বাতিল হলো প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বই সংরক্ষণের নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটিসহ তিনটি বই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সংরক্ষণ করার নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বাকি দুটি বইয়ের লেখক প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহ, যার একটি প্রধানমন্ত্রীর বাবা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও অন্যটি প্রধানমন্ত্রীর মা প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা।
গত ৩ জুন জারি করা এক আদেশে দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সবগুলোতে ওই তিনটি বই সংরক্ষণ করার ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছিল।
ওই নির্দেশনা নিয়ে বিভিন্ন পর্যায়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে সোমবার সন্ধ্যায় আদেশটি বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বইটির নাম ‘সবার আগে বাংলাদেশ’। সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা বাকি দুটি বই হলো— ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’।
প্রধানমন্ত্রীর নাম জড়িয়ে থাকা কোনো বিষয়কে বাড়তি গুরুত্ব দিয়ে প্রচারে বা আলোচনায় না রাখার বিষয়ে নির্দেশনা এই প্রথম নয়। এর আগে কোনো ধরনের প্রতিষ্ঠান বা স্থাপনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা তার পরিবারের সদস্যদের নাম ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। সরকারি প্রচারেও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা এসেছে এ সপ্তাহেই।













-e8d740-256x144.webp)
-f7dee2-256x144.webp)


