সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

লালমনিরহাট প্রতিনিধি
সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে দুই নারী ও দুই শিশুসহ ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১২ জন ভারতের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন।

রোববার (১৮ অক্টোবর) সকালে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে দুই শিশু, দুই নারী ও আট পুরুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয় বিজিবি। তাদের বাধার মুখে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

স্থানীয় সূত্র জানায়, ওই ১২ জন বর্তমানে সীমান্তের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম পিএসসি, ইঞ্জিনিয়ার্স। তিনি জানান, বিএসএফের পুশইনের চেষ্টার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement