অপরাধের পেছনে জুয়া ও মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে বিভিন্ন অপরাধের পেছনে জুয়া ও মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যুবসমাজের অপরাধ বিশ্লেষণে দেখা গেছে, অনেকে মাদকাসক্ত হয়ে অপরাধে জড়াচ্ছেন, আবার কেউ মাদক কেনার অর্থ জোগাড় করতে অপরাধ করছেন। একইভাবে জুয়ায় আসক্তিও নানা অপরাধের পেছনে ভূমিকা রাখছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু অপরাধীকে গ্রেপ্তার, বিচার ও সাজা দিয়ে অপরাধ দমন করা সম্ভব নয়। কেন অপরাধ হচ্ছে, তা সমাজ বিশ্লেষণ ও গবেষণার মাধ্যমে চিহ্নিত করতে হবে। তাঁর মতে, অপরাধ অনেক সময় অন্য সমস্যার উপসর্গের মতো কাজ করে। মূল কারণ দূর করা গেলে অপরাধের হারও কমানো সম্ভব।

র‍্যাবের বিভিন্ন বিশ্লেষণের কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু গুরুতর অপরাধের পেছনে জুয়া ও মাদকের সংশ্লিষ্টতা রয়েছে। সম্প্রতি একাধিক হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের কেউ মাদকাসক্ত ছিলেন, কেউ নেশার কারণে অপরাধ করেছেন, আবার কেউ মাদক কেনার অর্থ জোগাড় করতে অপরাধে জড়িয়েছেন। জুয়া ও মাদকের অর্থের প্রয়োজন থেকেও কেউ কেউ আরও অপরাধে জড়িয়েছেন বলে বিশ্লেষণে উঠে এসেছে।

অপরাধের ধরন বদলে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ডিজিটালাইজেশনের ফলে সাইবার স্পেসে মাদক, জুয়া, ব্ল্যাকমেলসহ নানা অপরাধ ছড়িয়ে পড়ছে। এসব অপরাধ তদন্তে টেলিফোন ও ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক পরীক্ষা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং অনেক ক্ষেত্রে এসব ডিজিটাল তথ্য আদালতে প্রমাণ হিসেবেও উপস্থাপন করতে হচ্ছে। এ পরিস্থিতিতে পুলিশকে পুরোপুরি আধুনিকায়ন করা সম্ভব না হলেও সরকার শিগগির সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ সদর দপ্তর, এপিবিএন ও প্রতিটি ডিভিশনাল হেডকোয়ার্টারে আধুনিক সাইবার সিকিউরিটি ইউনিট ও ল্যাব স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছে। জেলা পর্যায়েও সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। পাশাপাশি মাদক শনাক্তকরণ ও পরীক্ষার জন্য জেলা পর্যায়ে ল্যাবরেটরি, ডগ স্কোয়াড এবং ফরেনসিক ও কেমিক্যাল ল্যাবরেটরি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে অনেক অপরাধই ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইমের সঙ্গে যুক্ত। বিশেষ করে স্ক্যাম ও সাইবার অপরাধে একাধিক দেশের অপরাধী চক্র জড়িত থাকে। পুলিশ পরিচয়ে প্রতারণা ও ব্ল্যাকমেলসহ বিভিন্ন সাইবার অপরাধ মোকাবিলায় দেশীয় সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতাও প্রয়োজন।

ক্রাইম রিপোর্টিংকে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এ ধরনের সাংবাদিকতায় ব্যাপক পড়াশোনা ও অনুসন্ধানের প্রয়োজন হয়। ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম ও সাইবার অপরাধের ক্ষেত্রে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও কর্মকর্তার সঙ্গে তথ্য আদান-প্রদানও প্রয়োজন হতে পারে। ঝুঁকি ভাতার দাবির বিষয়ে তিনি বলেন, এটি মূলত সরকারি কর্মকর্তা, পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে ঝুঁকিপূর্ণ রিপোর্টিংয়ে কোনো সাংবাদিক ক্ষতিগ্রস্ত বা আহত হলে সরকারি সহযোগিতা কিংবা সিএসআর প্রকল্পের মাধ্যমে সহায়তার সুযোগ খতিয়ে দেখার চেষ্টা করবেন।

ঝুঁকিপূর্ণ কাজ ও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ক্রাইম রিপোর্টারদের সনদ দেওয়ার বিষয়টিও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দেখার আশ্বাস দেন মন্ত্রী। একই সঙ্গে সময়ের সঙ্গে অপরাধের ধরন ও সামাজিক বাস্তবতা বদলানোর কারণে আইনও সংশোধন বা নতুন আইন প্রণয়নের প্রয়োজন হয় বলে মন্তব্য করেন তিনি। অনলাইন জুয়ার উদাহরণ দিয়ে তিনি বলেন, পুরোনো জুয়া প্রতিরোধ আইনে সাইবার স্পেসভিত্তিক জুয়া মোকাবিলা কঠিন হওয়ায় আধুনিক আইন করা হয়েছে। এতে সাইবার জুয়া, ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম ও ফিক্সিংসহ বিভিন্ন অপরাধের সংজ্ঞা ও শাস্তির বিধান রাখা হয়েছে।

অপরাধ দমনে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতার ওপরও গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে নতুন আইনে কোন অপরাধের কী শাস্তি রয়েছে, তা মানুষকে জানানো এবং সচেতনতা তৈরি করা। অ্যাসিড সন্ত্রাসের উদাহরণ দিয়ে তিনি বলেন, আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সাংবাদিকদের ভূমিকার কারণে এ ধরনের অপরাধ প্রায় বিলুপ্তির পর্যায়ে এসেছে। একইভাবে নির্দিষ্ট কারণ চিহ্নিত করে আইনি ও সামাজিক উদ্যোগের মাধ্যমে অন্যান্য অপরাধও কমানো সম্ভব।

ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মো. রাশেদ খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আইনমন্ত্রীর সঙ্গে উলামায়ে কেরামদের বৈঠক, সম্পত্তি হস্তান্তর আইন পর্যালোচনার দাবি

উলামায়ে কেরাম বিলটির উদ্দেশ্য হিসেবে ‘পিতা-মাতা, প্রবীণ ব্যক্তি ও দাতার জীবদ্দশার ভোগ ও ব্যবহারের অধিকার সুরক্ষা’কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে মুসলিম নাগরিকদের সম্পত্তি হস্তান্তর, হেবা, ওসিয়ত ও মিরাস কুরআন-সুন্নাহভিত্তিক বিধানের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নতুন ব্যবস্থায় সম্ভাব্য শরয়ি জটিলতা নিয়ে তা

৪ ঘণ্টা আগে

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, ‘আমলে নিচ্ছেন না’ চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

৫ ঘণ্টা আগে

মেট্রোরেলের দুই লাইনে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।

৫ ঘণ্টা আগে

দিল্লিতে হাইকমিশনার নিয়োগ, ‘আনুষ্ঠানিক বক্তব্যে’র অপেক্ষা করতে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতি দেওয়া নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে দুই দেশের সরকারের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করতে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সরকারি কোনো সুনির্দিষ্ট তথ্য বা বক্তব্য না আসা পর্যন্ত এ ধরনের খবর আমলে না নেওয়ারও

৫ ঘণ্টা আগে
Advertisement