হিমালয়ে আকস্মিক বন্যা: নেপাল-চীনে মৃত বেড়ে ১৬৮, নিখোঁজ অন্তত ১,৫০০

ডেস্ক, রাজনীতি ডটকম
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে আকস্মিক বন্যার পর কাদায় ঢেকে থাকা বিভিন্ন স্থাপনার ড্রোন থেকে ধারণ করা দৃশ্য। ২৭ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

হিমালয়ে ভয়াবহ আকস্মিক বন্যায় নেপাল ও চীনের তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ১ হাজার ৫০০ মানুষ। নিখোঁজদের মধ্যে প্রায় ৮০০ জন বিদেশি নাগরিক। আজ বৃহস্পতিবার দুই দেশের কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

গতকাল বুধবার হিমালয়ের একটি নদীতে কাদা ও পাথরের বিশাল স্তর ধসে পড়ার পর আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে শহর ও উপত্যকাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় পানির প্রবল স্রোত। হিমালয়ের দুর্গম পাহাড়ি অঞ্চলের বিভিন্ন শহর ও উপত্যকা প্লাবিত হয়। অঞ্চলটি তিব্বতের লাসা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুকে যুক্ত করেছে। পর্যটক ও তীর্থযাত্রীদের কাছেও এলাকাটি অত্যন্ত জনপ্রিয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, নেপালে উদ্ধারকারীরা হেলিকপ্টার ব্যবহার করে জীবিতদের সন্ধান চালাচ্ছেন। একই সঙ্গে বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়া হাজারো মানুষের কাছে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

নেপাল পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা ১৬৫ ছাড়িয়ে যেতে পারে। পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে বলেন, ‘এই সংখ্যা আরও বাড়বে। আমরা আবারও উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু করেছি। আরও মরদেহ উদ্ধারের আশঙ্কা রয়েছে।’

ত্রিশুলিতে আকস্মিক বন্যার পর বেঁচে যাওয়া এক নারীকে ভারী যন্ত্রের মাধ্যমে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে। ২৬ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স
ত্রিশুলিতে আকস্মিক বন্যার পর বেঁচে যাওয়া এক নারীকে ভারী যন্ত্রের মাধ্যমে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে। ২৬ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

নেপালে নিখোঁজ ৮২৬ জনের মধ্যে প্রায় ৫০০ জন বিদেশি বলে জানিয়েছে পুলিশ ও পর্যটন কর্মকর্তারা। নিখোঁজদের তালিকায় দুই ডজনের বেশি দেশের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ভারতের ১৭৭ জন, যুক্তরাষ্ট্রের ৬৩ জন, অস্ট্রেলিয়ার ৩৪ জন, যুক্তরাজ্যের ৩৩ জন এবং কানাডার ২৫ জন রয়েছেন।

এদিকে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বৃহস্পতিবার জানিয়েছে, তিব্বতের গিরং কাউন্টিতে নিখোঁজের সংখ্যা ৫৫৮। তাদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে মৃতের সংখ্যা তিনজনেই রয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গিরংয়ের একটি সীমান্ত পারাপার এলাকায় পানির সঙ্গে কাদা ও পাথরের বিশাল স্রোত নেমে এসে কয়েক ডজন মানুষকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই স্রোত নেপালের দিকে (নিচের দিকে) প্রবাহিত হওয়ার সময় বহু বাড়িঘর, সড়ক ও বিদ্যুৎ প্রকল্পও ধ্বংস হয়ে যায়।

হেলিকপ্টারে চালানো উদ্ধার অভিযানে এক বেঁচে যাওয়া ব্যক্তিকে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে। ২৬ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স
হেলিকপ্টারে চালানো উদ্ধার অভিযানে এক বেঁচে যাওয়া ব্যক্তিকে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে। ২৬ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

নেপালের একটি হাসপাতালে চিকিৎসাধীন ৬৮ বছর বয়সী বেঁচে যাওয়া ব্যক্তি কেশব প্রসাদ বারাল বলেন, ‘আমাদের দিকে সরাসরি বিশাল এক কাদার স্রোত ধেয়ে আসছিল।’

তিনি বলেন, ‘সেটি যত কাছে আসছিল, ততই উঁচু হয়ে উঠছিল। যখন দেখলাম কাদা আমাদের ঘরে ঢুকে পড়েছে, তখন আমি স্ত্রীর হাত ধরে তাকে ছাদে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু কাদার স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়।’

চার ঘণ্টা পর একটি হেলিকপ্টারে করে তাকে নিরাপদ স্থানে নেওয়া হয়। তিনি বলেন, ‘আমার স্ত্রী এখনো কাদার নিচে কোথাও পড়ে আছেন। তিনি আর নেই।’

