ব্যাংক রেজ্যুলেশন বিল পাস, রুমিনের বক্তব্য নিয়ে হট্টগোল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সংসদে ব্যাংক রেজ্যুলেশন (সংশোধনী) বিলের আলোচনায় রুমিন ফারহানার দেওয়া বক্তব্যে হট্টগোল করেন সরকারদলীয় সংসদ সদস্যরা। ছবি: টিভি থেকে

জাতীয় সংসদে পাস হয়েছে ব্যাংক রেজ্যুলেশন (সংশোধন) বিল। সরকারি দলের সংসদ সদস্যরা ‘হ্যাঁ’ ভোট দিয়ে বিলটি পাস করলেও বিরোধী দলের সংসদ সদস্যরা ভোটে অংশ নেননি। আর বিল পাসের সময় সংসদ থেকে বেরিয়ে যান রুমিন ফারহানা।

তবে এর আগেই এই বিলের ওপর আলোচনায় গ্যাস-বিদ্যুতের সংকট ও খেলাপি ঋণ নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন এই স্বতন্ত্র সংসদ সদস্য। তার বক্তব্যের প্রতিবাদ জানান সরকারি দলের সংসদ সদস্যরা। বিরোধী দলের সংসদ সদস্যরাও এতে জড়িয়ে পড়লে সংসদে তুমুল হট্টগোল দেখা দেয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ব্যাংক রেজ্যুলেশনের সংশোধিত বিলটি সংসদে উত্থাপন করেন। ডেপুটি স্পিকার কায়সার কামাল এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। তিনি বিলের জনমত যাচাইয়ের প্রস্তাবের আলোচনায় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাকে ফ্লোর দেন।

এ সময় রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস বিদ্যুৎ-সংকট হবে না— এটা হইতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আবার সারের সংকট হবে না, গরিব কৃষক সার কারখানায় গিয়ে সেটা লুট করবেন না— সেটাও হইতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না— সেটাও হওয়া সম্ভব না, মাননীয় স্পিকার।’

রুমিনের এ বক্তব্যে বিএনপির সংসদ সদস্যরা হইচই শুরু করেন। তবে রুমিন থামেননি। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসবে আর বাংলাদেশ প্রথমবারের মতো ঋণ খেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না— সেইটাও হইতে পারে না। সুতরাং বিএনপি ক্ষমতায় আসা মানে— ঋণখেলাপিতে সর্বোচ্চ হওয়া, ছয় লাখ ৬০ হাজার কোটি টাকার ওপরে ঋণখেলাপি হওয়া ইত্যাদি ইত্যাদি...।

রুমিন ফারহানার বক্তব্যের এ পর্যায়ে সরকারদলীয় সংসদ সদস্যরা তুমুল হট্টগোল করেন। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান। তবে তাকে কর্ণপাত করেননি সরকারদলীয় সংসদ সদস্যরা।

এর মধ্যেই রুমিন ফারহানা বলতে থাকেন, ‘এত অসহিষ্ণু সংসদ, মনে হয় যেন একবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা। মজা মন্দ না। আওয়ামী লীগকে যখন বলতাম, তখন তারাও হট্টগোল করত। এখন বিএনপির একই ধরনের আচরণ করছে। আরও খারাপ আচরণ বরং বলি।’

খেলাপি ঋণ প্রসঙ্গে এই স্বতন্ত্র সংসদ সদস্য আরও বলেন, এই সংসদে বেশির ভাগ সদস্য ঋণখেলাপি হিসেবে পরিচিত। নির্বাচনের আগে নামটা কাটানোর জন্য হাইকোর্টে গিয়ে রিট করা— এগুলো আমাদের পুরোনো সংস্কৃতি। এগুলো আমরা বহু দেখেছি।

এ পর্যায়ে রুমিন ফারহানার জন্য নির্ধারিত সময় শেষ হয়ে গেলে মাইক বন্ধ হয়ে যায়। কিন্তু সরকারদলীয় সংসদ সদস্যরা হট্টগোল অব্যাহত রাখেন। রুমিন ফারহানাও মাইক ছাড়াই কথা বলতে থাকেন। বিরোধী দলের সংসদ সদস্যরাও এ সময় মাইক ছাড়াই কথা বলতে থাকলে হট্টগোল চূড়ান্ত আকার ধারণ করে। রুমিনের অভিযোগ, সরকারি দলের সংসদ সদস্যদের কেউ কেউ তার প্রতি অশালীন শব্দ চয়ন করেছেন।

সংসদে এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে ডেপুটি স্পিকার বারবার সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানালেও কেউ থামেননি। চিফ হুইপ নূরুল ইসলাম মনিও চেষ্টা করেও সরকারি দলের সদস্যদের থামাতে পারেননি।

পরে ডেপুটি স্পিকার বলেন, একজন মাননীয় সদস্য বক্তব্য রাখছেন। তার কথা বলার স্বাধীনতা আছে। ওনার বক্তব্যে বাধা প্রদান গণতান্ত্রিক রীতিনীতির বাইরে।

