ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করে অধ্যাদেশ জারি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
৭ কলেজ মিলিয়ে তৈরি করা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।

রাজধানীর সাতটি সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনা একীভূত করতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। অধ্যাদেশে বলা হয়েছে, কলেজগুলোর স্বকীয়তা বজায় রেখে একাডেমিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত থাকবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৬’ গেজেট আকারে প্রকাশ করে।

এ অধ্যাদেশ অনুযায়ী ঢাকার যে সাতটি কলেজ নিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন হচ্ছে সেগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

ঢাকার সরকারি এ সাতটি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। ২০১৭ সালে সেগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকাকালীন নানা ধরনের অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার অভিযোগ ওঠে। এ সময় শিক্ষার্থীরা আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তোলেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশটি দেখুন এখানে—

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অভিযোগ তোলেন, সাত কলেজের ব্যবস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারাও সাত কলেজের ঢাবি অধিভুক্তি বাতিলের দাবি জানান।

জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে সাত কলেজের ঢাবি অধিভুক্তি বাতিল ও নিজস্ব বিশ্ববিদ্যালয়ের আন্দোলন জোরালো হয়ে ওঠে। পরে সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে প্রধান করে চার সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।

এর মধ্যে সাত কলেজের শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের জেরে ২০২৫ সালের ২৭ জানুয়ারি কলেজগুলোর অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। তখন এ কলেজগুলোতে নতুন শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া চলছিল। পরে অন্তর্বর্তী প্রশাসন গঠন করে কলেজগুলোতে নতুন শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়।

এদিকে ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত কমিটি অংশীজনদের সঙ্গে আলোচনা করে এ বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রস্তাব করে। খসড়ায় সাতটি কলেজকে চারটি স্কুলে বিভক্ত করে ‘ইন্টারডিসিপ্লিনারি’ কাঠামোতে বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়। বলা হয়, কলেজগুলোতে উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদানও চালু থাকবে।

প্রস্তাবিত স্কুলিং কাঠামোর বিরোধিতা করেন কলেজগুলোর শিক্ষা ক্যাডারের শিক্ষকরা। তাদের আশঙ্কা ছিল, ওই কাঠামোতে তাদের পদোন্নতির মতো মৌলিক অধিকার ক্ষুণ্ন হবে। তারা কলেজগুলোর স্বাতন্ত্র্য বজায় রেখে ‘অধিভুক্তিমূলক কাঠামো’তে নতুন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার দাবি জানান।

কলেজগুলোর বর্তমান শিক্ষার্থীদের একাংশ নতুন বিশ্ববিদ্যালয়টির আইনি কাঠামো দ্রুত নিশ্চিত করার পক্ষে অবস্থান নিয়ে দ্রুততম সময়ে অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনে নামেন। পরে গত ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের জন্য অধ্যাদেশের খসড়া অনুমোদন করে। দুই সপ্তাহ পর তা গেজেট আকারে জারি হলো।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে ঢুকতে মানা

ইসির চিঠিতে বলা হয়েছে, জাতীয় নির্বাচন ও গণভোটের দিন এই কয়েকজন ব্যক্তির বাইরে অন্য কেউ মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধ এলাকার মধ্যে প্রবেশ করতে পারবেন না।

৩ ঘণ্টা আগে

সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, যুবদল-স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা গ্রেপ্তার

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই ব্যবসায়ী মো. সালমান হোসেন বাদী হয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।

৪ ঘণ্টা আগে

আগামীকাল রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

মোটরসাইকেল চলাচলের ওপর দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকেই কার্যকর হবে এবং বলবৎ থাকবে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

৪ ঘণ্টা আগে

কাল সকালে থামছে ভোটের প্রচার, বৃহস্পতিবার ব্যালট যুদ্ধ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টায়।

৪ ঘণ্টা আগে