আরেকজন বেঁচে যাওয়া ব্যক্তি জানান, তিনি একটি আমগাছ আঁকড়ে ধরে নিজের জীবন রক্ষা করেন। এ সময় তিনি যে বাড়িতে কাজ করছিলেন, সেটি পানির স্রোতে সম্পূর্ণ ভেসে যেতে দেখেন।

জরুরি ত্রাণ পৌঁছানো শুরু

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে তাঁবু, খাবারসহ অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিবেশী ভারত এসব ত্রাণ দিয়েছে বলে জানিয়েছেন নেপালের সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত।

তিনি জানান, উদ্ধার অভিযানে নেপালের সেনাবাহিনী ও পুলিশের ৫ হাজারের বেশি সদস্য অংশ নিয়েছেন। বৃহস্পতিবার তারা ১২৫ জনকে উদ্ধার করেন। উদ্ধার হওয়াদের মধ্যে ২০ জন বিদেশি নাগরিক রয়েছেন।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত নুয়াকোট জেলার বিদুরের উদ্দেশে সড়কপথে রওনা হয়েছেন। তার কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, তিনি সেখানে গিয়ে বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন।

ত্রিশুলিতে আকস্মিক বন্যার পর কাদায় ঢেকে যাওয়া বিভিন্ন স্থাপনার ড্রোনচিত্র। ২৬ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স
ত্রিশুলিতে আকস্মিক বন্যার পর কাদায় ঢেকে যাওয়া বিভিন্ন স্থাপনার ড্রোনচিত্র। ২৬ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

নেপালের কর্মকর্তাদের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, ওই এলাকায় একটি ভূমিকম্পের কারণে হিমবাহের নিচের অংশ ধসে পড়ে বন্যার সৃষ্টি হয়ে থাকতে পারে।

তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, প্রথমে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হিসেবে যে ঘটনাটি জানানো হয়েছিল, সেটি আসলে হিমবাহের পাথর ও বরফ ধসে সৃষ্ট ভূকম্পনজনিত শক্তি। এর পরই সেখানে ধস নামে এবং পানির সঙ্গে ধ্বংসাবশেষের স্রোত নেমে আসে।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তিব্বতের গিরংয়ে এখনো আটকে থাকা একটি হ্রদ থেকে ঝুঁকি তৈরি হয়েছে। সিসিটিভি বৃহস্পতিবার জানিয়েছে, কাদা ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত তিব্বত-নেপাল সীমান্ত পারাপার এলাকার উজানে থাকা ওই হ্রদ থেকে নতুন করে পানির প্রবাহ তৈরি হলে দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার তৎপরতা আরও জটিল হয়ে উঠতে পারে।

নিহত ও নিখোঁজদের অনেকেই কৈলাস মানসসরোবরের তীর্থযাত্রায় ছিলেন। তিব্বতের উচ্চভূমিতে অবস্থিত এই স্থান হিন্দু ও বৌদ্ধসহ বিভিন্ন ধর্মের মানুষের কাছে পবিত্র হিসেবে বিবেচিত।

হিন্দুদের বিশ্বাস, কৈলাস পর্বত ভগবান শিবের আবাসস্থল। এই পর্বতের পাশেই রয়েছে মানসসরোবর হ্রদ, যেটিও বিভিন্ন ধর্মের অনুসারীদের কাছে পবিত্র।

হিমালয়ভিত্তিক একটি পর্যটন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সাগর পান্ডে জানান, তাদের প্রতিষ্ঠানের সঙ্গে কৈলাস মানসসরোবর তীর্থযাত্রায় যাওয়া ১৫ জন ভারতীয়-অস্ট্রেলীয় নাগরিক নিখোঁজ রয়েছেন।

হেলিকপ্টারে করে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পর রয়টার্সকে তিনি বলেন, ‘মানুষের তৈরি কোনো কিছুই আর নেই, কোনো জনবসতিও অবশিষ্ট নেই। সবকিছু যেন সমতল হয়ে গেছে।’ তিনি বলেন, ‘তাই হোটেল, রেস্তোরাঁ কিংবা গাড়িতে যারা ছিলেন, আমার বিশ্বাস, সবাই চলে গেছেন।’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, দুর্যোগের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, ‘নেপাল একটি উন্নয়নশীল দেশ। এ ধরনের একটি দুর্যোগ মোকাবিলায় অস্ট্রেলিয়ার মতো দেশ যে পরিমাণ সম্পদ ব্যবহার করতে পারে, নেপালের সেই সক্ষমতা নেই। তাই তথ্য পাওয়া কঠিন।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা একজন দুর্যোগ মোকাবিলা বিষয়ক পরামর্শক পাঠাচ্ছে এবং ৫ লাখ ডলার সহায়তা দিচ্ছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, তার দেশ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তিনি এই বন্যাকে ‘ভয়াবহ ধ্বংসাত্মক’ বলে বর্ণনা করেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, ক্ষতিগ্রস্ত নেপালের জনগণকে সহায়তা করতে জাতিসংঘের বিভিন্ন দল ও অংশীদার সংস্থাগুলো ত্রাণসামগ্রী ও কর্মী পাঠাচ্ছে।

