ওয়ানডেকে বিদায় মুশফিকের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০০: ১১
মুশফিকুর রহিম। ফাইল ছবি

চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দীর্ঘ দিন ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মিডল অর্ডারের দায়িত্ব সামলে আসা মুশফিকুর রহিম।

বুধবার (৫ মার্চ) রাত ১১টা ১২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। এর মধ্য দিয়ে ২৭৪ ম্যাচ ও ৭ হাজার ৭৯৫ রানে থামল মুশফিকের ওয়ানডে ক্যারিয়ার।

ওয়ানডেকে বিদায় ঘোষণা করা স্ট্যাটাসে সবাইকে সালাম জানিয়ে মুশফিক লিখেছেন, আন্তর্জাতিক ওয়ানডে ফরম্যাট থেকে আমি অবসর ঘোষণা করছি। সবকিছুর জন্য স্রষ্টার কাছে কৃতজ্ঞ। আমাদের অর্জনগুলো বৈশ্বিক পাল্লায় সীমিত হতে পারে, কিন্তু একটি বিষয় নিশ্চিত: যখনই দেশের জন্য মাঠে নেমেছি, আমার নিবেদন ও নিষ্ঠার শতভাগেরও বেশি দিয়েছি।

মুশফিক লিখেছেন, গত কয়েকদিন আমার জন্য ছিল ভীষণ চ্যালেঞ্জিং। এবং আমি এ উপলব্ধিতে উপনীত হয়েছি যে এটিই আমার নিয়তি।

কোরআন শরিফের সুরা আল-ইমরানের ২৬ নম্বর আয়াতের একাংশে বলা হয়েছে, ‘আপনি (আল্লাহ) যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন।’ মুশফিক এই অংশটুকু উদ্ধৃত করে লিখেছেন, মহান আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সবাইকে সঠিক বিশ্বাসের পথে পরিচালিত করুন।

সবশেষে পরিবার, বন্ধু ও ভক্তদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মুশফিক। লিখেছেন, তাদের জন্যই তিনি ১৯ বছর ধরে ক্রিকেট খেলে আসছেন।

Musjhfiqur-Rahim-File-Photo-05-03-2025

ওয়ানডেতে অনেক রঙিন মুহূর্তের জন্ম দেওয়া মুশফিকের বিদায় অনেকটাই বিবর্ণ। ফাইল ছবি

ওয়ানডেতে ২৭৪ ম্যাচে ২৫৬ ইনিংস খেলে মুশফিকুর রহিমের সংগ্রহ ৩৬ দশমিক ৪২ গড়ে ৭ হাজার ৭৯৫ রান। ওয়ানডেতে ৯টি শতকের পাশাপাশি ৪৯টি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। ম্যাচে সর্বোচ্চ সংগ্রহ ১৪৪ রান। স্ট্রাইক রেট ৭৯ দশমিক ৭০। উইকেটরক্ষক ও ফিল্ডার হিসেবে নিয়েছেন ২৪৩টি ক্যাচ। উইকেটরক্ষক হিসেবে স্টাম্পিং করেছেন ৫৬টি।

দেশের পক্ষে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান মুশফিকের। এই তালিকায় তার সামনে রয়েছেন কেবল তামিম ইকবাল। তার সংগ্রহ ৮ হাজার ৩৫৭ রান।

কেবল সর্বোচ্চ রান নয়, ওয়ানডেতে সর্বোচ্চ শতক আর অর্ধশতকের তালিকাতেও মুশফিক রয়েছেন দ্বিতীয় স্থানে। তামিমের সর্বোচ্চ ১৪টি শতকের পরই দ্বিতীয় সর্বোচ্চ ৯টি শতক মুশফিকের। তার সমানসংখ্যক শতক অবশ্য রয়েছে সাকিব আল হাসানেরও।

ওয়ানডেতে মুশফিকের অর্ধশত রানের ইনিংস ৪৯টি। দেশের পক্ষে তার চেয়ে বেশি অর্ধশত রানের ইনিংস কেবল রয়েছে তামিম ও সাকিবের, দুজনেরই ৫৬টি করে। ফলে তারা দুজন যৌথভাবে শীর্ষে থাকায় মুশফিক রয়েছেন দ্বিতীয় স্থানে।

২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক মুশফিকের, জিম্বাবুয়ের হারারেতে। দ্বিতীয় ম্যাচও ছিল জিম্বাবুয়ের বিপক্ষে, একই বছরের ৮ ডিসেম্বর মিরপুরে। প্রথম দুই ম্যাচের একটিতেও ব্যাটিংয়ে নামতে হয়নি তাকে।

একই বছরের ৯ ডিসেম্বর তৃতীয় ম্যাচে মাঠে নেমে প্রথম ব্যাটিংয়ের সুযোগ পান মুশফিক। সে দিন ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৯ বলে ১৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। নবম ম্যাচে দেখা পান প্রথম অর্ধশত রানের ইনিংসের, প্রতিপক্ষ সেই জিম্বাবুয়ে। শতকের জন্য অপেক্ষা করতে হয় ৯৬ ম্যাচ, এবারও প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

উইকেটরক্ষক হিসেবে দলে ঢুকলেও একপর্যায়ে দেশের মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন মুশফিক। ক্রিকেট ভক্তদের কাছে জিতে নেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খেতাব। তবে সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে তার ফর্ম ছিল অনেকটাই পড়তির দিকে। শেষ ১৫ ম্যাচে অর্ধশত রানের ইনিংস মাত্র একটি।

সবশেষ এই চ্যাম্পিয়নস ট্রফিতে শেষ যে দুটি ইনিংস খেলার সুযোগ পেয়েছেন, তার একটিতে ২ রান করলেও আরেক ইনিংসে রানের খাতা খোলার আগেই বিদায় নিতে হয়েছে। তাকে ওয়ানডে ক্যারিয়ারেই তার শেষ তিনটি ইনিংস দাঁড়াল— ১, ০, ২। ওয়ানডেতে অনেক রঙিন মুহূর্তের জন্ম দেওয়া মুশফিকের বিদায় তাই অনেকটাই বিবর্ণ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আগুনে বিকল এলএনজি টার্মিনাল, পরিণতি আরও ভয়াবহ হতে পারত: প্রতিমন্ত্রী

তিনি বলেছেন, ঘটনার সময় একটি এলএনজি কার্গো টার্মিনালের খুব কাছাকাছি অবস্থান করছিল। সেটিকে দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

৯ ঘণ্টা আগে

এলএনজি টার্মিনাল সচলে আরও দুয়েক সপ্তাহ লাগতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী

মহেশখালীর বিকল হয়ে যাওয়া এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল পুরোপুরি সচল হতে আরও দুয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তবে আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

১০ ঘণ্টা আগে

নিজেদের ছোট না ভেবে গড়ে তোলো— নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১০ ঘণ্টা আগে

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।

১১ ঘণ্টা আগে