জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড জুটি গড়ে ফিরলেন সাইফ-তানজিদ

ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়ার পর বড় সংগ্রহের ভিত গড়ে দিয়ে মাঠ ছেড়েছেন এই দুই ব্যাটার।

ম্যাচে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীতে এই ওপেনিং জুটি ৮৮ বল খেলে স্কোরবোর্ডে ১২০ রান যোগ করে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটি বাংলাদেশ দলের যেকোনো উইকেটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ রানের জুটি। একই সাথে উদ্বোধনী জুটিতে (ওপেনিং) এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড।

আজকের ম্যাচে সাইফ ও তানজিদের ১২০ রানের পার্টনারশিপটি ওপেনিংয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সেরা সংগ্রহ। এর আগে ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে উদ্বোধনী জুটিতে ১২৪ রান করেছিলেন লিটন দাস ও রনি তালুকদার, যা ওপেনিংয়ে দেশের সর্বোচ্চ।

তবে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটি এখনো তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের দখলে। ২০১২ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ১৩২* রানের রেকর্ড জুটি গড়েছিলেন তারা। যদিও ১৯৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সেই ম্যাচে ১৮ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ।

আজকের ম্যাচে সাইফ ও তানজিদ তামিমের এই ঝোড়ো শুরু জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে গেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement