গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১১: ৫৩
গৌরনদীতে নিম ও নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ছবি: ভিডিও থেকে

সরকার গঠনের পর প্রথমবারের মতো সোমবার বরিশাল সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শুরুতেই বরিশালের গৌরনদী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এরপর ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গৌরনদীসহ পুরো বরিশাল অঞ্চলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যেও রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল-বাটাজোর খালপাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। বাটাজোর বাজারের পাশ দিয়ে প্রবাহিত খালটি স্থানীয়ভাবে ‘বাটাজোর খাল’ নামে পরিচিত। এটি পূর্ব দিকে সরিকল নদী হয়ে মিয়ারচর নদীর সঙ্গে মিলিত হয়েছে। খালের এক পাড় থেকে গৃহবধূ, কৃষকসহ স্থানীয় বাসিন্দারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। জবাবে হাত নেড়ে তাদের শুভেচ্ছা গ্রহণ করেন তিনি।

পরে নিম ও নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, “গাছটি রোপণ করেই কাজ শেষ হবে না। আজকে আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে। সবাইকে গাছের যত্ন করতে হবে।” তিনি আরও বলেন, “আপনারা যেমন নিজের শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে যত্ন করেন, ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে।”

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার কথা রয়েছে। গৌরনদীর কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল নগরের উদ্দেশে রওনা হবেন। ৩৪ কিলোমিটার দীর্ঘ এ সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী ও সমর্থক তাকে শুভেচ্ছা জানানোর জন্য অবস্থান নিয়েছেন।

বরিশাল শহরে পৌঁছে ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

বৃষ্টিপাতের কারণে এ সফরে কোনো দলীয় জনসভা রাখা হয়নি। তবে সাংগঠনিক সভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ, বরিশালে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে ঘোষণা আসতে পারে বলে আশা করছেন স্থানীয়রা।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, “আমাদের প্রাণের দাবি ভাঙা থেকে কুয়াকাটা ছয় লেন সড়ক। এটা হলে পায়রা বন্দর সচল হবে। চীনের সঙ্গে আমাদের যুক্ত হতে সহজ হবে। পর্যটন কেন্দ্র কুয়াকাটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।”

তিনি বলেন, “দেশের জিডিপির এক-তৃতীয়াংশ দক্ষিণাঞ্চল থেকে আসে। যদি পায়রা বন্দর সচল হয়, পটুয়াখালীর ইপিজেড চালু হয়, তাহলে পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে ঘিরে জিডিপি আরও বাড়বে।” ছয় লেন মহাসড়কের বাজেট প্রসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রী চাইলে সম্ভব। তাতে এ অঞ্চলের অর্থনীতির অভূতপূর্ব উন্নয়ন ঘটবে।”

দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে পা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সর্বশেষ ২০০৩ সালে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি এ উপজেলা সফর করেছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করার পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম বরিশাল সফর। এর আগে সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে গত ৪ ফেব্রুয়ারি বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সেদিন তিনি নগরের বেলস পার্কে আয়োজিত দলের নির্বাচনি জনসভায় বক্তব্য দেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৯৬

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে হামজনিত উপসর্গ নিয়ে চারজন এবং হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৮ জনে।

১ দিন আগে

আর্থিক শৃঙ্খলার জন্য গভর্নর পদ সাংবিধানিক করা উচিত: ফরাসউদ্দিন

সাবেক এই গভর্নর বলেন, সরকারের স্থিতিশীলতার জন্য সাধারণ নির্বাচনের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নয়, বরং উচ্চ কক্ষে বরাদ্দ দেওয়া যেতে পারে। সংসদ সদস্যদের সংবিধান সংশোধন, সরকারের প্রতি অনাস্থা ও অর্থ বিল ছাড়া বাকি ক্ষেত্রে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ দেওয়া উচিত।

১ দিন আগে

আত্মসমর্পণের আইনি সুযোগ নেই শেখ হাসিনার: প্রধান কৌঁসুলি

আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতের নিয়ন্ত্রণে থাকলে নিজের ইচ্ছায় দেশে ফেরার সুযোগ নেই। তাকে ফেরানোর ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হতে পারে অথবা অন্য কোনো প্রক্রিয়ায় ফেরত পাঠানো হতে পারে।

১ দিন আগে

৬ বিভাগে আরও ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির আভাস

সতর্কবার্তায় বলা হয়েছে, রোববার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

১ দিন আগে