
টিম রাজনীতি ডটকম


সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) এগিয়ে আছেন বিএনপির প্রার্থী মো. নাছির চৌধুরী। তাকে অভিনন্দন জানিয়েছেন ওই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে শিশির মনির লিখেছেন, ‘আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।’
গণভোটে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে ‘হ্যাঁ’ ভোট। মোট গণনা অনুযায়ী ১৭ হাজার ৭১২ ভোট পেয়ে ৭৫.১ শতাংশ নিয়ে শীর্ষে রয়েছে ‘হ্যাঁ’, অন্যদিকে ‘না’ ভোট পেয়েছে ৫ হাজার ৮৮৫টি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনা, এরই মধ্যে প্রাথমিকভাবে সারা দেশের বিভিন্ন আসনের বেশ কিছু কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফলাফলে দেখা যায়, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দীনের চেয়ে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন। এ আসনের মোট ১১৭টি কেন্দ্রের ফলাফলে হাসনাত পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ভোট আর জসিম উদ্দীন পেয়েছেন ২৬ হাজার ভোট।
এদিকে ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৬২টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ৭২ হাজার ৫৪৭ ভোট পেয়ে এগিয়ে আছেন ধানের শীষের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৪৪ হাজার ৪০২ ভোট। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. খাদেমুল ইসলাম পেয়েছে ১ হাজার ৩টি। এ আসনে মির্জা ফখরুল জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ‘উৎসবমুখর’ করতে সহযোগিতা করায় দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে নির্বাচন কমিশন।
ভোট সুষ্ঠু হওয়ায় শুক্রবার বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধও জানিয়েছে কমিশন।
বৃহস্পতিবার ভোটের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন বলছে, “গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে সার্বিক সহযোগিতা করায় বাংলাদেশ নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী, ভোটারসহ দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”
এর আগেই একইভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দীন। এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ফেসবুক লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দেন জসিম।
এ আসনে বিএনপি প্রার্থী করেছিল মঞ্জুরুল আহসান মুন্সীকে। খেলাপি ঋণ থাকায় তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। পরে আদালাতে গিয়েও প্রার্থিতা ফিরে পাননি তিনি৷
ভোটের দুদিন আগে এ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ট্রাক প্রতীকের জসিম উদ্দীনকে সমর্থন দেন মঞ্জুরুল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় গোটা জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম ও নির্বাচনসংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের পেশাদারিত্ব— সবকিছুর সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের ভোট গ্রহণ শেষে দেওয়া এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিকেল ৫টার কিছু পরে বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী ও ভোট গ্রহণে সম্পৃক্ত সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি বিশেষ ধন্যবাদ জানাই। তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এই বিশাল গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।’
জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানাই— চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এ ভোটের মাধ্যমে নতুন যাত্রার প্রত্যয় জানান অধ্যাপক ইউনূস। বলেন, বাংলাদেশ আজ আবারও প্রমাণ করেছে— জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা সম্মিলিতভাবে একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাব। এই নির্বাচন আমাদের জন্য মহা আনন্দের ও উৎসবের। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রা শুরু হলো।
সবাই মিলে কাজ করার আহ্বান জানিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল। এ ধারা ধরে রাখা সম্ভব হলে আমাদের গণতন্ত্র উৎকর্ষের শিখরে যাবে। আসুন, গণতন্ত্রকে শক্তিশালী করার এই অভিযাত্রায় আমরা একসঙ্গে কাজ করি।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটে দুপুরের পর থেকে সারা দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ওপর হামলা ও ভোটকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এসব তুলেছে দলটি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনীরা শারমীন এ অভিযোগ করেন।
