বিদ্যুতের দাম বাড়ল প্রায় ২০ শতাংশ, কার্যকর জুন থেকে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ জুন ২০২৬, ১৬: ১৮
বিএনপি সরকার ক্ষমতায় এসে দুই বছর পর্যন্ত বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা দিলেও সে সিদ্ধান্ত থেকে সরে আসতে হচ্ছে। ছবি: সংগৃহীত

বিদ্যুতের নতুন পাইকারি ও খুচরা মূল্যহার ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পাইকারি পর্যায়ে দাম বেড়েছে ১৯ দশমিক ৮৫ শতাংশ হারে। আর গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন এ দাম জুন থেকেই কার্যকর হচ্ছে।

আজ বুধবার (৩ জুন) রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে কমিশনের শুনানি কক্ষে এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করা হয়। বলা হয়, বিভিন্ন ধাপের (স্লাব) গ্রাহকদের মধ্যে সবচেয়ে কম ১৫ শতাংশ ও সর্বোচ্চ ১৯ দশমিক ৯৪ শতাংশ দাম বাড়ানো হয়েছে এবার।

বিইআরসি সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারিতে বর্তমান দাম ৭ টাকা থেকে বাড়িয়ে গড় দাম ৮ টাকা ৩৯ পয়সা করা হয়েছে। আর খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে হয়েছে ১০ টাকা ৬৩ পয়সা।

অন্যদিকে সঞ্চালন খরচ (গড়) ইউনিটপ্রতি ৩১ পয়সা থেকে বাড়িয়ে প্রায় ৩৯ পয়সা করা হয়েছে। এর আগে বিদ্যুতের একমাত্র সঞ্চালন কোম্পানি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) প্রতি ইউনিটে যথাক্রমে ৩০ ও ৩১ পয়সা থেকে বাড়িয়ে ৪৮ ও ৪৯ পয়সা করার আবেদন করেছিল।

তাড়াহুড়া করে মূল্যবৃদ্ধি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, কোনো চাপ ছিল না। বাজেট মাথায় রেখে দ্রুত করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দাম বাড়ানোর ফলে মানুষের ব্যয় বাড়বে, তবে অর্থনৈতিক মূল্যায়ন করা হয়নি। এটা করার সুযোগ আছে।

সরকারি-বেসরকারি সব বিদ্যুৎকেন্দ্র থেকে চুক্তি অনুসারে নির্ধারিত দামে বিদ্যুৎ কিনে নেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এরপর তারা উৎপাদন খরচের চেয়ে কিছুটা কমে সরকার নির্ধারিত পাইকারি দামে ছয়টি বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে বিক্রি করে। ঘাটতি মেটাতে পিডিবি সরকারের কাছ থেকে ভর্তুকি নেয়, তবে বিতরণ সংস্থাগুলো কোনো ভর্তুকি পায় না। তারা খুচরা দামে ভোক্তার কাছে বিদ্যুৎ বিক্রি করে কোম্পানি চালায়।

এর আগে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিটে ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। পিডিবি প্রতি ইউনিটে ৮৫ পয়সা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ১ টাকা ৭৭ পয়সা, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ১ টাকা ৫৪ পয়সা, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ১ টাকা ৯৮ পয়সা, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ১ টাকা ৩৯ পয়সা এবং নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্যবৃদ্ধির আবেদন করে।

মূল্যবৃদ্ধির আবেদনে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুতের সম্ভাব্য উৎপাদন খরচ পড়বে প্রায় ১ লাখ ৪৩ হাজার ১০৮ কোটি টাকা। প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে ১২ দশমিক ৯১ টাকার মতো। পরে গত ২০ ও ২১ মে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে গণশুনানি করে বিইআরসি। সংস্থাটির কারিগরি কমিটি গড়ে প্রতি ইউনিটে ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল।

সবশেষ ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম সাড়ে ৮ শতাংশ বাড়ানো হয়। একই সঙ্গে পাইকারি দর ৬ টাকা ৭০ পয়সা থেকে ৫ শতাংশ বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়।

এ বছর ফেব্রুয়ারিতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দুই বছর পর্যন্ত বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছিল। এর বদলে সিস্টেম লস বা চুরি কমিয়ে বিদ্যুতের লোকসান কমানোর কথা বলেছিলেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে সে সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার।

বিদ্যুৎ বিভাগের একটি সূত্র বলছে, গত অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকির পরিমাণ ছিল প্রায় ৪০ হাজার কোটি টাকা। এবার বিদ্যুৎ বিভাগ আরও ২০ হাজার কোটি টাকা অতিরিক্ত ভর্তুকি দাবি করেছে। এতো বিপুল পরিমাণ ভর্তুকির বোঝা কমাতেই বিদ্যুতের দাম না কমানোর ঘোষণা দিয়েও সে সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে।

