১৩ দিনের ঈদযাত্রায় ৩০৬ প্রাণহানি, শুধু সড়কেই ২৮১

প্রতিবেদক, রাজনীতি ডটকম
২৫ মে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে রডবোঝাই একটি ট্রাক উলটে ১৫ জন নিহত হন। ছবি: সংগৃহীত

ঈদুল আজহার আগে-পরে ১৩ দিনে সারা দেশে সড়ক, রেল ও নৌ পথে ৩২৭টি দুর্ঘটনায় ৩০৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮৬১ জন। এর মধ্যে কেবল সড়কেই ২৯২টি দুর্ঘটনায় ২৮১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮৩৭ জন।

এ ছাড়া এই ১৩ দিনে ১৩টি নৌপথ দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ আহত হয়েছে। আর ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। সড়ক, রেল ও নৌ পথে এসব দুর্ঘটনায় মারা গেছে কোরবানির ২৪টি গরু।

বৃহস্পতিবার (৪ জুন) ঈদযাত্রা সংক্রান্ত দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। গত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং সংগঠনের নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

গত বছরের সঙ্গে তুলনায় দেখা যায়, ২০২৫ সালের ঈদুল আজহার আগে-পরে ১২ দিনে সড়ক, রেল ও নৌ পথে দুর্ঘটনায় ৩১২ জন নিহত হয়েছিলেন। সে সময় প্রতিদিন গড়ে প্রাণহানি ছিল ২৬ জন। এবার গড়ে প্রাণহানি ২৩ দশমিক ৫৩ জনে নেমে এসেছে। তবে সংগঠনটি মনে করে, এই হ্রাসকে পরিবহন ব্যবস্থার উন্নতির সূচক হিসেবে দেখার সুযোগ নেই। কারণ সড়ক পরিবহন ব্যবস্থাপনায় দৃশ্যমান কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি।

এ বছরের প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ৩৪ জন নারী এবং ৪৮ জন শিশু। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ৪৪ দশমিক ১২ শতাংশ। এ ছাড়া ৩৭ জন পথচারী এবং ৩৩ জন চালক ও পরিবহন শ্রমিক নিহত হয়েছেন।

যানবাহনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল আরোহীদের পর সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে থ্রি-হুইলার যাত্রীদের মধ্যে। এ ধরনের দুর্ঘটনায় ৪৮ জন নিহত হয়েছেন। ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ ও ট্রলি সংশ্লিষ্ট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩২ জন। বাসযাত্রী নিহত হয়েছেন ২১ জন।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। মোট ১২৭টি দুর্ঘটনা এ কারণে ঘটেছে, যা মোট দুর্ঘটনার প্রায় ৪৩ শতাংশ। এ ছাড়া ৭৩টি মুখোমুখি সংঘর্ষ, ৪২টি পেছন থেকে ধাক্কা এবং ৩৮টি পথচারীকে চাপা দেওয়ার ঘটনা ঘটেছে।

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, সড়কের ধরন অনুযায়ী সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। এ ধরনের সড়কে ১১২টি দুর্ঘটনা ঘটেছে। জাতীয় মহাসড়কে দুর্ঘটনা ঘটেছে ৯৭টি, গ্রামীণ সড়কে ৪২টি এবং শহরাঞ্চলের সড়কে ৩৭টি।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৯৫টি দুর্ঘটনায় ১০১ জন নিহত হয়েছেন। এরপর রাজশাহী বিভাগে ৫০ জন এবং চট্টগ্রাম বিভাগে ৩৪ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম প্রাণহানি হয়েছে সিলেট বিভাগে, যেখানে ৯টি দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। একক জেলা হিসেবে ফরিদপুরে সবচেয়ে বেশি ১৯টি দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন।

সংগঠনটির প্রতিবেদনে বলা হয়েছে, এবারের ঈদে রাজধানী ঢাকা থেকে এক কোটির বেশি মানুষ গ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছেন। দেশের অভ্যন্তরে মোট প্রায় চার কোটি মানুষ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেছেন। ট্রেন ছাড়া সড়ক ও নৌপথে যাত্রী ভোগান্তি তুলনামূলক কম থাকলেও উত্তরাঞ্চলের মহাসড়কগুলোতে যানজট দেখা গেছে। বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উলটে ১৫ জন শ্রমজীবী মানুষের মৃত্যু এবারের ঈদযাত্রার সবচেয়ে বড় দুর্ঘটনাগুলোর একটি। এ ছাড়া এক্সপ্রেসওয়ে ও মহাসড়কে বিকল যানবাহনের পেছনে ধাক্কা লেগে ১৩টি বড় দুর্ঘটনা ঘটেছে, যাতে উল্লেখযোগ্য প্রাণহানি হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, স্বল্প সময়ে বিপুলসংখ্যক যাত্রী পরিবহনের জন্য দেশে পর্যাপ্ত নিরাপদ ও মানসম্পন্ন গণপরিবহন নেই। ফলে মানুষ ঝুঁকিপূর্ণ যানবাহনে যাতায়াত করতে বাধ্য হয়। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি সমন্বিত পরিবহন পরিকল্পনা গ্রহণের পাশাপাশি রেল ও নৌ পরিবহন সম্প্রসারণ, বিআরটিসির সক্ষমতা বৃদ্ধি এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন জরুরি।

সংগঠনটির মতে, ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, অদক্ষ চালক, দীর্ঘ কর্মঘণ্টা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। এসব সমস্যা সমাধানে প্রাতিষ্ঠানিক সংস্কার, নিরাপদ সড়ক অবকাঠামো নির্মাণ, আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে প্রতিবেদনে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঐতিহাসিক জয় নিয়ে দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। অধিবেশনে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র ভোট দেয়।

৩ ঘণ্টা আগে

দুপুরের মধ্যে চার অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

দুপুর ১টার মধ্যে বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

৩ ঘণ্টা আগে

দিল্লির হোটেলে আগুন: নিহত ২১, আহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি

স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মালব্য নগরের ওই ভবনে ‘লেমন গ্রিন’ নামের একটি রেস্তোরাঁ এবং ‘ফ্লোরিশ স্টে বি’ নামের একটি হোটেল ছিল। বুধবার সকাল ৮টা ৪৮ মিনিটের দিকে সেখানে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় হোটেলের অনেক অতিথি ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্ত

৪ ঘণ্টা আগে

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, কার্যকর ৭ জুন থেকে

বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে। নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত সাড়ে ১০টায়। তবে অতিরিক্ত এই ২০ মিনিট সময়ের মধ্যে নতুন কোনো ট্রেন যুক্ত করা হচ্ছে না।

৫ ঘণ্টা আগে