মনীরা শারমীন বলেন, দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ সন্তোষজনক ছিল। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসতে শুরু করে। বিভিন্ন কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। দুপুরের পর থেকে আমাদের নেতাকর্মী ও কেন্দ্র পরিদর্শকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
একটি নির্দিষ্ট দলের কর্মীদের ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করতে দেখা গেছে অভিযোগ করে এনসিপির এই নেতা বলেন, এ আসনে ধানের শীষের পোলিং এজেন্টরা দলীয় কার্ড ঝুলিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করে প্রভাব বিস্তার করেছে। ঘটনাটি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ঘটেছে।
ঢাকা-৮ আসনে এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীর ওপর স্থানীয় বিএনপির কর্মীদের হামলার অভিযোগও তুলে ধরেন মনীরা। বলেন, ওই আসনের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে কেন্দ্রে এনসিপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দিয়েছে বিএনপির কর্মীরা। একই প্রভাব বিস্তার আমরা ঢাকা-৯ আসনেও লক্ষ্য করেছি।
তিনি আরও বলেন, ঢাকা-১৮ আসনে ধানের শীষের পোলিং এজেন্টরা দলীয় কার্ড ঝুলিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করে প্রভাব বিস্তার করেছে। ঘটনাটি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ঘটেছে।
ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই রেজাল্ট শিটে পোলিং এজেন্টদের সই নিয়ে প্রত্যাহার হয়েছেন একজন প্রিজাইডিং অফিসার। অভিযুক্ত ওই প্রিজাইডিং অফিসার জানিয়েছেন, ভুল করে তিনি এ কাজ করেছিলেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) আসনের উত্তর সাতকানিয়ার আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে অবস্থিত ভোটকেন্দ্রটি থেকে প্রত্যাহার হওয়া প্রিজাইডিং অফিসারের নাম মো. ফরিদুল আলম।
সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান জানান, নিয়ম অনুযায়ী ভোট শেষে ফলাফল তৈরি ও প্রকাশের পর রেজাল্ট শিটে পোলিং এজেন্টদের সই নিতে হয়। ওই প্রিজাইডিং কর্মকর্তা আগেই সই নেওয়ায় তাতে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে জান চাইলে প্রিজাইডিং অফিসার মো. ফরিদুল আলম বলেন, ভুল করে আগেই সই নেওয়া হয়েছে। ইচ্ছে করে এ কাজ করিনি।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল— ভোট হবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে, রমজানের আগেই। তাতে যেন ঠিক ভরসা রাখতে পারছিল না রাজনৈতিক দলগুলো। এমনকি নির্বাচনের তফসিল ঘোষণার পরও যেন ভোট ঘিরে রয়েছিল অনিশ্চয়তা।
ভোটে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র সংগ্রহ, মনোনয়নপত্র জমা, প্রার্থী বাছাই, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রতীক বরাদ্দ শেষে ভোটের প্রচারের সময়েও পিছু ছাড়েনি সেই অনিশ্চয়তা। নির্বাচন কমিশনের কর্মকর্তা থেকে শুরু করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং এমনকি প্রধান উপদেষ্টাকে পর্যন্ত বারবার বলতে হয়েছে, ১২ ফেব্রুয়ারিই ভোট হবে।
সব অনিশ্চয়তাকে উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত শেষ হলো সেই ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের ভোট গ্রহণ। এখন ভোট গণনার অপেক্ষা, অপেক্ষা জনরায়ে কারা জনপ্রতিনিধি নির্বাচিত হলো তা জানার।
এ দিন সকাল থেকেই সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট চলেছে। সকালের শুরুতে রাজধানী ঢাকায় ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভোটারদের আনাগোনা। ঢাকার বাইরে ভোট গ্রহণের শুরু থেকেই ছিল ভোটারদের চাপ।
দুপুর ১২টা পর্যন্ত সময়ের তথ্য নিয়ে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছিল, ভোটের হার প্রায় ৩৩ শতাংশ। পরে ইসি সচিব জানান, ভোটের হার ৭০ শতাংশ পর্যন্ত ছাড়িয়ে যাওয়ার প্রবণতার তথ্য তারা পেয়েছেন।
এদিকে রাজধানী ঢাকার কিছু জায়গাসহ দেশের বিভিন্ন স্থানে ভোটে প্রভাব বিস্তার, জালিয়াতির চেষ্টা ও সংঘাত-সংঘর্ষের বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশেই শেষ হয়েছে ভোট। ইসি সচিব জানিয়েছেন, ভোট বন্ধ রাখা বা স্থগিত করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এ ছাড়া সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশেই ভোট শেষ হয়েছে।
রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও নির্বাচনে অনিয়ম-বিশৃঙ্খলা নিয়ে বড় ধরনের অভিযোগ আসেনি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দেওয়ার পর রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। তিনি দলের জয়লাভ ও সরকার গঠনের বিষয়ে শতভাগ আশাবাদী।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও ভোট নিয়ে বড় অভিযোগ তোলেননি। পরে অবশ্য বিকেলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনে গিয়ে ‘বিশৃঙ্খল পরিবেশে’র কারণে তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে বোট স্থগিত চাওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও ভোট দিয়ে রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ভোটারদের ভোট দেওয়ার জন্য অভিনন্দন জানান। তখন পর্যন্ত যারা ভোট দেননি, তাদেরও ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। ভোট দেওয়ার মাধ্যমে দেশের মালিকানা বুঝে নিতেও তিনি আহ্বান জানান ভোটারদের প্রতি।

গোপালগঞ্জ সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে ভোট চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জ সদরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন— আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার ও জামাল হোসেন এবং পৌরসভার আরামবাগ এলাকার আসশাফ আলির ১৪ বছর বয়সী মেয়ে আমেনা খানম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ওই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। এ সময় আচমকা দুর্বৃত্তরা কেন্দ্রের বাইরে খালের ওপার থেকে ককটেল নিক্ষেপ করে। এতে দুই আনসারসহ এক কিশোরী আহত হয়।
কিশোরী আমেনা ভোট দিতে যাওয়া তার পরিবারের সদস্যদের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়েছিল। ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন তাদের তিনজনকে দ্রুতি স্থানীয় ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় ভোটকেন্দ্রের মূল ফটক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুতই ভোট গ্রহণ স্বাভাবিক হয়ে ওঠে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটের দিনটিকে দেশের ১৩ কোটি ভোটারের জন্য একটি স্মরণীয় দিন হিসেবে অভিহিত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে এ নির্বাচনে বিএনপির জয়ের বিষয়েও আশাবাদ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজে সপরিবার গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে ভোট দেওয়ার পর কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন তারেক রহমান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে তারেক রহমান বলেন, ‘আলহামদুলিল্লাহ, আশাবাদী জয়ের ব্যাপারে। এতুটুকু আসন প্রত্যাশা করছি, যেটা দিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব।’
ভোটের পরিবেশ নিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমি যতটুকু দেখেছি, মানুষ উৎসাহ দিয়ে ভোট প্রদান করছেন। ১৭ বছর ধরে মানুষ বঞ্চিত ছিল। ১৩ কোটি ভোটারের জন্য এটি একটি স্মরণীয় দিন। লঞ্চ-স্টিমারে করে মানুষ দেশে গেছে। সেই উৎসাহের প্রতিফলন দেখব আশা করি।’
জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে গণতন্ত্রের সূচনা হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। এ সময় বুধবার রাত থেকে গণমাধ্যমে অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখার কথা উল্লেখ করে তিনি বলেন, একটি রাজনৈতিক দল অপ্রত্যাশিত ঘটনা ঘটাচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে চেষ্টা করছে জানিয়ে এ চেষ্টা অব্যাহত থাকার প্রত্যাশার কথাও জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মানুষ ঘর থেকে বেরিয়ে ভোটাধিকার প্রয়োগ করলে সব ষড়যন্ত্র প্রতিহত করা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
পরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন। যারা এরই মধ্যে ভোট দিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ।’
বাকিদেরও ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আর যারা এখনো ভোট দেননি, অনুরোধ রইল, সময়ের মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। আপনার একটি সচেতন ও দায়িত্বশীল ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আসুন, সবাই মিলে একসাথে দেশ গড়ি, ইনশাআল্লাহ।’
ঢাকা-৮ সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাহানপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নাসীরুদ্দীন ঢুকতে গেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী ওই কেন্দ্রে ঢুকতে গেলে তাকে ঘিরে বেশ কয়েকজন মিলে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। তারা এ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের অনুসারী নেতাকর্মী বলে অভিযোগ করেছেন পাটওয়ারী ও তার অনুসারীরা।
নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে এ উত্তেজনা চলে ১০ থেকে ১৫ মিনিট। পরে সেনাবাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সেনাবাহিনীর পাহারায় গাড়িতে করে এলাকা ছাড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী।

সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময়ের মধ্যে কোথাও কোনো ভোটকেন্দ্র বন্ধ হয়নি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।
ইসি সচিব জানান, সারা দেশে মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই গড় হিসাব পাওয়া গেছে। গ্রামীণ জনপদে ভোটারদের উপস্থিতি শহরাঞ্চলের তুলনায় কিছুটা বেশি দেখা যাচ্ছে।
ভোটের পরিমাণ ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আখতার হোসেন। তিনি বলেন, এখন পর্যন্ত দেশের কোনো প্রান্তেই ভোট স্থগিত করার মতো কিছু হয়নি। সারা দেশে কোনো ভোটকেন্দ্রে ভোট স্থগিত হয়নি। কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন বিশৃঙ্খলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতার কারণে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীকে বেশি ভোট পড়ছে বলে দাবি করেছেন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, ‘শাপলা কলিতে বেশি সিল পড়ার কারণে অনেকে ভয় পাচ্ছে। এ জন্য ভোট থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা তাদের বলব— ৯০ মিনিট খেলায় (ভোটকেন্দ্রে) থাকুন। ভয় পাবেন না, মাথায় হাত দেবেন না।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আলহামদুলিল্লাহ, মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, ঢাকা-৮ আসনে শাপলা কলির ভূমিধস বিজয় হবে।’
তার প্রতি জনসমর্থনকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত শরিফ ওসমান হাদির অবদান বলে উল্লেখ করেন এনসিপির এই নেতা। বলেন, ‘এ বিজয় নাসীরুদ্দীন পাটওয়ারীর নয়, এ বিজয় শহিদ ওসমান হাদি ভাইয়ের। অনেক ভোটার বলেছেন, শহিদ ওসমান হাদি ভাইয়ের ভোটটা আপনাকে দিচ্ছি। তার হত্যার বিচারটা আমাদের করতে হবে।’
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘জালেমদের আমরা বাংলার জমিন থেকে উচ্ছেদ করব। মজলুমদের অধিকার প্রতিষ্ঠা করব। এখানে কোনো নয়-ছয় নেই। যে যত প্রভাবশালীই হোক, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না।’
বিভিন্ন আসনে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, হামলার আশঙ্কা থাকলে প্রশাসনকে জানাতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রশাসন বা সেনাবাহিনীর উপস্থিতিতে কেউ আঘাত করলে পালটা জবাব দেওয়া হবে।
নির্বাচনে সারা দেশেই জামায়াত-এনসিপিসহ ১১-দলীয় জোটের প্রার্থীদের জয়ের বিষয়ে আশাবাদ জানান পাটওয়ারী। বলেন, আমাদের প্রার্থীরা ভালো অবস্থানে আছেন। এ ধারা অব্যাহত থাকলে আমাদের জোট সরকার গঠন করবে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, বাংলাদেশের নাগরিকরা ভোটে অংশগ্রহণে উৎসাহী এবং তারা আশা করছেন এবারের নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্র পরিদর্শনের সময় ইজাবস এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা দেশব্যাপী পর্যবেক্ষণ করছি। আজ দুপুর পর্যন্ত আমরা ভোটকেন্দ্রগুলোতে অনেক ইতিবাচক উৎসাহ এবং অংশগ্রহণ লক্ষ্য করেছি। আশা করি এটি বিকেল পর্যন্ত অব্যাহত থাকবে।’
তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক মিশন সম্পূর্ণ নিরপেক্ষ এবং কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না। তারা কেবল ভোট পর্যবেক্ষণ করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটকে দেশের মালিকানা বুঝে নেওয়ার সঙ্গে তুলনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, আজ এ দেশের মালিকানা বুঝে নেওয়ার দিন। ১৬ বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না। আজ আমাদের সামনে সেই সুযোগ এসেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বাড্ডার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এমন প্রতিক্রিয়া জানান নাহিদ। তিনি ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী।
ভোট দেওয়ার পর উৎসবমুখর পরিবেশে দলে দলে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান নাহিদ। যারা ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদও জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, আমি নীরব ও সুন্দর পরিবেশে ভোট দিলাম। ভোটারদের প্রতি আহবান জানাব, আপনারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করুন। গণভোটে হ্যাঁ দিয়ে সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করুন। ১১ দলের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান।
ভোটে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদও জানান এনসিপি আহ্বায়ক নাহিদ। বলেন, সরকার গঠনের জন্যই আমরা জোটবদ্ধ নির্বাচনে অংশ নিয়েছি। আমরা মনে করি ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে।
জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিলে এবং সাধারণ মানুষ নির্বাচনকে সুষ্ঠু বললে ভোটের ফল মেনে নিতে আপত্তি নেই বলে জানান নাহিদ। বলেন, দেশের মানুষ নির্বাচন সুষ্ঠু বললে, নির্বাচন সুষ্ঠু হলে নির্বাচনের ফলাফল যাই হোক, তা মেনে নেব।
নাহিদ ইসলাম এ সময় সেনাবাহিনী, প্রশাসন, অন্যান্য বাহিনী ও গণমাধ্যমের প্রতি নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনের আহবান জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বারিধারা ডিওএইচএসের স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন তিনি।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, দুয়েকটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় সেল ও পুলিশ সদর দপ্তরের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করেন উপদেষ্টা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, আমরা চাই— বাংলাদেশ এই যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেল, এই ট্রেন ইনশাল্লাহ গন্তব্যস্থলে পৌঁছাবে আপনাদের সবার সহযোগিতায়। আপনারা জানেন, ২০২৬ সালে সারা বিশ্বে সবচেয়ে বড় একটা নির্বাচন দিচ্ছে বাংলাদেশ। এত বড় নির্বাচন আর এ বছরে কোথাও হয় নাই।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রাজধানীর এই কেন্দ্রেই ভোট দিয়েছেন তিনি।
সিইসি বলেন, আমি অত্যন্ত আনন্দিত। আজ গণতান্ত্রায়নের ট্রেনে উঠে গেছি। আমি ওয়াদা করেছিলাম, উৎসবমুখর পরিবেশে (ফেস্টিভ মোড) আমরা একটা ইলেকশন জাতিকে উপহার দেবো। আপনার দেখেছেন, এই কয়দিনে ঈদের দিনের মতো মানুষ ট্রেনে, বাসে, লঞ্চে, গ্রামেগঞ্জে চলে গেছে।

রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের দুর্গাপুর উপজেলায় বিএনপি প্রার্থী (ধানের শীষ) ও স্বতন্ত্র (ফুটবল) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম ভোটকেন্দ্রের সামনে এলে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের সমর্থকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে তা সংঘর্ষে রূপ নেয়। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে।

খুলনার একটি ভোটকেন্দ্রের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা চলাকালীন মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচি মারা গেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে খুলনা সদর আলিয়া মাদরাসা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে, যা নিয়ে বিএনপি ও জামায়াত একে অপরকে দায়ী করছে।
নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। নগরের হাজী মহসিন রোড বাই লেনে তার বাড়ি।

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, বিভিন্ন অজুহাতে তার পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে এই অভিযোগ করেন তিনি।
ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তাসনিম জারা বলেন, বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের প্রবেশ করতে দিচ্ছে না। বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এই কাজ করা হচ্ছে। বলা হচ্ছে, এজেন্টরা এখানকার ভোটার নয়। পোলিং এজেন্ট হতে হলে এখানকার ভোটার হতে হবে। হেনস্তা করা হচ্ছে।
ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র এই প্রার্থী বলেন, কেন্দ্রের ভেতরে মানুষ ভোট দিচ্ছে, কিন্তু আমার পোলিং এজেন্টকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এটা ভোটের সুষ্ঠু প্রক্রিয়া নয়।
কোন কোন কেন্দ্রে পোলিং এজেন্ট প্রবেশ করতে দেওয়া হচ্ছে না— জানতে চাইলে সুনির্দিষ্ট কোনো কেন্দ্রের নাম বলেননি তিনি।

চট্টগ্রামে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মনু মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে কাজীর দেউরি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত মনু মিয়া বাগমনিরাম এলাকার ব্যাটারিগলি এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম-১৪ আসনের ভোটার।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট দিতে সকালেই কেন্দ্রে যান মনু মিয়া। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই হঠাৎ করে তিনি পড়ে যান। পরে স্বজনরা দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার ও কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ এ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

সকাল থেকে ঢাকার কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শনের পর জাপানের পর্যবেক্ষক দল জানিয়েছে, তারা ভোটকেন্দ্রগুলোকে বেশ উৎসবমুখর দেখছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের কেন্দ্র পরিদর্শনের সময় এক পর্যবেক্ষক বলেন, ‘বাংলাদেশের মানুষ উৎসবপ্রিয়। বোঝা যাচ্ছে ভোটও তাদের কাছে একটি উৎসবের মতো।’ তিনি নাম প্রকাশ করতে চাননি।
জাপানের প্রতিনিধি দলটি শুধু ঢাকার ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পর্যবেক্ষক মিশনের নেতৃত্ব দিচ্ছেন রাষ্ট্রদূত ও জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান মাসাতো ওয়াতানাবে।
তিনি পূর্বে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছেন। ভোটকেন্দ্র পর্যবেক্ষণের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে দীর্ঘদিন পর দেশে এসে অনেক পরিবর্তন লক্ষ্য করছেন বলে জানিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। এরই মধ্যে মানবিক এক দৃশ্য চোখে পড়ে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের শলুয়া ভোটকেন্দ্রে।
দীর্ঘ দুই বছর ধরে শয্যাশায়ী শতবর্ষী এক বৃদ্ধা অসুস্থ শরীর নিয়েও ভোট দিতে কেন্দ্রে আসেন। পরিবারের সদস্যরা ভ্যানে করে তাকে কেন্দ্রে নিয়ে আসেন। পরে পুত্রবধূর কোলে ভর করে তিনি বুথে প্রবেশ করেন এবং পোলিং কর্মকর্তাদের সহযোগিতায় নিজের ভোট প্রদান করেন।
ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘আমার খুব ইচ্ছা ছিল ভোট দেবো। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের দিনকে নতুন বাংলাদেশের জন্মদিন হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘আজ মহা আনন্দের দিন। আজ নতুন বাংলাদেশের জন্মদিন। দিনব্যাপী আমরা এই জন্মদিন পালন করব।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এ প্রতিক্রিয়া জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ভোট দিয়ে আজ যে প্রক্রিয়া শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, আমরা তা সম্পূর্ণরূপে বর্জন করলাম।
তিনি বলেন, আজ থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ তৈরি করার সুযোগ পেলাম। আজ জন্মদিন পালন করি আমরা, সারা দিনব্যাপী উৎসব করি। জাতির সবাই মিলে উৎসব করি।
জাতীয় নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের গণভোট নিয়েও কথা বলেন অধ্যাপক ইউনূস। বলেন, এটি আরও নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটাও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেওয়ার জন্য, যেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।
ভোট দেওয়ার অনুভূতি জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, খুব ভালো লাগল। আমার জীবনে মহা আনন্দের দিন। বাংলাদেশের সবার জন্য মহা আনন্দের দিন। আজ মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান। নতুন স্বপ্ন শুরু। সেটাই আমাদের আজকের এই প্রক্রিয়া।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দিনকে একটি ‘বড়’ দিন বলে অভিহিত করেছেন করেছেন ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস।
তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি বড় দিন। আমরা সবাই সবার অংশগ্রহণের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে আছি।
বৃহস্পতিবার সকালে ভোট গ্রহণ শুরুর আগেই রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করে এমন প্রতিক্রিয়া জানান তিনি।
ইভার্স ইজাবস বলেন, এখানে (সিদ্ধেশ্বরী গার্লস কলেজ) যথাসময়ে কেন্দ্র উন্মুক্ত হয়েছে। শুধু এই কেন্দ্র নয়, আমরা সারদেশের বিভিন্ন কেন্দ্রগুলোও নিবিঢ়ভাবে পর্যবেক্ষণ করছি।

নিজে ভোট দিয়ে ভোট উৎসবমুখর হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার সকালে দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট দিয়ে বের হয়ে হাসনাত বলেন, ভোটে ভয়ের কিছু নেই, ভোট হবে উৎসবের। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। যার যাকে ইচ্ছা তাকেই ভোট দেবে। দেবিদ্বারে আমরা সামাজিক সৌহার্দ্য বজায় রাখব।
ভোট নিয়ে অনিয়মের কোনো অভিযোগ পাননি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, এখন পর্যন্ত কোনো কেন্দ্র থেকে কোনো প্রক্রিয়াগত জটিলতার কথা আমার কাছে আসেনি। আমরা যেকোনো ধরনের শঙ্কা ও সহিংসতা মুক্ত থাকতে চাই।
হাসনাত আরও বলেন, গত দুদিন জুলাই আন্দোলনে হামলাকারীরাই ভোটারদের ভয় দেখানোসহ ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে। উৎসবমুখর পরিবেশ না থাকে তারা সে চেষ্টা করেছে। আশা করছি যতই বেলা গড়াবে আমরা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের গণভোটে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টার দিকে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকায় অবস্থিত গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে ভোট দেন তিনি।

সবাইকে যার যার পছন্দমতো প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ জানাচ্ছি। যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন। নিজের পছন্দ অনুযায়ী ভোট দিন, নিজের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।
সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। বিএনপির সংসদ সদস্য প্রার্থীরা বিজয়ী হলে তাদের কর্মকাণ্ডের দায়িত্ব গ্রহণ করবেন বলেও জানান তিনি।
তারেক রহমান বলেন, আজ আপনারা সবাই ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন এবং নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব অর্পণ করুন। কাল থেকে আপনাদের সংসদ সদস্যরাই আপনাদের দায়িত্ব নেবেন এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন, ইনশাআল্লাহ। ধানের শীষের বিজয়ী প্রতিটি প্রার্থী যেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করার দায়িত্ব আমি নেব।
সবাই মিলে বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে বিএনপি চেয়ারম্যান আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত। আসুন, আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। নিশ্চিত করি জনগণের অধিকার ও স্বাধীনতা, রক্ষা করি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা। করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের এক নতুন অধ্যায় সূচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষা আর চড়াই-উৎরাই পেরিয়ে শুরু হওয়া এ নির্বাচনই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে।
বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মির্জা ফখরুল। পরে কেন্দ্রের বাইরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রত্যাশার কথা জানান।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা আজ শুরু হলো, আমরা আশা করি আগামী দিনে এই পথ মসৃণ হবে। মানুষের জীবন, রাজনীতি ও অর্থনীতি সুন্দরের দিকে এগিয়ে যাবে এটাই আমাদের লক্ষ্য।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্র পরিদর্শন করেছেন কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ ই নানা আকুফো-আডো। এ সময় তিনি বলেন, যতদূর দেখেছি, সবকিছু মসৃণভাবে চলছে। আশা করি দিনভর এই ধারাবাহিকতা বজায় থাকবে।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকেই কমনওয়েলথের পর্যবেক্ষক দল ওই কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
২৩ সদস্যের কমনওয়েলথ অবজারভার গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আডো। প্রতিনিধি দলটি দিনভর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে বলে জানান তারা।


পূর্বঘোষিত সকাল সাড়ে ৮টাতেই সারা দেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। রাজনীতি ডটকমের প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্য বলছে, সকালে রাজধানী ঢাকার ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে কম রয়েছে। তবে ঢাকার বাইরে সকাল থেকেই রয়েছে ভোটারদের সারি।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে দুয়েকজন করে ভোটার আসছেন, ভোট দিয়ে চলে যাচ্ছেন। একই চিত্র দেখা গেছে খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রেও। তুলনামূলকভাবে ভোটারদের বেশি উপস্থিতি দেখা গেছে মিরপুর ও উত্তরার দিকে।
ভোটার ও ভোট গ্রহণের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলছেন, সবসময়ই রাজধানীতে ভোটারদের উপস্থিতি সকালের দিকে কম থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারদের চাপ। ছুটির দিনে সবাই ধীরেসুস্থেই যাবেন ভোটকেন্দ্রে।
তবে জেলা-উপজেলাগুলোতে সকাল থেকেই ভোটারদের সারি দেখা গেছে ভোটকেন্দ্রগুলোর সামনে। নারী ও পুরুষদের পৃথক পৃথক দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে সকাল থেকেই।
রাজশাহী সদরের বিভিন্ন কেন্দ্রেও দেখা গেছে একই চিত্র। ভোট গ্রহণের সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানালেন, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। নির্বিঘ্নে চলছে ভোট গ্রহণ।
রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (বালক শাখা) কেন্দ্রে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ওই কেন্দ্রে ভোট দেন জামায়াত আমির। এর মিনিট দশেক আগে তিনি কেন্দ্রে প্রবেশ করেন।

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের দেড় বছরের মাথায় এলো জাতীয় সংসদ নির্বাচন। একই সঙ্গে এসেছে রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের গণভোটও।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে এ ভোট শুরু হয়েছে। শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় এ আসনে ভোট স্থগিত করা হয়েছে।
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে রাজনীতি ডটকমের প্রতিবেদকরা ও দেশের বিভিন্ন এলাকা থেকে রাজনীতি ডটকমের প্রতিনিধিরা জানিয়েছেন, সকাল ৭টা থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে ভোটাররা জড়ো হতে থাকেন। সাড়ে ৭টায় শুরু হয় ভোট গ্রহণ।
