেয়েছে আরএসপি ও নেপালি কংগ্রেস। ঝাপা-৫ আসনে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির চেয়ে প্রায় ছয় হাজার ভোটে এগিয়ে আছেন আরএসপির প্রধানমন্ত্রী প্রার্থী বালেন্দ্র শাহ। এ ছাড়া কাঠমান্ডু-১ আসনে জয় পেয়েছেন আরএসপির প্রার্থী রানজু দর্শনা।

নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, শুক্রবার সন্ধ্যা বা শনিবার সকাল নাগাদ ২৭৫ আসনের পার্লামেন্টের মধ্যে ১৬৫টি আসনের চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে। এই ১৬৫টি আসনেই সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হয়। বাকি ১১০ আসন দলগুলোর মধ্যে সংখ্যানুপাত পদ্ধতিতে বণ্টন করা হয়।

রাজধানী কাঠমান্ডুর সাবেক মেয়র ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহের নির্বাচনি প্রচারে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। অনলাইন ও অফলাইনে বিপুল সংখ্যক তরুণ ভোটারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে পরিবর্তনের বার্তা দিয়েছেন তিনি।

চীন ও ভারতের মাঝামাঝি অবস্থানে থাকা প্রায় তিন কোটি মানুষের দেশ নেপাল দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিতিশীলতায় ভুগছে। কৃষিনির্ভর অর্থনীতি দুর্বল হয়ে পড়া, বাড়তে থাকা বেকারত্ব এবং ব্যাপক দুর্নীতি দেশটির পরিস্থিতিকে আরও জটিল করে তুলছিল।

এসব সমস্যাকে ঘিরে জমে থাকা ক্ষোভ গত বছরের সেপ্টেম্বরে বিস্ফোরিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। ওই আন্দোলনের চাপের মুখেই শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

নেপালে গত তিন দশক ধরে কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্ট, ইউএমএল), নেপালি কংগ্রেস ও নেপালি কমিউনিস্ট পার্টির মধ্যে ক্ষমতার পালাবদল দেখা গেছে। তবে এবারের নির্বাচনের প্রাথমিক ফলাফলে নতুন শক্তি হিসেবে আরএসপির উত্থান সেই ধারায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রুশ বন্দিদশা থেকে মুক্ত হলেন ইউক্রেনের ১৬০ সেনা

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্ত হওয়া তাদের ১৬০ জন সেনার সবাই ২০২২ সাল থেকে রাশিয়ার কাছে বন্দি ছিলেন। তারা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ড, স্টেট বর্ডার গার্ড সার্ভিস এবং স্টেট স্পেশাল ট্রান্সপোর্ট সার্ভিসের সদস্য। এই যোদ্ধারা মারিউপোল, আজভস্তাল, দোনেৎস্ক, লুহানস্ক, খারকিভ, জাপোরিঝিয়া,

১৫ ঘণ্টা আগে

২০৩৮ বিশ্বকাপ ফুটবলও 'আয়োজন করতে চায়' যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, পুরুষদের ২০৩৮ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করার বিষয়টি বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৫ ঘণ্টা আগে

ইসরায়েলকে ‘বিনা শর্তে’ লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা নাঈম কাশেম বলেছেন, “লেবাননের দখল করে রাখা অঞ্চলগুলো থেকে ইসরায়েলকে সরে যেতেই হবে। তাদের হাতে আর ‘কোনো বিকল্প নেই’।” মুসলিমদের পবিত্র দিন আশুরা উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে এই হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রধান।

১৬ ঘণ্টা আগে

ফের হামলা, হরমুজে জাহাজ চলাচলে সহায়তা বন্ধ জাতিসংঘের

হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। এর ফলে যুদ্ধবিরতি কতটা টেকসই হবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক নৌচলাচল কত দ্রুত ফিরবে, তা নিয়ে নতুন করে প্

১ দিন আগে