জঙ্গি সন্দেহে তেজগাঁও কলেজের মসজিদ থেকে ২৩ জন আটক

রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আটকের পর তাদের তেজগাঁও থানা হেফাজতে রাখা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, কলেজের মসজিদে গোপনে বৈঠক করার সময় তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে তাদের জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে।
তিনি বলেন, এ বিষয়ে যাচাই-বাছাই করতে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
এক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। বর্তমানে তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

