রুমিন ফারহানা এ পর্যায়ে কিছু বলতে চাইলেও ডেপুটি স্পিকার তাকে বসতে বলেন। চিফ হুইপের উদ্দেশে তিনি বলেন, সংসদ সদস্যদের প্রত্যেকের স্বাধীনতা আছে তাদের বক্তব্য উপস্থাপনের। আপনাদের সময় (টার্ন) যখন আসবে, আপনারা তখন সেটা খণ্ডন করবেন। কিন্তু বক্তব্য প্রদানে বাধা কোনো অবস্থাতেই কাম্য না।

একপর্যায়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, আমরা সংসদে সব সমস্যার সমাধান চাই। কিন্তু সংসদে সমস্যা সমাধান করতে গিয়ে যদি আমরা সমস্যা তৈরি করি, সেটা একটা প্রবলেম। আমরা চাই এখানে হেলদি আলোচনা হোক। একজন সদস্য যখন কথা বলেন, তার নিজেরও দৃষ্টি রাখা দরকার। মাত্র কয়েক দিন আগে উনি (রুমিন) বিএনপির পক্ষে কথা বলেছেন।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, চিফ হুইপ হিসেবে আপনারও দায়িত্ব আছে— হুইপিং দ্য মেম্বারস অব দ্য পার্লামেন্ট। একজন অনারেবল মেম্বার কথা বলতে পারবেন, আন-পার্লার্মেন্টারি হলে সেটা এই চেয়ার থেকে এক্সপাঞ্জ করা হবে। বাট সেটাকে বাধা দেওয়া ঠিক না। চিফ হুইপ হিসেবে আপনার মূল দায়িত্বও হাউজের শৃঙ্খলা বজায় রাখা।

এরপর বিলের আলোচনায় আরেক স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানকে ফ্লোর দেওয়া হলেও সংসদে হট্টগোল অব্যাহত ছিল। এ সময় রুমিন ফারহানার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হান্নান মাসউদকে দাঁড়িয়ে কিছু বলতে দেখা যায়। রুমিন ফারহানা মাইক ছাড়াই স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ করেন, তাকে অশালীন ভাষায় গালি দেওয়া হয়েছে।

হান্নান মাসউদ এ সময় প্রতিবাদ জানিয়ে বলেন, একজন সংসদ সদস্যকে এভাবে গালি দেওয়া যায় না। তিনি বিরোধী দলের অন্য সদস্যদের প্রতিবাদ করতে অনুরোধ জানান। একপর্যায়ে হান্নান মাসউদ সংসদ থেকে বেরিয়ে যান। পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দেন।

শফিকুর রহমান বলেন, সংসদ সদস্যের বক্তব্য অসংসদীয় হলে স্পিকার রুলিং দিতে পারেন। মন্ত্রী জবাব দিতে পারেন। হতে পারে তার (রুমিন) কথাগুলা সবগুলো সঙ্গত নয়। আবার হতে পারে যে কথাগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা তো কিছুই শুনতে পারলাম না। উনি কি বললেন, সব তো হারিয়ে গেল। সংসদ সদস্য হিসেবে তার যে অধিকার, সেটা কি প্রতিষ্ঠা হলো?

স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান একপর্যায়ে বিলের আলোচনায় অংশ নেন। পরে এনসিপির আখতার হোসেনও বক্তব্য রাখেন। তিনি ব্যাংক রেজ্যুলেশন আইনের সংশোধনী আনায় সরকারকে ধন্যবাদ জানান।

পরে বিলের আলোচনায় অর্থমন্ত্রী আমির মাহমুদ চৌধুরী তার বক্তব্যে সংসদে সৃষ্ট পরিস্থিতিকে দুঃখনজনক বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমি তো বিষয় কী সেটাই বুঝতে পারছি না। আমি কী বললাম, আলোচনা কী হলো! দুঃখজনক।’

শেষ পর্যন্ত কণ্ঠভোটে পাস হয়েছে বিলটি। সরকারি দলের সংসদ সদস্যরা বিলের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেন। বিরোধী দলের সংসদ সদস্যরা ভোটদান থেকে বিরত থাকেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নতুন এলএনজি টার্মিনাল স্থাপনসহ ১৫০ কূপ খননের পরিকল্পনা সরকারের

শিল্প খাতে গ্যাস-সংকট মোকাবিলায় নতুন এলএনজি টার্মিনাল স্থাপন এবং ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আকস্মিক বা সাময়িক গ্যাস-সংকটের কারণে শিল্প খাত যাতে বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে, সে জন্য দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন এলএনজি টার্মিন

৭ ঘণ্টা আগে

সেচ কাজে ৫ বছরের মধ্যে ডিজেলের বদলে সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ

৭ ঘণ্টা আগে

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ কর্মকর্তা

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

১০ ঘণ্টা আগে

শুক্রবার থেকে বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।

১০ ঘণ্টা আগে
Advertisement