ভর্তুকি বাড়ছে বিদ্যুতে

বিদ্যুতের দাম বাড়ানোর পেছনে মূলত কাজ করছে বড় অঙ্কের ভর্তুকি। পিডিবি কর্মকর্তারা জানান, আদানির কাছ থেকে প্রতি ইউনিট ১৪ দশমিক ৮৬ টাকা, আরপিজিসিএল থেকে ২৬ দশমিক ৯২ টাকা, আরএনপিএল থেকে ১৫ দশমিক ৭ টাকা, আশুগঞ্জ থেকে ৬ দশমিক ২৬ টাকা, ইজিসিবি থেকে ৬ দশমিক ৩৭ টাকা এনডাব্লুউপিসিসিএল থেকে ১১ দশমিক ২২ টাকা ও পায়রা থেকে ১৪ দশমিক ২৭ টাকা দরে প্রতি ইউনিট বিদ্যুৎ কেনা হচ্ছে। এর বাইরে পিডিবির নিজস্ব বিদ্যুতের দাম পড়ছে প্রতি ইউনিট ৮ দশমিক ৯৬ টাকা।

পিডিবির হিসাব বলছে, সব মিলিয়ে বিদ্যুৎ কিনে সরবরাহ করতে প্রতি ইউনিটে পিডিবির খরচ পড়ে গড়ে ১২ দশমিক ৯৭ টাকা। কিন্তু পিডিবি প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি করে ৭ টাকায়। এতে প্রতি ইউনিটে তাদের লোকসান প্রায় ৬ টাকা। স্বাভাবিকভাবেই এ টাকা ভর্তুকি দিতে হয় সরকারকে।

পিডিবি জানায়, গত বছর তাদের লোকসান ছিল ৫৫ হাজার কোটি টাকা। এর বিপরীতে অন্তর্বর্তী সরকার ভর্তুকি দিয়েছিল ৩৮ হাজার ৬৩৭ কোটি টাকা। বাকি ১৭ হাজার ২১ কোটি টাকা এক বছরের লোকসান জমা পড়ে পিডিবির ঘাড়ে। সব মিলিয়ে পিডিবির বর্তমান লোকসান জমে আছে ৪৪ হাজার কোটি টাকা।

পিডিবি আরও জানায়, ২০২১-২০২২ সালে বিদ্যুৎ খাতে ভর্তুকি চাওয়া হয়েছিল ৩১ হাজার ১৪৮ দশমিক ৩৪ কোটি টাকা, দেওয়া হয় ২৯ হাজার ৬০৯ দশমিক ১৪ কোটি টাকা। পরের অর্থবছরে ভর্তুকির চাহিদা ছিল ৪৩ হাজার ৫৯১ কোটি টাকা, দেওয়া হয় ৩৮ হাজার ৫৫০ কোটি টাকা। ২০২৩-২০২৪ অর্থবছরে ভর্তুকির চাহিদা ছিল ৪০ হাজার ২৭৩ কোটি টাকা, দেওয়া হয় ৩৩ হাজার কোটি টাকা।

এরপর ২০২৪-২০২৫ সালে ভতুর্কির চাহিদা ছিল ৪৩ হাজার ১৭০ কোটি টাকা, দেওয়া হয় ৩৮ হাজার ৬৩৬ কোটি টাকা। চলতি বছরে ভর্তুকির চাহিদা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৩৬ হাজার ৪৬১ কোটি টাকা। এখন পর্যন্ত অর্থ মন্ত্রণালয় ভর্তুকি দিয়েছে ২০ হাজার ২৯৮ কোটি টাকা।

পিডিবি বলছে, চলতি বছর লোকসান আরও বাড়বে। কারণ রূপপুর পরমাণু বিদ্যুৎ, রূপসা ৮০০ মেগাওয়াট, ইউনাইটেড ৪৯০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসবে। তাদের ক্যাপাসিটি চার্জসহ অন্যান্য খরচ দিতে হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাবেক সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ আর নেই

বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে তিনি

৩ ঘণ্টা আগে

মায়ের মরদেহে পচন: যুগ্মসচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা মন্ত্রণালয়ের

যুগ্মসচিবের মায়ের মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয়ের পদক্ষেপ জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘তাকে (আনিসুর রহমান) গতকাল রাতে ফোনে পাওয়া যায়নি। এখন তার সঙ্গে কথা বলে আগে নিশ্চিত হতে হবে যে বিষয়টি তার মাকে কেন্দ্র করেই কি না। আমরা সেটি দেখছি।’

৪ ঘণ্টা আগে

বিতর্কের মুখে চলচ্চিত্র পুরস্কারের তালিকা সংশোধন, আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম

নানান বিতর্ক ও সমালোচনার মুখে এই সংশোধন এনেছে মন্ত্রণালয়। মঙ্গলবার (২ জুন) প্রকাশিত নতুন প্রজ্ঞাপনে আজীবন সম্মাননা ও সেরা চিত্রনাট্য বিভাগে পরিবর্তন আনা হয়েছে।

৪ ঘণ্টা আগে

দেশের ৪ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের সংক্ষিপ্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

৫ ঘণ্টা আগে