মানুষকে ভাসিয়ে নেওয়ার দৃশ্য

চীনের সীমান্ত এলাকার নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, পাথর, কাদা ও পানির প্রবল স্রোত থেকে বহু মানুষ পালানোর চেষ্টা করছেন। ওই স্রোত ভবন ও যানবাহন ধ্বংস করে দেয়।

নেপালের নুয়াকোট ও ধাদিংয়ের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিখোঁজ স্বজনদের খোঁজে থাকা মানুষদের একটি নেপালি সেনা প্রশিক্ষণকেন্দ্রের বাইরে জড়ো হতে দেখা গেছে। ওই কেন্দ্রটিই হেলিকপ্টারে উদ্ধার অভিযান পরিচালনার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কয়েক মিটার পুরু কাদার স্তরে বাড়িঘর, গাছপালা ও যানবাহন ঢেকে গেছে। দিনভর হেলিকপ্টারগুলোকে আকাশে চক্কর দিয়ে বেঁচে যাওয়া মানুষদের নিরাপদ স্থানে নিয়ে যেতে দেখা যায়।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইটের ছবি নিয়ে প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, বরফ ও পাথরের একটি ভূমিধসের কারণে লেন্দে নদীতে আকস্মিক বন্যা সৃষ্টি হয়। ওই স্রোতের সঙ্গে ধ্বংসাবশেষও নেমে আসে। নেপাল-চীন সীমান্তের রাসুওয়াগাধি পারাপার এলাকা থেকে নদীটির ওই অংশের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) উত্তর-পূর্বে।

টেলিভিশনের ছবিতে ধসে পড়া বাড়িঘর, পানিতে ভাসতে থাকা গাড়ি এবং স্রোতে ভেসে যাওয়া একটি ধাতব সেতু দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পানির স্রোত পুরো গ্রামগুলোকে গ্রাস করে নেয়।

রাসুওয়ার একজন স্বাস্থ্যকর্মী তুলা বাহাদুর বিক বলেন, ‘আমরা যেদিকেই তাকাই, শুধু ধ্বংসযজ্ঞ দেখতে পাচ্ছি।’ তিনি বলেন, ‘নদীর পাশে থাকা জনবসতিগুলো পুরোপুরি ভেসে গেছে। আমার নিজের পাঁচজন আত্মীয় নিখোঁজ।’

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে নতুন পরিকল্পনায় ইরান-ওমান

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, প্রস্তাবিত অস্থায়ী করিডরটির প্রস্থ হবে প্রায় ৭ নটিক্যাল মাইল বা ১১ দশমিক ৩ কিলোমিটার। এর প্রবেশপথ ইরানের আঞ্চলিক জলসীমা দিয়ে ও বের হওয়ার পথের একটি অংশও ইরানের জলসীমার মধ্য দিয়ে যাবে।

১৭ ঘণ্টা আগে

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ ঢলে ২২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০

নেপাল ট্যুরিজম বোর্ডের প্রাথমিক হিসাব বলছে, মোট ৩৮৪ জন পর্যটক ও যাত্রীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি ও ৯৩ জন নেপালি। বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয়। তবে এই তালিকা এখনও যাচাই করা হচ্ছে।

১৮ ঘণ্টা আগে

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিতে ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছে ইউরোপ

বার্নহ্যাম জানান, আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় তিনি ইউরোপের অন্য নেতাদের সঙ্গে ট্রাম্পের কাছে ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত থেকে সরবরাহ বাড়ানোর অনুরোধ জানাবেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তার প্রথম যুক্তরাষ্ট্র সফর।

১ দিন আগে

আবারও মাঠে নামছে ‘ককরোচ জনতা পার্টি’, ৫ সেপ্টেম্বর দিল্লিতে মিছিল

সিজেপির ঘোষণা অনুযায়ী, ওই দিন দিল্লির ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দপ্তর পর্যন্ত মিছিল হবে। আন্দোলনকারীদের অভিযোগ, ২৫ জুলাই যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহারের সময় কেন্দ্র যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কোনোটি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি।

১ দিন আগে